ভবিষ্যতে সম্পদের পাহাড় গড়ার মানসিক চাপের চেয়ে যাঁরা বর্তমানের মানসিক শান্তিকে বেশি গুরুত্ব দিতে চান, তাঁদের জন্য সফট সেভিংয়ের অনেকগুলো তাৎক্ষণিক সুবিধা আছে। জেনে রাখুন এর সুবিধা–অসুবিধাগুলো।

‘কঠোর পরিশ্রম করো, বুঝেশুনে খরচ করো এবং টাকা জমাও। তাহলেই বুড়ো বয়সে রাজার হালে থাকতে পারবে!’—বাপ-দাদারা যুগ যুগ ধরে আমাদের এই আর্থিক মন্ত্রই শিখিয়ে এসেছেন।
কিন্তু মুশকিল হলো, তাঁরা যে সময়ে বেঁচে ছিলেন, আমাদের আজকের পৃথিবীটা তার চেয়ে একেবারে আলাদা!
আজ থেকে কয়েক দশক আগের তুলনায় এখন একটা বাড়ির দাম হাজার গুণ বেড়ে গেছে। সাধারণ চিকিৎসা থেকে শুরু করে নিত্যদিনের বাজারের খরচ এখন আকাশছোঁয়া। ফলে জীবন চালাতে গিয়ে আমাদের অনেকেরই নাভিশ্বাস উঠছে।
আজকের তরুণ প্রজন্ম, যাঁদের আমরা জেন-জি বলি, তাঁরা এই কঠিন বাস্তবতা খুব ভালোভাবেই টের পাচ্ছেন। জীবনযুদ্ধের এই রূপ দেখতে দেখতে তাঁরা এতটাই বিরক্ত যে পুরোনো ওই টাকা জমানোর নীতি তাঁরা আর মানতে রাজি নন।
ভবিষ্যতের জন্য পাগলের মতো টাকা জমানোর চেয়ে তাঁরা সঞ্চয়ের চাপ কিছুটা কমিয়ে বর্তমান জীবনের আনন্দ, নতুন অভিজ্ঞতা ও মানসিক প্রশান্তির পেছনেই বেশি খরচ করতে চাইছেন।
হ্যাঁ, পৃথিবী বদলেছে। এর সঙ্গে তাল মিলিয়ে আমাদের জীবনযাত্রাও পাল্টাচ্ছে। কিন্তু তার মানে কি এই যে টাকা জমানোর সেই পুরোনো ও ভালো অভ্যাসগুলো পুরোপুরি বাদ দিতে হবে?
এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের আগে বুঝতে হবে ‘সফট সেভিং’ কী। এটি হয়তো আপনার টাকা জমানো ও খরচের পুরোনো হিসাবটাই পাল্টে দেবে!
