যাঁদের লেখা উল্টে দেখলেও পাল্টে যায় না

বাংলা অ্যামবিগ্রাম আঁকেন এই তরুণেরা
ছবি: সংগৃহীত

২০২১ সালের ফেব্রুয়ারি মাসের কথা। করোনার বড় ধাক্কাটা কাটিয়ে উঠলেও তখনো ছিল নানা বাধ্যবাধকতা, ভয়। ভাষার মাসও সেভাবে ফিরে পায়নি পুরোনো রং। তবে এরই মধ্যে নীরবে ঘটে গিয়েছিল এক দারুণ বিপ্লব। ঘরবন্দী সময়টাতে সৃজনশীল ‘জেন-জি’রা শুধু সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করেই নিজদের প্রতিভা তুলে ধরতে শুরু করেছিল। খুব সাধারণ ছেলেমেয়েদের মধ্য থেকেও উঠে আসছিল দারুণ সব গায়ক, কমেডিয়ান, আঁকিয়ে, অভিনেতা কিংবা লেখক। যেন এক ‘ক্রিয়েটিভ বুম’!

এ রকম সময়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আশিকুর রহমানের মাথায় একটা আইডিয়া খেলে গেল। আশিকুর যেহেতু অ্যামবিগ্রাম আঁকেন, ভাবছিলেন, ভাষার মাসে বাংলা অ্যামবিগ্রাম নিয়ে কী করা যায়? জানিয়ে রাখি, অ্যামবিগ্রাম হলো একধরনের নকশা। কোনো একটা শব্দকে যখন এমনভাবে লেখা হয় যে উল্টো করে দেখলেও একই শব্দ পাওয়া যায়, তখন সেটিকে বলে অ্যামবিগ্রাম। শুধু দ্বিমাত্রিক নয়, ত্রিমাত্রিক নকশা উপস্থাপনেও এখন অ্যামবিগ্রাম ব্যবহার করা হয়।

তো ভাবতে ভাবতেই আশিকুর শুরু করেন ‘অ্যামবিয়ারি’। অ্যামবিগ্রামের ‘অ্যামবি’ আর ফেব্রুয়ারির ‘য়ারি’ নিয়ে শব্দটি তৈরি। ভাষার মাস ও বাংলা ভাষার প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি অ্যামবিগ্রামের মতো একটি শিল্পচর্চাকে নিজ ভাষার মাধ্যমে প্রকাশ করার তাড়না থেকেই এ আয়োজনের শুরু।

আশিকুর জানালেন, মূলত ‘ইঙ্কটোবর’ থেকে অনুপ্রাণিত হয়েই দেশের শিল্পীদের মধ্যে এমন একটি চ্যালেঞ্জ চালু করতে চেয়েছিলেন তিনি। ইঙ্কটোবরের ধারণাটাও একটু মনে করিয়ে দিই। ২০০৯ সালে মার্কিন শিল্পী জেইক পার্কার সিদ্ধান্ত নিয়েছিলেন, পুরো অক্টোবরজুড়ে তিনি প্রতিদিন ছবি আঁকবেন, হোক তা ছোট বা বড়। এই উদ্যোগের নাম দেন তিনি ইঙ্কটোবর (ইংরেজি ইঙ্ক শব্দের অর্থ কালি। ইঙ্কের সঙ্গে অক্টোবর মিলিয়ে ইঙ্কটোবর)। ক্রমেই এ ধারণা জনপ্রিয়তা পায় এবং পৃথিবীব্যাপী বহু মানুষ অক্টোবর মাস এলেই চ্যালেঞ্জে অংশ নেওয়া শুরু করেন।

