আন্তর্জাতিক কলেজিয়েট প্রোগ্রামিং প্রতিযোগিতার ঢাকা আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হলো বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজিতে (বিইউবিটি)। বেসরকারি বিশ্ববিদ্যালয়টির প্রাঙ্গণে প্রতিযোগিতার উদ্বোধন হয় ৩ নভেম্বর। পরদিন ৪ নভেম্বর বসে চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণীর আসর।
আয়োজনটি সম্পর্কে বিইউবিটির সহ-উপাচার্য আলী নূর বলেন, বিশ্ববিদ্যালয়ের কম্পিউটারবিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের উদ্যোগে বিশ্বের মর্যাদাপূর্ণ এই প্রোগ্রামিং প্রতিযোগিতার আয়োজন সম্পন্ন হয়েছে। এর আগে গত ১৩ অক্টোবর দেশের ১৩৮টি কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে ২ হাজার ৪৬১টি দল অনলাইনে প্রাথমিক প্রতিযোগিতায় অংশ নেয়। ২২৪টি দল পরবর্তী ধাপে প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়। প্রতিটি দলের জন্য নিযুক্ত ছিলেন ১ জন দক্ষ প্রশিক্ষক, যেখানে মোট প্রতিযোগীর সংখ্যা ছিল ৬৭২।
প্রতিযোগিতার উদ্বোধন করেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। দ্বিতীয় দিনে সমাপনী বক্তব্য দেন শিক্ষাবিদ ও কথাসাহিত্যিক মুহম্মদ জাফর ইকবাল। বিইউবিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. শামসুল হুদাও অনুষ্ঠানে বক্তব্য দেন।
প্রতিযোগিতায় প্রধান বিচারক ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ। সার্বিক বিচারকার্য পরিচালনা করেন সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শাহরিয়ার মনজুর। চূড়ান্ত প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দল ‘ডিইউ অ্যাসেন্ডিং’। দ্বিতীয় স্থান অর্জন করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দল ‘সাস্ট গেসফোর্সেস’। তৃতীয় হয় ব্র্যাক বিশ্ববিদ্যালয় দল ‘ব্র্যাকইউ ক্রোস’। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিইউবিটির উপাচার্য মোহাম্মদ ফৈয়াজ খান।