
২০১৮ সালে মার্কিন পপতারকা নিক জোনাসকে বিয়ে করেন বলিউড ও হলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। আর ২০২২ সালের শুরুতে এসে দেন আরেকটি খুশির খবর। মা–বাবা হয়েছেন তাঁরা। আনুষ্ঠানিকভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে সারোগেসির মাধ্যমে সন্তান জন্মদানের কথা জানান তাঁরা। এরপরই চারদিকে হইহই পড়ে যায়—কেন সারোগেসি? নিজের সন্তানকে নিজের গর্ভে ধারণ না করায় অনেকেই সমালোচনায় মাতেন এই তারকা জুটির।
এত দিন পর এ মাসেই ভোগ ম্যাগাজিনে দেওয়া এক সাক্ষাৎকারে সেসব নিয়ে সবিস্তার কথা বলেছেন প্রিয়াঙ্কা চোপড়া। ভোগে সাক্ষাৎকারের পাশাপাশি মেয়ে মালতি মেরিকে নিয়ে ফটোশুটও করেছেন এই সাবেক বিশ্বসুন্দরী। তবে সেখানেও সতর্কতার সঙ্গে মেয়ের মুখ আড়াল করে রাখেন।
জন্মের পর থেকে এক বছর ধরে সন্তানের বিভিন্ন ছবি প্রকাশ করলেও সেখানে মেয়ের মুখ দেখাননি প্রিয়াঙ্কা বা জোনাস। তবে এবার সেটা আর গোপন রাখা সম্ভব হলো না। প্রকাশ্যে এসেছে প্রিয়াঙ্কা–নিকের মেয়ে মালতি মেরি চোপড়া জোনাসের চেহারা। আর সেটা প্রাকাশ্যে এল মা প্রিয়াঙ্কা চোপড়ার এক ইনস্টাগ্রাম ভিডিওর মাধ্যমে। মেয়েকে নিয়ে ৩০ জানুয়ারি একটি অনুষ্ঠানে হাজির হন প্রিয়াঙ্কা। যেখানে মঞ্চে ছিলেন তাঁর স্বামী নিক জোনাসসহ ‘জোনাস ব্রাদার্স’–এর বাকি দুই ভাইও। এই অনুষ্ঠানে বাবা নিক মঞ্চে থাকলেও মা প্রিয়াঙ্কার কোলে চড়ে সামনের সারিতে বসেছিল মালতি। এই বিশেষ সময়ে ধারণ করা ভিডিওতে মালতিকে দেখা গেছে খুবই আদুরে চেহারায়।
প্রিয়াঙ্কার ভিডিও শেয়ার করার পরই বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশ পায় আরও কয়েকটি ছবি, যেখানে খুবই হাসিখুশি দেখা গেছে মা–মেয়েকে। লেইস দিয়ে গলার নকশা করা সাদা একটি টপের ওপর মালতির পরনে ছিল ক্রিম কালারের একটি শীতের পোশাক। হাফপ্যান্টটিও শীত পোশাকের সঙ্গে মেলানো, যার গলা ও পকেটে চিকন লেইসের বর্ডার দেওয়া। বিম্বালো ব্র্যান্ডের পোশাক এটি। মাথায় একটি ফুলের ব্যান্ড আর পায়ের জুতো জোড়াও ছিল চমৎকার।
নির্দিষ্ট সময়ের আগে জন্ম নেওয়ায় মালতিকে তিন মাস থাকতে হয় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে। এ সময় বেশ একটা ঝড় বয়ে গেছে জোনাস দম্পতির ওপর দিয়ে। সম্প্রতি ভোগে দেওয়া সাক্ষাৎকারে সে কথা টেনে প্রিয়াঙ্কা বলেন, ‘মালতি জন্মানোর সময় অপারেটিং রুমে ছিলাম। সে আমার হাতের তালুর চেয়ে ছোট ছিল। আমি দেখেছি, ইনটেনসিভ কেয়ারের নার্সরা কীভাবে খেয়াল রাখেন, তাঁরা একেকজন মহামানব।’
প্রিয়াঙ্কা বলেন, ‘আমার নানান শারীরিক জটিলতা আছে। আর তাই নিজের সন্তানের জন্ম দিতে আমি সক্ষম ছিলাম না। তাই বাচ্চার ব্যাপারে ভাবনাচিন্তা করতে গেলে সারোগেসির বাইরে আমাদের উপায় ছিল না। আমি নিজেকে সৌভাগ্যবতী মনে করি। কারণ, এ ব্যাপারে আমি সুযোগ পেয়েছিলাম। আর আমি আমার সারোগেটের কাছে কৃতজ্ঞ, তিনি ছয় মাস ধরে আমাদের এই অমূল্য উপহারের খেয়াল রেখেছেন।’
প্রিয়াঙ্কা এই সাক্ষাৎকারে দুঃখের সঙ্গে জানিয়েছিলেন যে মালতি জন্মানোর পর তাঁর বিরুদ্ধে ‘প্রেগনেন্সি আউটসোর্স’ করার অভিযোগ করা হয়। অনেকে এই অভিনেত্রীর বিরুদ্ধে ‘গর্ভ ভাড়া’ দেওয়া আর ‘রেডিমেড বেবি’ আনার অভিযোগ পর্যন্ত এনেছে। তাঁদের উদ্দেশে এই অভিনেত্রী বলেন, ‘মানুষ যখন আমার ব্যাপারে কথা বলে, তখন আমি নিজেকে মানসিকভাবে আরও শক্তিশালী করে তুলি।’