রেসিপি

শজনের তিন স্বাদ

শজনে এ সময়ের অতিথি সবজি। খুব কম সময়ের জন্য পাওয়া যায় বলে কদরও বেশি। এ সময়ের রান্নাগুলোতে নানাভাবে ব্যবহার করা যায়। রেসিপি দিয়েছেন মাকসুদা বেগম

শজনেডাঁটার আচার

শজনেডাঁটার আচার
ছবি: জুয়েল শীল

উপকরণ: আধা কেজি শজনেডাঁটা, বিচিসহ পাকা তেঁতুল আধা কাপ, চিনি আধা কাপ, লবণ স্বাদমতো, শর্ষের তেল দেড় কাপ, সিরকা আধা কাপ, আদাবাটা আধা চা-চামচ, রসুনবাটা ১ চা-চামচ, ধনেগুঁড়া আধা চা-চামচ, জিরাগুঁড়া আধা চা-চামচ, হলুদের গুঁড়া আধা চা-চামচ, মরিচের গুঁড়া স্বাদমতো, আস্ত শুকনো মরিচ ৪টি, মাঝারি আকারের রসুন ২টি (আস্ত কোয়া), পাঁচফোড়ন ২ চা-চামচ।

প্রণালি: প্রথমে শজনেডাঁটা লম্বা করে কেটে ধুয়ে ৩০–৩৫ সেকেন্ড ব্লান্চ করে নিতে হবে। টিস্যু দিয়ে ভালো করে মুছে নিন। চুলায় হাঁড়ি বসিয়ে দিন। পাঁচফোড়ন, শুকনো মরিচ দিয়ে একটু নেড়ে নিতে হবে। সব বাটা আর গুঁড়া মসলা দিয়ে তেঁতুল আর শজনেডাঁটা দিয়ে দিন। ভালো করে নাড়তে হবে। আস্ত কোয়া রসুন, লবণ, চিনি দিয়ে অল্প আঁচে ঢেকে রাখুন ১৫ মিনিট। এরপর ঢাকনা খুলে সিরকা দিয়ে নেড়ে নামিয়ে নিন। ঠান্ডা হলে বয়ামে ভরে সংরক্ষণ করতে হবে দারুণ মজার শজনেডাঁটার আচার।

শজনেডাঁটায় ডাল চচ্চড়ি

শজনেডাঁটায় ডাল চচ্চড়ি

উপকরণ: ৪–৫টি শজনেডাঁটা লম্বা করে কাটা, মসুরের ডাল ১ কাপ, আদাবাটা আধা চা-চামচ, রসুনবাটা আধা চা-চামচ, পেঁয়াজ মিহি কুচি আধা কাপ, লবণ স্বাদমতো, পানি দেড় কাপ, হলুদের গুঁড়া ১ চা-চামচ, ধনেগুঁড়া আধা চা-চামচ, জিরাগুঁড়া আধা চা-চামচ, ভাজা জিরাগুঁড়া আধা চা-চামচ, মরিচের গুঁড়া সামান্য, সয়াবিন তেল ১ কাপের ৩ ভাগের ১ ভাগ অংশ। ফোড়নের জন্য পাঁচফোড়ন ১ গ্রাম, শুকনো মরিচ ২টা, আস্ত জিরা ১ গ্রাম ও তেজপাতা ১টি।

প্রণালি: প্রথমে মসুরের ডাল ভালো করে ধুয়ে নিন। এক থেকে দেড় ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখতে হবে। তারপর পানি ঝরিয়ে নিন। শজনেডাঁটা লম্বা করে কেটে ধুয়ে ৩০–৩৫ সেকেন্ড ব্লান্চ করে নিতে হবে। সয়াবিন তেল গরম হলে ফোড়নের মসলা দিয়ে দিন। ফোড়ন দেওয়া হলে পেঁয়াজকুচি দিয়ে দিন। একটু নেড়ে লবণ, বাটা এবং গুঁড়া মসলা দিয়ে সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নিতে হবে। এবার ডাল আর শজনেডাঁটা দিয়ে ভাজা ভাজা করে নিতে হবে। এ পর্যায়ে পানি দিয়ে চুলার আঁচ মাঝারি করে ঢেকে রাখতে হবে ১৫ মিনিট। ঢাকনা খুলে ভাজা জিরাগুঁড়া দিয়ে পাঁচ মিনিট দমে রেখে নামিয়ে নিন।

রুই–আলু ঝোলে শজনেডাঁটা

রুই–আলু ঝোলে শজনেডাঁটা

উপকরণ: পাঁচ–ছয়টি শজনেডাঁটা লম্বা করে কাটা, ২টি মাঝারি আকারের আলু লম্বা করে কাটা, আদাবাটা আধা চা-চামচ, রসুনবাটা ১ চা-চামচ, বড় আকারের ১টি পেঁয়াজকুচি, হলুদের গুঁড়া ১ চা-চামচ, ধনেগুঁড়া আধা চা-চামচ, জিরাগুঁড়া আধা চা-চামচ, মরিচের গুঁড়া স্বাদমতো, লবণ পরিমাণমতো, টমেটো পিউরি ২ চা-চামচ, মাঝারি আকারের রুই মাছের টুকরো সাতটি, পানি পরিমাণমতো, সয়াবিন তেল ১ কাপের ৩ ভাগের ১ ভাগ অংশ, ফোড়নের জন্য আস্ত মেথি ১ চিমটি।

প্রণালি: প্রথমে শজনেডাঁটা লম্বা করে কেটে ধুয়ে নিতে হবে। এবার হাঁড়িতে বলক ওঠা পানিতে শজনেডাঁটা দিয়ে ৩০–৩৫ সেকেন্ড রেখে দিন। নামিয়ে ঠান্ডা পানিতে ডুবিয়ে নিন। এটাকে ব্ল্যান্চি করা বলে। এতে সবজির রং সুন্দর থাকে। এরপর পানি ঝরিয়ে নিতে হবে। আলুও লম্বা করে কেটে ধুয়ে নিন। এখন রুই মাছের টুকরো ধুয়ে পানি ঝরিয়ে নিন। রুই মাছে স্বাদমতো লবণ, সামান্য হলুদের গুঁড়া, সামান্য মরিচের গুঁড়া মেখে নিন। সয়াবিন তেল দিয়ে ভেজে নিন। এ পর্যায়ে চুলায় প্যান বসিয়ে সয়াবিন তেল দিয়ে আস্ত মেথি ফোড়ন নিন। পেঁয়াজকুচি দিন। একটু নেড়ে সব বাটা আর গুঁড়া মসলা দিয়ে দিন। সামান্য একটু পানি দিতে হবে। টমেটো পিউরি দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। তেল ওপরে উঠে এলে আলু আর শজনেডাঁটা দিয়ে ভালো করে কষিয়ে নিন। লবণ আর পরিমাণমতো পানি দিয়ে কম আঁচে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করতে হবে। তরকারি সেদ্ধ হয়ে এলে ভাজা মাছ দিয়ে ঢেকে দিন। কম আঁচে ৫ মিনিট দমে রেখে নামিয়ে নিন। এ তরকারিতে হালকা ঝোল থাকবে, কেউ চাইলে ঝোল কম রাখতে পারেন।