বিদায় নিচ্ছে ২০২৪। বছরজুড়েই আমাদের তরুণদের অর্জন ছিল নানা অঙ্গনে। তবে সবকিছুকে ছাপিয়ে গেছে জুলাই গণ-অভ্যুত্থানে শিক্ষার্থীদের অর্জন।
‘এ প্রজন্ম অন্তঃসারশূন্য’, ‘মোবাইল ও ইন্টারনেটই এদের নষ্ট করেছে’, ‘এখনকার ছেলেপেলে দেশ ও সমাজ নিয়ে একেবারেই অসচেতন।’ এই প্রজন্মকে নিয়ে কত নেতিবাচক কথাই না হয়েছে। যাঁরা এসব বলতেন, তাদের ভুল নিশ্চয়ই ভেঙেছে। মাঠের কর্মসূচি ও সামাজিক যোগাযোগমাধ্যমে জনসংযোগ; দুই মিলিয়েই জুলাই অভ্যুত্থানের গতিমুখ পাল্টে দিয়েছে প্রযুক্তিসচেতন এ প্রজন্ম। অন্যায়ের বিরুদ্ধে সাধারণ প্রতিবাদী চেতনা তো ছিলই। পাশাপাশি জেন-জিদের প্রতিবাদের ভাষায় ছিল বাঙালিত্ব, মুক্তিযুদ্ধ। এই যেমন জুলাই–জুড়েই তরুণদের মুখে মুখে ফিরেছে নানা সংগ্রামী বাংলা গান—‘কারার ঐ লৌহ–কবাট’, ‘মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম’ ‘মুক্তির মন্দির সোপানতলে’। বিভিন্ন ঘটনার সঙ্গে মুক্তিযুদ্ধের প্রসঙ্গ টেনে উজ্জীবিত হয়েছেন কেউ কেউ। পাবলিকের পাশাপাশি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণও সাধারণ মানুষকে বিস্মিত করেছে।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন বক্তব্যের প্রতিবাদে শেখ মুজিবুর রহমানের ভাষণকেই ব্যবহার করেছেন শিক্ষার্থীরা। জুলাইয়ের শেষ কয়েক দিন ও আগস্টের শুরুর দিকে তরুণদের কল্যাণে ফেসবুক ফিডে ভাসতে থাকে তাঁর বলা, ‘তুমি রিয়্যালিটি মাইনে নাও। এদিক চিন্তাভাবনা না করে নিজের মানুষকে বাঁচাও। কারণ, আমি জানি, বারোটা তোমার বেজে গেছে।’ একদিকে এসবের মাধ্যমে হাসিনার সরকারকে যেমন ট্রল করা হয়েছে, তেমনি পরোক্ষভাবে তাদের বিদায়ঘণ্টাকেও ইঙ্গিত করেছে।
অবশেষে তরুণদের নেতৃত্বেই হয়েছে সরকারের পতন। ক্যাম্পাসে ফিরেছে স্বস্তি।