
রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে চলছে ‘রাইজ অ্যাবাভ অল’ নামে একটি বক্তৃতাবিষয়ক অনুষ্ঠান। তরুণদের অনুপ্রাণিত করতে এ আয়োজনে কথা বলবেন নানা অঙ্গনের মানুষেরা।
ডন সামদানি ফ্যাসিলিটেশন অ্যান্ড কনসালটেন্সির চিফ ইন্সপাইরেশনাল অফিসার গোলাম সামদানি ডনের উপস্থাপনা ও পরিচালনায় অনুষ্ঠিত এ আয়োজনের প্রধান পৃষ্ঠপোষক ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজ। সহযোগী হিসেবে আছে প্রথম আলো ডটকম, ডেইলি স্টার ও চ্যানেল আই।
সকালে প্রথম বক্তা হিসেবে মঞ্চে ওঠেন এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের উপাচার্য রুবানা হক। সময় নষ্ট না করে মানুষের মঙ্গলের জন্য কাজ করার উৎসাহ দিয়ে তরুণদের তিনি বলেন, উত্তম সময় বয়ে যাচ্ছে। তাই সময়ের হাত ধরে হাঁটতে গেলে সময়কে অতিক্রম করতে হবে।
স্কুল বুলিং আসলে কী বা কেমন? পাঁচ মিনিটের ছোট্ট মঞ্চনাটকে সেটির স্পষ্ট ধারণা উপস্থাপন করে স্যার জন উইলসন স্কুলের শিক্ষার্থীরা। নাটকের পর মঞ্চে আসেন স্কুলটির অধ্যাপক সাবরিনা শহীদ। উপস্থিত অভিভাবক ও স্কুলপড়ুয়া শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিস্তারিত বক্তব্য রাখেন বুলিং, এর পেছনে মানসিকতা ও প্রতিকার সম্পর্কে। তিনি বলেন, হার না মেনে আত্মবিশ্বাসী হতে হবে। তাঁর বক্তব্য শেষে শিক্ষার্থীরা ‘নেভার গিভ আপ’ শীর্ষক একটি গান পরিবেশন করে।
নেতৃত্ব প্রসঙ্গে কথা বলেন ইস্টার্ন ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আলী রেজা ইফতেখার। শুরুতেই তিনি বলেন, ‘যে যেই পরিস্থিতি, বয়স ও পেশায় থাকুন না কেন, দুইটা জিনিস থাকতে হবে একেবারে রেললাইনের মতো বাধাহীন। প্রথমত, অনেক বড় একটা স্বপ্ন আর দ্বিতীয়ত, সেটা পূরণ করার সাহস। তা না হলে জীবন অনেক কঠিন হবে।’
এরপর কৃত্রিম বুদ্ধিমত্তার কাছে মানুষের পরাজয় সম্ভব কি না, এ নিয়ে কথা বলেন শেয়ারট্রিপের প্রতিষ্ঠাতা সাদিয়া হক এবং বিল্ডকন কনসালটেন্সিস লিমিটেডের প্রতিষ্ঠাতা মাহতাব উদ্দিন আহমেদ।
বার্জার পেইন্টস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরী তরুণদের সঙ্গে নিজের অভিজ্ঞতা ভাগাভাগি করে নেন। তিনি বলেন, চেষ্টা করলে ইতিবাচক পরিবর্তন আসবেই।
ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ব্যবস্থাপনা পরিচালক শেহজাদ মুনিম, নেস্লে বাংলাদেশ লিমিটেডের বিক্রয় পরিচালক সৈয়দ ইকবাল মাহমুদ হোসেন, অভিনেত্রী নাজিফা তুষি, গ্রামীণফোনের মাই জিপি প্রডাক্টসের প্রধান মোহাম্মদ ইমরানুর রহমান, রবি আজিয়াটা লিমিটেডের চিফ এন্টারপ্রাইজ বিজনেস অফিসার মো. আদিল হোসেন নোবেল, ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিট ডেটা অ্যান্ড অ্যানালিটিকস প্রাইভেট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা জারা মাহবুব, অনলাইন কনটেন্ট নির্মাতা রাকিন আবসার, টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিকসহ অনেকেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বক্তৃতা পর্ব শেষে গান করবেন জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান খান।