
২০০৮ সালের আগস্ট মাস। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে জড়ো হয়েছিলেন একদল তরুণ। লক্ষ্য—বন্য প্রাণী ও তাদের আবাসস্থলের সুরক্ষা নিশ্চিত করা। শিক্ষার্থীদের এই উদ্যোগ প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মো. ফরিদ আহসানের বেশ ভালো লেগেছিল। তাঁরই নির্দেশনায় গড়ে ওঠে চিটাগং ইউনিভার্সিটি বার্ড ক্লাব (সিইউবিসি)।
শুরুতে ক্লাবের সদস্য ছিল চার-পাঁচজন। প্রত্যেকেই প্রাণিবিদ্যার শিক্ষার্থী। এখন বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী আছে এ ক্লাবে। ফলে সংগঠনটি পেয়েছে সর্বজনীন রূপ। পাখি চেনানোর উদ্দেশ্য নিয়ে সংগঠনের পথচলা শুরু হলেও এখন তাঁদের কার্যক্রমের পরিধি বেড়েছে। যেমন বন্য প্রাণী চেনা ও জানা, বন্য প্রাণী সংরক্ষণে গণসচেতনতা তৈরি করা, প্রাণী গবেষণায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করা, প্রকৃতির সঙ্গে পরিচিত হওয়া, পরিবেশ ও প্রাণ সম্পর্কে যথাযথ জ্ঞান অর্জন, পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্য বজায় রাখা; সবই এখন সংগঠনের দায়িত্বের মধ্যে পড়ে।
বার্ড ক্লাবের নিয়মিত কার্যক্রমের মধ্যে বার্ডিং (পাখি দেখা) অন্যতম, যা নবীন সদস্যদের হাতে-কলমে শেখানো হয়। এ জন্য সপ্তাহের একটা নির্দিষ্ট দিন ভোরবেলায় আগ্রহী সদস্যদের নিয়ে বের হন ক্লাবের অভিজ্ঞ সদস্যরা। তাঁরা ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে পাখি দেখেন। পাখির ডাক শুনে পরিচয় শনাক্ত করেন। পাখির প্রজাতি কীভাবে শনাক্ত করতে হয়, কোন আবাসস্থলে কোন পাখি ও বন্য প্রাণী বাস করে, তাদের সুরক্ষা কীভাবে নিশ্চিত করা যায়, এমন নানা বিষয়ে চলতে থাকে আলোচনা।
বন্য প্রাণিবিষয়ক প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করা এই ক্লাবের আরেকটি দায়িত্ব। চিটাগং ইউনিভার্সিটি বার্ড ক্লাব যে ক্ষেত্রে অনেকটাই সফল। কদিন আগেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হয়ে গেল পাখিমেলা। এবার ছিল পাখিমেলার ২১তম আসর। ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১০টি দল অংশগ্রহণ করে এ আয়োজনে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বার্ড ক্লাবের সদস্যদের দল ‘ব্লু ন্যাপেড পিট্টা’ ও ‘গ্রিন ম্যাগপাই’ এ বছর নজর কেড়েছে সবার।
মেলায় মোট চারটি ক্যাটাগরিতে প্রতিযোগিতা হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বার্ড ক্লাব অংশ নেয় দুটিতে—আন্তবিশ্ববিদ্যালয় পাখি চেনা ও পাখি দেখা প্রতিযোগিতা। পাখি চেনা প্রতিযোগিতায় প্রতিটি দলকে বিভিন্ন প্রজাতির পাখির ছবি দেখানো হয়। ছবি দেখে পাখি শনাক্ত করেন তাঁরা। ভুল উত্তরের জন্য নম্বর কাটা যায়। আর ‘পাস’ করে দিলে অন্য দল তখন বোনাস হিসেবে সুযোগ নিতে পারে। এই পাখি চেনা প্রতিযোগিতাতেই প্রথম স্থান অর্জন করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ‘ব্লু ন্যাপেড পিট্টা’। বিজয়ী ‘ব্লু ন্যাপেড পিট্টা’ দলের সদস্যরা হলেন নাজমুল হাসান ও সৈয়দা ইশরাত জাহান।
অন্যদিকে পাখি দেখা প্রতিযোগিতায় প্রতিটি বিশ্ববিদ্যালয় থেকে দুটি দল অংশগ্রহণ করে। একেকটি দলে থাকে চারজন শিক্ষার্থী। নিয়ম অনুযায়ী একজন বিচারককে সঙ্গে নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসজুড়ে এক ঘণ্টা হেঁটে হেঁটে পাখি দেখে বা পাখির ডাক শুনে ঠিকঠাক নাম লিখতে হয়। এ প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ‘গ্রিন ম্যাগপাই’।
বার্ড ক্লাব প্রতিষ্ঠার পর থেকে পাখিমেলায় নিয়মিত অংশ নেয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। তবে বিভিন্ন কারণে এবারের আসরকে ব্যতিক্রম বলছেন অংশগ্রহণকারীরা। তাঁদের মতে, পাখিমেলায় আগে এত বিদেশি অতিথি দেখেননি তাঁরা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে এবারই সবচেয়ে বেশি বার্ডার (বার্ডওয়াচারও বলা হয়, অর্থাৎ যাঁরা পাখি দেখেন) উপস্থিত ছিলেন। মিলনায়তন ছিল কানায় কানায় পরিপূর্ণ। এত মানুষের সামনে ভালো কিছু করার একটা চাপ তো ছিলই। সেই চাপ উতরে গেলেন কীভাবে? জবাবে চ্যাম্পিয়ন ‘ব্লু ন্যাপেড পিট্টা’র দলনেতা নাজমুল হাসান বলেন, ‘আমাদের প্রস্তুতি ভালো ছিল। কয়েক দিন আগে থেকেই চর্চা করেছি। তাই চূড়ান্ত প্রতিযোগিতায় বসার পর চাপে থাকলেও প্রশ্ন সহজ মনে হয়েছে।’
চ্যাম্পিয়ন হওয়ার অনুভূতি প্রসঙ্গে বার্ড ক্লাবের প্রধান সমন্বয়ক ও ভেনম রিসার্চ সেন্টারের শিক্ষানবিশ গবেষক মো. আছির উদ্দিন বলেন, ‘সংগঠনের প্রধান সমন্বয়ক হিসেবে আমি খুবই খুশি। ক্লাবের সদস্যরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ন রেখেছে।’
তরুণ প্রজন্মের মধ্যে বন্য প্রাণী ও পাখির প্রতি ভালোবাসা ছড়িয়ে দিতে চান সিইউবিসির সদস্যরা। তাঁরা মনে করেন, পাখিদের সঙ্গে চেনা-জানা হলেই মানুষের মধ্যে পাখি সংরক্ষণের তাগিদ জাগবে।