দুই মাস আগেই ঢাকার বনানী ১১ নম্বর রোডে চালু হয় গ্লোমেক্স মেকওভার অ্যান্ড অ্যাসথেটিক। গত শুক্রবার সৌন্দর্যচর্চার প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। সৌন্দর্যচর্চার এ প্রতিষ্ঠানে নারী ও পুরুষ উভয়ই সেবা নিতে পারবেন। নারীদের জন্য যেমন রূপবিশেষজ্ঞ আছেন, তেমনি পুরুষদের লেজার ট্রিটমেন্ট করানো জন্যও থাকবেন চিকিৎসক।
গ্লোমেক্স মেকওভার অ্যান্ড অ্যাসথেটিকের অংশীদার তিন নারী—ঊর্মি ঝিনু, ঊর্মিলা শ্রাবন্তী কর ও বিউটি আক্তার। প্রথম আলোকে ঊর্মি ঝিনু বলেন, ‘আমরা দুই মাস আগে চালু করলেও আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়নি। কাকে দিয়ে উদ্বোধন করা যায়, ভাবনায় তা-ও ছিল। এর মধ্যে বাংলাদেশের চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খানকে প্রস্তাব দিই। তিনি আমাদের উদ্যোগের কথা শুনে উদ্বোধনী অনুষ্ঠানের সময় দিতে রাজি হন।’
কেক কাটার আয়োজন শেষে শাকিব খান বলেন, ‘গ্লোমেক্স মেকওভার অ্যান্ড অ্যাসথেটিকের জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা রইল। তিন নারী উদ্যোক্তা এ উদ্যোগের পেছনে আছেন। তাঁদের উদ্যোগ সফলতা পাক।’ শাকিব খানের আসার খবর গণমাধ্যমের কল্যাণে আগেই জেনেছিলেন তাঁর ভক্তরা। এ কারণে তাঁরাও জড়ো হয়েছিলেন।