৭ বছর বয়সে ট্রেনের চাকায় দুটি পা-ই কাটা পড়ে। তার পর থেকে বাবার কোলে চড়েই স্কুল-কলেজে যাতায়াত। আর এবার উচ্চমাধ্যমিক পরীক্ষার আগে ঋণ করে একটা বৈদ্যুতিক হুইলচেয়ার কিনে দিয়েছেন মা। রাজধানীর ব্যস্ততম সড়কে এই হুইলচেয়ার চালিয়েই প্রতিটি পরীক্ষায় অংশ নিলেন মেহেদী হাসান। তাঁর গল্প শুনলেন সজীব মিয়া
খিলগাঁওয়ের ঝিল মসজিদ এলাকা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণের ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল ও কলেজের দূরত্ব কম নয়। এই কলেজে ভর্তির পর নিয়মিত ক্লাস করতে খুব কষ্ট হচ্ছিল। বাবা ফুটপাতের চা-দোকানি। যেদিন আমাকে নিয়ে কলেজে যেতেন, সেদিন দোকান খুলতে খুলতে বিকেল হয়ে যেত। এই দোকানের আয়েই আমাদের সংসার চলে। তিন ভাই-বোন আর মা-বাবা মিলে আমরা পাঁচজনের পরিবার। খরচপাতিও তো কম নয়। আমাকে আনা-নেওয়া করলে কয়েক শ টাকা রিকশাভাড়াও লেগে যায়।
তাই কলেজ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে অনিয়মিত ক্লাস করতাম। ক্লাসে অনিয়মিত হলেও পরীক্ষা-ক্লাস টেস্টসহ নানা কাজে মাসে ১০-১২ দিন কলেজে যেতেই হতো। এ সময় বাবার অনেক আর্থিক ক্ষতি হয়ে যেত। ভাবতাম, আহা একটা বৈদ্যুতিক হুইলচেয়ার যদি থাকত, তাহলে নিজে নিজেই চলাচল করতে পারতাম। কিন্তু কিনব কী করে, সেই আর্থিক সংগতি তো আমাদের নেই।
আগস্টের মাঝামাঝি এইচএসসি পরীক্ষা শুরু হবে। এরপর ব্যবহারিক পরীক্ষা। এত দিন কীভাবে সময় দেবেন বাবা। শেষে বাধ্য হয়ে একটা এনজিওতে ঋণের জন্য আবেদন করলেন মা। আগস্টে সেই ঋণের টাকাতেই ৭৬ হাজার টাকায় আমার জন্য একটা বৈদ্যুতিক হুইলচেয়ার কেনা হলো। তারপর কয়েক দিন বাসার নিচে গলিটায় হুইলচেয়ারে বসে চালানো শিখলাম।
এইচএসসি পরীক্ষার সময় আমার কেন্দ্র ছিল বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ। হুইলচেয়ার নিয়েই প্রথম পরীক্ষা দিতে গেলাম। পথে বড় কোনো অসুবিধা হলো না। সাহসও বেড়ে গেল। হুইলচেয়ারে এসে এভাবে সব পরীক্ষা শেষ করলাম। এখন আর বাবাকে আমার সঙ্গে যেতে হয় না। খিলগাঁও, মালিবাগ, মগবাজার, রমনা, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় গিয়ে এখন কলেজের ব্যবহারিক পরীক্ষা দিচ্ছি। সব পরীক্ষা খুব ভালো হয়েছে। আশা করি রেজাল্টটা মনের মতোই হবে।
