‘সুযোগ পেলে লেখাপড়ার যে নিয়ম বদলে দিতাম’ — এই বিষয়ে শিক্ষার্থীদের কাছ থেকে লেখা আহ্বান করেছিলাম আমরা। পড়ুন নির্বাচিত লেখাগুলোর মধ্য থেকে একটি।

চার-পাঁচ বছরের একটা শিশু। ওকে আদর করে, স্কুলড্রেস পরিয়ে স্কুলে পাঠানো হলো। মজা করে, খেলায় খেলায় কিছু বাংলা-ইংরেজি বর্ণমালা শেখানো হলো। কদিন পরই বলা হলো, ‘আজ তোমার পরীক্ষা। যা কিছু শিখেছ, তার ওপর।’ একজন শিশু, সে পরীক্ষার কী বোঝে? শুরু হয়ে যায় তার ওপর অমানুষিক চাপ। মেয়ের লেখা সুন্দর নয়, ছেলে অঙ্কে কাঁচা—মা-বাবার কত দুশ্চিন্তা! দেখে ছোট্ট শিশুটিও ভয় পেয়ে যায়।
এখন উপায়? কোচিং করাতে হবে। ছোটো স্যার-ম্যাডামদের কাছে। খোঁজো পাশের বন্ধুর সাফল্যের কারণ। ধীরে ধীরে শিশুটির কাছে পড়াশোনা হয়ে ওঠে বিভীষিকা। পরীক্ষায় কীভাবে ভালো নম্বর পাওয়া যায়, সেটিই হয়ে যায় মুখ্য। শেখার আনন্দটা চাপা পড়ে যায়।
তাই সুযোগ পেলে পড়াশোনার মূল উদ্দেশ্যটাই বদলে দিতে চাই। স্রেফ কর্মমুখী না হয়ে পড়ালেখা যেন চিন্তার খোরাক জোগায়। আর এ জন্য অনেক বেশি মূল্যায়ন নয়, দরকার অনেক বেশি শুভকামনার। শিশু যদি মূল উদ্দেশ্য থেকে বিচ্যুত হয়, তবে তাকে বকাঝকা বা তিরস্কার করে নয়; বরং বুঝিয়ে বলাটাই হবে বুদ্ধিমানের কাজ। তবেই তো সে আত্মবিশ্বাস পাবে, নতুন কিছু জয়ের সাহস পাবে।