সালতামামি ২০২২

সুস্থ অবস্থায়ও পুষ্টিবিদের কাছে কেন এসেছে মানুষ

খাবার নিয়ে সচেতনতা বেড়েছে
ছবি: অধুনা

একটা সময় ছিল যখন অসুখে পড়লেই শুধু নিরুপায় হয়ে পুষ্টিবিদের কাছে আসতেন মানুষ। ২০১৯ সালের পর থেকে এই দৃশ্যপট পাল্টাতে শুরু করে। ২০২২ সালে সেই ব্যাপ্তিটাই আরও বেড়েছে। করোনা মহামারির পর রোগপ্রতিরোধ শব্দটার সঙ্গে প্রায় প্রতিটি মানুষ পরিচিত হয়েছেন। মানুষ বুঝতে পেরেছেন, জীবনে সুস্থ থাকার ভিত হলো সঠিক পুষ্টি। তাই শুধু বেঁচে থাকার জন্য খাওয়া না, খাবার খেতে হবে পুষ্টি বিবেচনা করে।

অভিজ্ঞতা থেকে দেখলাম, একজন সাধারণ মানুষও এখন ব্যালান্স ডায়েট, ইমিউনিটি বা রোগপ্রতিরোধ শব্দগুলোর সঙ্গে পরিচিত হয়েছেন। বছরজুড়েই এবার দেখলাম, কোনো রোগ ছাড়াই সাধারণ মানুষ এসেছেন আমার কাছে। জানতে চেয়েছেন, কীভাবে স্বাস্থ্যসম্মত জীবনযাপন করা যায়। এটা তো গেল সরাসরি রোগীর কথা। গত এক দশকের বেশি প্রথম আলোর ‘অধুনা’য় পুষ্টি বিষয়ে নিয়মিত পরামর্শ দিচ্ছি। ২০২২ সালে আমার কাছে পাঠকের কাছ থেকে আসা বিভিন্ন প্রশ্নের ধরনও ছিল স্বাস্থ্যকর জীবনমুখী। সারা বছর যত প্রশ্ন পেয়েছি, সেগুলো বিশ্লেষণ করলে দেখা যায়, সাধারণ মানুষ সচেতন হয়েছে অনেক। সামাজিক কিছু ভুল ধারণাকে ঝেড়ে ফেলে নিজের ভালো থাকার বিষয়টিকে সামনে নিয়ে এসেছেন তাঁরা। এখন একটা মেয়ে তাঁর পিরিয়ড রেগুলার না হলে অকপট জানতে চান কী খাবে, কিটো ডায়েটের ভুল ও ক্ষতিকর বিষয়ে প্রশ্ন করেন। যত প্রশ্ন পেয়েছি, তার মধ্যে সবচেয়ে বেশি প্রশ্ন এসেছে, কীভাবে সঠিক উপায়ে ডায়েট করে অতিরিক্ত ওজন কমিয়ে পরেও তা ধরে রাখা যায়। অথচ আগে মানুষজন শুধু ওজন কমানোর উপায় জানতে চাইতেন। পরামর্শ চাইতেন না খেয়ে, কম খেয়ে কীভাবে ম্যাজিকের মতো দ্রুত ওজন কমানো যায়। যে ম্যাজিক ডায়েটে শারীরিক ক্ষতি অর্থাৎ চুল পড়া, দুর্বলতা, ক্লান্তিসহ অনেক সমস্যার মুখোমুখি হতে হয়, সেই ডায়েটের প্রতি আগ্রহ কমে এসেছে। বদলে মানুষ এখন জানতে চান, কীভাবে সুস্থ থেকেই স্বাভাবিক ধারায় ওজন কমানো যায়। কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি ছাড়াই ওজন কমানো বা বাড়ানোর উপায় জানতে চান তাঁরা। আরেক ধরনের প্রশ্ন ছিল উচ্চতা বাড়াতে কী খাবেন। কোন বয়সে কোন ধরনের খাবার খেলে উচ্চতা বাড়ানো যায়, সেটা জানতে চেয়েছেন। আগে অনেকে মনে করতেন, প্রাপ্তবয়স্ক (২১-২৫ বছর) হয়ে যাওয়ার পরও উচ্চতা বাড়ানো যায়। সেই ধারণা এখন ভেঙেছে।

ওজন কমানো বা উচ্চতা বাড়ানোর জন্য শুধু ডায়েটই যে একমাত্র উপায় না, পাশাপাশি সঠিক নিয়মে ঘুমানো, নিয়মিত ব্যায়াম বা শারীরিক পরিশ্রম, পরিচ্ছন্নতাও যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা পাঠকদের বোঝাতে পারার তৃপ্তিও আমার আছে। পাঠকদের কাছ থেকে এমন অনেক রোগের ডায়েট পরামর্শের প্রশ্ন পেয়েছি, যেগুলো আগে সাধারণত মানুষ লুকিয়ে রাখত।

আগে মা-বাবা সন্তানের কিছু স্বাস্থ্য সমস্যাকে ছোটবেলায় তেমন গুরুত্ব দিতেন না। ফলে পরবর্তী জীবনে ওই সন্তানের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতো। এখন মা–বাবা সন্তানের সেই সমস্যাগুলো নিয়ে পুষ্টিচিকিৎসা নিতে আসেন। আগে চিকিৎসকের কাছেই পুষ্টি পরামর্শ চাইতেন রোগীরা, এখন সেই ধারায়ও পরিবর্তন এসেছে। শরীরের চাহিদা বুঝে একজন পুষ্টিবিদই যে সঠিক পরামর্শ দিতে পারেন, সেই ধারণা মানুষের মধ্যে বেড়েছে। চিকিৎসকেরাও ডায়েট পরামর্শের জন্য পুষ্টিবিদের কাছে যাওয়ার পরামর্শ দেন।

আশা করি, আগামী বছরগুলোয় এভাবে পুষ্টিকর খাবারের প্রতি মানুষের আগ্রহ বাড়তেই থাকবে।