সেদিন আমাদের ক্লাস ওয়ানের ইংরেজি পরীক্ষা ছিল। পরীক্ষা শেষ করে স্কুল থেকে বের হয়ে দেখি দাদু বাইরে অপেক্ষা করছেন। খিলগাঁওয়ের বাংলাদেশ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে আমাদের বাসা হাঁটাপথ। তাঁর হাত ধরে বাড়ি ফিরছিলাম। কিছুটা পথ আসার পরই রেললাইন। কমলাপুর থেকে দেশের সব জায়গায় যাতায়াতকারী ট্রেনগুলো এই পথেই যাতায়াত করে। রেললাইন পার হলে মিনিট পাঁচেক পরই আমাদের বাসা। এই পথটুকু আমার খুব চেনা। দাদু আমাকে এগোতে বলে ফুটপাতের একটা দোকানে দাঁড়ান।
আমার মাথায় তখন মাকে চমকে দেওয়ার দুষ্টুমি। স্কুল থেকে বাসায় ফিরেই দেখতাম দরজাটা খুলে মা কোথাও লুকিয়ে আছেন। তাঁকে খুঁজে বের করতে খুব একটা কষ্ট অবশ্য আমার হতো না। তারপর মা-ছেলে হাসিতে লুটোপুটি।
বাসায় ফিরতে ফিরতে চিন্তা করছিলাম, মা আজ কোথায় লুকিয়ে থাকতে পারেন। কীভাবে তাঁকে চমকে দেব। রেললাইনের কাছে এসে দ্রুত পার হতে একটা দৌড় দিই। মাঝামাঝি গিয়ে পড়ে যেতেই আচমকা ট্রেনের হুইসেল শুনে কেঁপে উঠি। ডানে তাকিয়ে দেখি একটা ট্রেন আমার দিকেই আসছে। একটু পিছিয়ে আসি। বাঁয়ে তাকাতেই দেখি আরেকটা ট্রেন। এরপর আমার আর কিছু মনে নেই।
দুর্ঘটনাটি ঘটে ২০১১ সালের ২১ এপ্রিল। তখন আমার বয়স সাত।
ট্রেনে কাটা পড়ে সঙ্গে সঙ্গে আমার এক পা হাঁটুর ওপর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। আরেকটি পায়ের কিছু অংশ শরীরে সঙ্গে আটকে ছিল। অস্ত্রোপচারের সময় সেটাও কেটে ফেলা হয়। হাসপাতালের আইসিইউতে কাটে কয়েক দিন। এরপর সাধারণ ওয়ার্ডে। দীর্ঘ ছয় মাসের চিকিৎসায় আমার পায়ে কয়েকটি অস্ত্রোপচার হয়। এরপর বাড়ি ফেরা। কোনো দিন আর হাঁটতে পারিনি।
শুরু হয় নতুন এক জীবন। সমবয়সীরা স্কুলে যায়, খেলাধুলা করে। রুমে বসে বসে আমি দেখি। আমারও স্কুলে যেতে ইচ্ছা করে, খেলতে ইচ্ছা করে, কিন্তু পারি না। আমার আগ্রহ দেখে বাবা একদিন কোলে করে স্কুলে নিয়ে যান। স্কুল শেষ হলে আবার কোলে করে বাসায় নিয়ে আসেন। অষ্টম শ্রেণি পর্যন্ত এভাবেই চলল। এরপর আমাকে ভর্তি করানো হলো মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজের বাসাবো শাখায়। বাসা থেকে এই স্কুল কিছুটা দূরে। যাতায়াত ভীষণ কষ্টের। স্কুল কর্তৃপক্ষ আমাকে শুধু পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দিলেন। এভাবেই একসময় করোনাকাল এল। বিজ্ঞান বিভাগে জিপিএ–৫ পেয়ে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলাম। তারপর তো কলেজজীবন।
জানি না এই প্রতিবন্ধকতা নিয়ে কতদূর যেতে পারব। পরিবারের দারিদ্র্য নিয়ে ভাবলেও খুব কষ্ট হয়। আমাদের আত্মীয়স্বজনের অনেকে অবস্থাপন্ন। কিন্তু কে কার খোঁজ রাখে। আমি প্রকৌশলী হতে চাই। সেই লক্ষ্য নিয়েই প্রস্তুতি শুরু করেছি। প্রকৌশলী হয়ে পরিবারের হাল ধরতে চাই।