আমের সময় আনা ধরনের পদ বানানো হবে না তা কি হয়? আর নিরীক্ষা হতেই হবে। বর্তমানে আম–পিৎজা বেশ জনপ্রিয়। চমৎকার এই পদটির রেসিপি শেয়ার করেছেন ফ্লোরা আফরোজ ঝিলমিল।
সস তৈরির জন্য: আমের পিউরি হাফ কাপ, চিনি ১ চামচ, লবণ এক চিমটি, চিলি ফ্লেক্স সামান্য, ওরেগানো সামান্য।
ব্রেডের জন্য: ময়দা এক কাপ, ডিম ১টি, চিনি সামান্য, লবণ হাফ চা–চামচ, ইস্ট ১ টেবিল চামচ, পানি পোনে ১ কাপ।
টপিংয়ের জন্য: আমের সস, আমের স্লাইস, ক্যাপসিকাম, ব্ল্যাক অলিভ, চিজ, চিলি ফ্লেক্স, ওরেগানো।
সস তৈরির জন্য: সব একত্রে প্যানে দিয়ে নাড়তে হবে। আঠালো হয়ে এলে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। এই সস আমরা পিৎজা বানাতে ব্যবহার করব।
ব্রেড তৈরির জন্য: সব উপকরণ একত্রে মিলিয়ে ভালোভাবে ডো তৈরি করে ১ ঘণ্টা রেস্টে রাখতে হবে। এক ঘণ্টা পর ডো দিয়ে একটা রুটি বানিয়ে নিতে হবে।
বানানো রুটির ওপর সস ঢেলে, কিছু চিজ ছড়িয়ে দিয়ে আমের স্লাইসগুলো পছন্দমতো সাজিয়ে নিতে হবে। দিতে হবে ক্যাপসিকাম ও ব্ল্যাক অলিভ। এরপর ওপরে আরও কিছু চিজ ছড়িয়ে দিয়ে ওরেগানো ও চিলি ফ্লেক্স ছড়িয়ে দিতে হবে। এরপর ওভেনে ১০ মিনিট প্রিহিট করে ২০০ ডিগ্রি তাপমাত্রায় ২০ মিনিট বেক করে নিলেই তৈরি হয়ে যাবে আমের মজাদার পিৎজা।
ছবি: আশরাফুল আলম