চলছে রোজা, কিন্তু গতবারের মতো এবার রয়েছে করোনার প্রকোপ। এ জন্য প্রয়োজন স্বাস্থ্যকর ইফতার ও সাহ্রি; যা সহজে তৈরি করা যাবে; স্বাদের সঙ্গে নিশ্চিত করবে স্বাস্থ্য। এমনই একটি ইফতারের পদ দিয়েছেন মাসুমা আলী রেখা।

বান ২টি, মেয়নেজ পরিমাণমতো, স্লাইসড চিজ বা মোৎজারেলা গ্রেট করা পরিমাণমতো, ক্যাপসিকাম কিউব সিকি কাপ, টমেটো কিউব সিকি কাপ, পেঁয়াজ কিউব সিকি কাপ, গোলমরিচের গুঁড়া স্বাদমতো, টমেটো সস পরিমাণমতো।
চিকেনের জন্য: হাড় ছাড়া চিকেন স্লাইস করা সিকি কাপ, সয়া সস আধা চা–চামচ, আদা ও রসুনবাটা আধা চা–চামচ, লবণ স্বাদমতো, তেল ১ টেবিল চামচ, টমেটো সস ১ চা–চামচ।
চিকেনের সব উপকরণ একসঙ্গে মাখিয়ে ৩০ মিনিট রেখে দিন। এবার প্যানে তেল গরম করে চিকেন স্লাইসগুলো ভাজা ভাজা করে নামিয়ে নিন। এবার মেয়নেজের সঙ্গে ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ কিউব দিয়ে মাখিয়ে নিন। বান স্লাইস করে নিচের পার্টটি নিয়ে তার ওপরে মাখানো উপকরণ দিন। এবার ভাজা চিকেনের স্লাইস দিয়ে তার ওপরে গোলমরিচের গুঁড়া ও স্লাইসড চিজ বা গ্রেট করা মোৎজারেলা চিজ ছড়িয়ে দিন। এবার প্যানে কম আঁচে ৫ মিনিট ঢেকে রাখুন। নামিয়ে গরম–গরম ইফতারে পরিবেশন করুন।
ছবি: রাজীব আহমেদ