সহজ কথায়, ভবিষ্যতের কোনো বড় স্বপ্নের জন্য অনেক কষ্টে টাকা জমিয়ে না রেখে বর্তমান জীবনের মানোন্নয়নের জন্য কিছু খরচ করা। তবে এর মানে এই নয় যে আপনি ভবিষ্যতের জন্য একদমই টাকা জমাবেন না, বরং এটি বর্তমানের আনন্দগুলো উপভোগ করা এবং আজ একটু ভালো থাকার একটা চমৎকার সুযোগ করে দেয়।
ধরুন, আপনার প্রভিডেন্ট ফান্ডে ঠিক ততটুকুই টাকা জমছে, যতটুকু জমালে ভবিষ্যতে মোটামুটি ভালোভাবে চলতে পারবেন। বেতনের একটা বড় অংশ ভবিষ্যতের জন্য আটকে না রেখে, আপনি বরং বেঁচে যাওয়া টাকা দিয়ে আজই হয়তো ঘরে একটা এসি কিনলেন।
অথবা প্রশান্তির জন্য দেশের বাইরে থেকে একটু ঘুরে এলেন। আপনি যদি আয়ের সর্বোচ্চ অংশটাই সঞ্চয় করতে চান, তাহলে এই মুহূর্তের আনন্দগুলো হয়তো আপনার আর পাওয়াই হবে না।
ব্যাপারটা যে একেবারে নতুন, তা কিন্তু নয়। অনেক আগে থেকেই কিছু মানুষ বর্তমানের স্বাচ্ছন্দ্য ও ভবিষ্যতের নিরাপত্তার মধ্যে একটা ভারসাম্য বজায় রাখার চেষ্টা করেছেন।
তবে ২০২৩ সালের দিকে জেন-জি এই পুরো বিষয়টা বোঝাতে সফট সেভিং শব্দটার ব্যবহার শুরু করে।
এটি মূলত নব্বইয়ের দশকের সেই ‘ফায়ার’ বা ‘ফিন্যান্সিয়াল ইনডিপেনডেন্স, রিটায়ার আর্লি’ পদ্ধতির ঠিক উল্টো। এই পদ্ধতির মানে ‘আর্থিক স্বাধীনতা ও দ্রুত অবসর’। ফায়ার পদ্ধতিতে মানুষ বর্তমান জীবনে চরম কষ্ট করে হলেও ভবিষ্যতের আর্থিক স্বাধীনতা নিশ্চিত করতে চাইত।
এর পেছনে অর্থনীতি, সমাজ ও সংস্কৃতির বেশ কিছু কারণ আছে। প্রথমত, আজকের তরুণ প্রজন্ম এমন কিছু নজিরবিহীন পরিস্থিতির মধ্য দিয়ে বড় হয়েছে, যা জীবনের প্রতি তাদের দৃষ্টিভঙ্গিই পাল্টে দিয়েছে।
এই প্রজন্মের অনেকেই মহামারি, ভয়াবহ মূল্যস্ফীতি ও চরম অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে বড় হয়েছে। তাদের কাছে ভবিষ্যৎটা অনেক বেশি অনিশ্চিত এবং আর্থিকভাবে ধরাছোঁয়ার বাইরে মনে হয়। তাই ভবিষ্যতের চেয়ে আজকের জীবনকে বেশি গুরুত্ব দেওয়াটা তাদের কাছে খুবই যৌক্তিক।
মানুষ আজ থেকে ৫০ বছর আগে যতটা পরিশ্রম করত, আজও ঠিক ততটাই করছে। কিন্তু ফল পাচ্ছে অনেক কম। জেন-জি দেখছে, তাদের আগের প্রজন্ম, অর্থাৎ মিলেনিয়ালরা সব নিয়ম মেনে চলার পরও একটা বাড়ি কিনতে বা মৌলিক চাহিদা মেটাতেই হিমশিম খাচ্ছে।
এটা দেখে তারা খুব স্বাভাবিক একটা প্রশ্ন তুলছে, পুরোনো পদ্ধতিগুলো যখন কাজই করছে না, তখন খামোখা সেসব মেনে কী লাভ?