ইঙ্কটোবর থেকে অনুপ্রাণিত হয়েই আশিকুর শুরু করেন অ্যামবিয়ারি। তিনি বলেন, ‘ধার করা বুদ্ধি হলেও ফেব্রুয়ারি মাসকে আলাদা করে উদ্যাপন করতে আমি এই মাস এবং নিজ ভাষাকে বেছে নিয়েছিলাম। উদ্দেশ্য ছিল, ফেব্রুয়ারির প্রতিদিন কোনো না কোনো অ্যামবিগ্রাম করব। তাতে আমাদের দক্ষতাও বাড়বে, চমৎকার এই শিল্পের চর্চাও হবে।’

দেশের অ্যামবিগ্রামিস্টদের করা কিছু কাজ

বছরখানেক আগে থেকেই বাংলাদেশে অ্যামবিগ্রাম শিল্পীদের (অ্যামবিগ্রামিস্ট) একটা দল গড়ে উঠতে শুরু করেছে। ‘অ্যামবিগ্রামিস্ট অব বাংলাদেশ’ নামে একটি ফেসবুক গ্রুপে এক হতে শুরু করেছেন তাঁরা। গ্রুপটি বাঙালি তরুণ শিল্পীদের অ্যামবিগ্রাম আঁকতে উৎসাহিত করে। যিনি কখনো অ্যামবিগ্রাম আঁকার চর্চা করেননি, তিনিও গ্রুপের সুবাদে আগ্রহী হয়েছেন। ২০২১ সালে এই ফেসবুক গ্রুপের মাধ্যমেই শুরু হয় ‘অ্যামবিয়ারি’র প্রচারণা।

অ্যামবিয়ারি হলো ‘ভার্চ্যুয়াল আর্ট চ্যালেঞ্জ’, যেখানে শিল্পীদের ফেব্রুয়ারি মাসের প্রতিদিন একটি করে বিষয় দেওয়া হয়। অ্যামবিগ্রামিস্ট অব বাংলাদেশ গ্রুপের সক্রিয় সদস্যরাই বিষয় নির্ধারণ করেন। শিল্পীরা সেই বিষয়ের ওপর ভিত্তি করে অ্যামবিগ্রাম আঁকেন, পোস্ট করেন ফেসবুক গ্রুপে। তবে শর্ত একটাই, অ্যামবিগ্রাম হতে হবে বাংলা শব্দে। কেউ চাইলে একাধিকও তৈরি করতে পারেন। এই চ্যালেঞ্জে বোধগম্যতা ও নান্দনিকতা—দুটি বিষয়েই জোর দেওয়া হয়। ফলে সবাই নিজেকে ছাপিয়ে যাওয়ার তাড়না থেকেই আঁকেন।

অ্যামবিয়ারির শুরুর দিকের কথা স্মরণ করে আশিকুর বলেন, ‘যখন শুরু করেছিলাম, তখনো করোনার প্রকোপের কারণে অনেকেই ঘরে ছিল। তাই প্রথম বছরেই আইডিয়াটা দারুণ সাড়া পেয়েছে। হ্যাশট্যাগের হিসাবমতে, সে বছর আমাদের গ্রুপে ৩৬৬টি কাজ জমা পড়ে। তার মানে দিনে ১২-১৩টি করে অ্যামবিগ্রাম!’ তবে এখন সবাই স্বাভাবিক জীবনে ফেরায় ব্যস্ততা বেড়েছে। ব্যাপারটি আশিকুর নিজেও অনুভব করতে পারেন। তাই আগের দুই আসরের মতো এবার প্রতিদিন অ্যামবিগ্রাম আঁকার চ্যালেঞ্জ না দিয়ে সপ্তাহে একটি করে, অর্থাৎ মাসজুড়ে চারটি বিষয় নিয়ে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন। এ বছরের ফেব্রুয়ারিতে চারটি বিষয় ছিল—স্মৃতি, নান্দনিক, সাহিত্য, বাগ্‌ধারা। আর একটি বোনাস বিষয় হলো ভালোবাসা। চাইলে যে কেউই গ্রুপের সদস্য হয়ে এই চ্যালেঞ্জে অংশ নিতে পারেন।