তবে শুধু দুর্বল অর্থনীতিই এর একমাত্র কারণ নয়। ইন্টারনেটের এই যুগে তরুণেরা তাঁদের সমবয়সীদের জীবনযাত্রা খুব সহজেই দেখতে পান। সামাজিক যোগাযোগমাধ্যম মানুষের জীবনের সবকিছু উন্মুক্ত করে দিয়েছে। বন্ধুকে ঘুরতে দেখলে নিজেরও ঘুরতে ইচ্ছা করে।
এই ডিজিটাল সংযোগ মানুষের কোনো কিছু চাওয়া ও পাওয়ার মাঝখানের দূরত্বটা কমিয়ে দিয়েছে। এর সঙ্গে যোগ হয়েছে বর্তমান প্রজন্মের মানসিক শান্তি ও স্বাধীনতাকে বেশি মূল্য দেওয়ার মানসিকতা। সব মিলিয়ে সফট সেভিং গড়ে ওঠার জন্য একদম নিখুঁত একটা পরিবেশ তৈরি হয়ে গেছে।
ভবিষ্যতে সম্পদের পাহাড় গড়ার মানসিক চাপের চেয়ে যাঁরা বর্তমানের মানসিক শান্তিকে বেশি গুরুত্ব দিতে চান, তাঁদের জন্য সফট সেভিংয়ের অনেকগুলো তাৎক্ষণিক সুবিধা আছে। চলুন দেখি, কেন আপনারও অন্তত একবার সফট সেভিংয়ের চেষ্টা করা উচিত—
১. নিজস্ব মূল্যবোধের সঙ্গে খরচের হিসাব
সমাজ হয়তো আপনাকে বলছে, একটা নির্দিষ্ট বয়সে বাড়ি বা গাড়ি কিনতেই হবে। কিন্তু সফট সেভিং আপনাকে একটু থমকে দাঁড়িয়ে ভাবার সুযোগ দেবে। এটি আপনাকে ভাবতে শেখাবে, টাকাটা আপনি নিজের কোনো স্বপ্নের পেছনে খরচ করছেন, নাকি সমাজের চাপিয়ে দেওয়া প্রত্যাশা মেটাতে খরচ করছেন।
আজকের তরুণেরা প্রথাগত মাইলফলকগুলোকে প্রশ্নবিদ্ধ করছেন। তাঁরা নিজেদের জিজ্ঞেস করছেন, ‘আমার কাছে কোনটা বেশি জরুরি?’ এ প্রশ্নের উত্তর একেকজনের কাছে একেক রকম।
আপনার হয়তো প্রতিবছর নতুন দেশে ঘুরতে যাওয়াটা বেশি আনন্দের, আবার অন্য কারও কাছে পরিবারের সঙ্গে সুন্দর সময় কাটানোটা বেশি জরুরি। সফট সেভিং আপনাকে নিশ্চিত করে, আপনি আপনার অর্থ কেবল ভবিষ্যতের জন্য নয়, বরং বর্তমানের প্রতিটি মুহূর্তকে রাঙিয়ে তুলতেই ব্যবহার করছেন।
২. বর্তমান মুহূর্ত উপভোগের সুযোগ
আগের প্রজন্মকে শেখানো হয়েছিল, কঠোর পরিশ্রম মানেই ভবিষ্যৎ নিশ্চিন্ত। কিন্তু এর ফল কী হয়েছে? আমরা এমন অনেক অবসরপ্রাপ্ত মানুষকে দেখি, যাঁরা দশকের পর দশক হাড়ভাঙা খাটুনি খেটে আজ এতই ক্লান্ত যে জমানো টাকা উপভোগ করার শারীরিক শক্তিই তাঁদের নেই!
সফট সেভিংয়ের মানসিকতা আপনাকে এই ফাঁদ থেকে বাঁচাবে। আপনি জীবনে যে পর্যায়েই থাকুন না কেন, এটি আপনাকে বর্তমান সময়কে সবচেয়ে ভালোভাবে কাজে লাগাতে সাহায্য করবে। আপনি কত বছর বাঁচবেন, তা তো জানা নেই।
প্রচুর খেটে সব টাকা সঞ্চয় করলেন, কিন্তু সময়ের আগে মারা গেলে সেই সম্পদ আর উপভোগ করা হলো না। তাই বর্তমানে খুব বেশি সঞ্চয়ের চাপে না ভুগে আজকের দিনকে উপভোগ করাই হয়তো বুদ্ধিমানের কাজ।
৩. মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া
আগের প্রজন্মগুলোর তুলনায় বর্তমান প্রজন্ম একটা কাজ খুব ভালো করছে। তারা কাজের চেয়ে নিজের মানসিক স্বাস্থ্যকে বেশি গুরুত্ব দিচ্ছে। আপনি যদি এমন এক মিতব্যয়ী জীবনে অভ্যস্ত হন, যেখানে কখনোই ছোটখাটো আনন্দগুলো উপভোগ করতে পারেন না; তবে সফট সেভিং আপনার মন ভালো করার বড় একটি হাতিয়ার হতে পারে। নিজেকে সুস্থ না রাখতে পারলে আপনি ভবিষ্যতের জন্য কাজ করবেন কীভাবে?
সফট সেভিংয়ের কিছু আর্থিক ও মানসিক নেতিবাচক দিকও আছে, বিশেষ করে আপনি যদি খরচ ও সঞ্চয়ের মধ্যে সূক্ষ্ম ভারসাম্যটি হারিয়ে ফেলেন। নিচে এমন কিছু বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হলো—
১. বিনিয়োগের লাভ থেকে বঞ্চিত হতে পারেন
পৃথিবীজুড়ে এত অনিশ্চয়তার মধ্যে সফট সেভিং যে এতটা জনপ্রিয় হয়েছে, তাতে অবাক হওয়ার কিছু নেই। অর্থনৈতিক চাপ ও মানসিক ক্লান্তি থেকে বাঁচতে এটি মানুষের একটি স্বাভাবিক প্রতিক্রিয়া।
তবে অর্থনীতি যেমনই থাকুক না কেন, কিছু পুরোনো আর্থিক নিয়ম সব সময়ই সত্যি। যেমন সঠিক অ্যাকাউন্টে জমানো টাকা সময়ের সঙ্গে সঙ্গে চক্রবৃদ্ধি হারে বাড়তেই থাকে। সঞ্চয়ে কোনো টাকা না রাখা মানে বিনা কষ্টে আয় করার এই চমৎকার সুযোগ থেকে নিজেকে বঞ্চিত করা।
ধরা যাক, আপনি ব্যাংকে ৫ লাখ টাকা রাখলেন, যা থেকে বছরে ৪ শতাংশ হারে লাভ আসে। আপনি যদি আর কোনো টাকা জমা না-ও দেন, এক বছর পর আপনার কাছে ৫ লাখ ২০ হাজার টাকা থাকবে। ১০ বছরে তা হবে প্রায় ৭ লাখ ৪০ হাজার টাকা। আর ২০ বছরে আপনার ওই জমানো টাকাটাই প্রায় ১১ লাখ টাকায় দাঁড়াবে।
এবার ধরুন, আপনি প্রতি মাসে ওই অ্যাকাউন্টে মাত্র ১০ হাজার টাকা করে জমাতে শুরু করলেন। তাহলে ২০ বছর পর আপনার কাছে থাকতে পারে ৫২ লাখ টাকার বেশি! তরুণ বয়সে সঞ্চয় কমিয়ে দিলে আপনি এই বিশাল ম্যাজিক থেকেই বঞ্চিত হবেন।
২. মানসিক চাপ উল্টো বাড়তে পারে
সফট সেভিংয়ের মূল কথা হলো, কাল ধনী হওয়ার চেয়ে আজ ভালো থাকা জরুরি। কিন্তু বাস্তবে বর্তমানের আর্থিক টানাটানি মানুষের মানসিক চাপও বাড়িয়ে দেয়। বিশেষ করে যখন আয়ের চেয়ে ব্যয় বেশি হতে থাকে। সহজ কথায়, সামর্থ্যের চেয়ে বেশি খরচ করে ফেললে কোথাও ঘুরতে গিয়ে মানসিক শান্তি খোঁজার সময়ও আপনি নিজের পকেট নিয়ে দুশ্চিন্তা করতে থাকবেন!
৩. জরুরি পরিস্থিতিতে দিশাহারা হতে পারেন
কোনো আপৎকালীন বা ইমার্জেন্সি ফান্ড ছাড়া সফট সেভিং করলে হঠাৎ কোনো বিপদ আপনাকে পথে বসিয়ে দিতে পারে। একবার চাকরি হারানো, একটা ছোট দুর্ঘটনা বা চিকিৎসার খরচই আপনার ব্যাংক অ্যাকাউন্ট খালি করে দিতে পারে। তখন বাধ্য হয়ে উচ্চ সুদের ঋণের জালে জড়িয়ে পড়া ছাড়া আর কোনো উপায় থাকে না।
৪. লোকদেখানো স্বভাব
স্বপ্নের কোনো জায়গায় যাওয়ার জন্য প্লেনের টিকিট কাটার সময় যে উত্তেজনা কাজ করে, তার তুলনা হয় না! কিন্তু আপনি যখন শুধু ইনস্টাগ্রামে ছবি দিয়ে অন্যদের চমকে দেওয়ার জন্য এত টাকা খরচ করছেন, তখন আপনি আদতে ভুল পথে হাঁটছেন।
অন্যদের মুগ্ধ করার জন্য সামর্থ্যের চেয়ে বেশি খরচ করলে তা আপনাকে আর্থিকভাবে তো ডোবাবেই, বরং ভেতর থেকে আপনাকে আরও বেশি শূন্য ও নিরাপত্তাহীন করে তুলবে।
প্রথমেই এমন কোনো বিলাসবহুল ভ্রমণে অঢেল টাকা ওড়াবেন না, যা আপনার জমানো সব টাকা শেষ করে দেয়। এর বদলে একটু সাধারণ ছুটি কাটান। তবে যেকোনো খরচের আগে নিজের জন্য একটি ইমার্জেন্সি ফান্ড তৈরি করে নিন।
আপনি যদি লাভজনক কোনো সেভিংস অ্যাকাউন্টে আগে আপনার ভবিষ্যতের জন্য কিছু টাকা জমা রাখেন এবং এরপরও যদি হাতখরচ বা আনন্দের জন্য টাকা অবশিষ্ট থাকে, তবে বুঝতে হবে আপনি একদম সঠিক উপায়েই সফট সেভিং করছেন।
জীবনের একেকটা সময়ের চাহিদা একেক রকম। একটা নির্দিষ্ট সময়ের জন্য ভ্রমণ, বিশ্রাম বা ক্যারিয়ারের পরিবর্তনকে অগ্রাধিকার দেওয়াটা খুবই স্বাভাবিক। তবে খেয়াল রাখতে হবে, বেতন বাড়ার সঙ্গে সঙ্গে আপনার বিলাসবহুল জীবনযাত্রার খরচও যেন পাল্লা দিয়ে বাড়তে না শুরু করে।
প্রতি ৬ থেকে ১২ মাস পরপর নিজের খরচের খাতগুলো যাচাই করুন। সময়ের সঙ্গে আপনি যেমন বদলান, আপনার চারপাশের পৃথিবীও বদলায়। আপনার মূল্যবোধের সঙ্গে মেলে, এমন জায়গায় খরচ করুন। যেখানে অন্যদের সঙ্গে অহেতুক তুলনার বিষয়টি চলে আসে, সেখানে খুব বুঝেশুনে খরচ কমান।
সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, নিজের ও প্রিয়জনদের মৌলিক চাহিদাগুলো মেটানোর ক্ষমতাই আপনার বর্তমান ও ভবিষ্যতের মঙ্গলের চাবিকাঠি। আমাদের লক্ষ্য পাগলের মতো টাকা জমানো বা একদম লাগামহীনভাবে খরচ করা নয়। আসল লক্ষ্য হলো, বর্তমান জীবন উপভোগ করা এবং ভবিষ্যতের নিরাপত্তার মধ্যে একটি সঠিক ও সুন্দর ভারসাম্য বজায় রাখা।
সূত্র: রিডার্স ডাইজেস্ট