বিচিত্র দিবস

আলুকে কি গণতান্ত্রিক সবজি বলা যায়?

বাঙালির রান্নায় আলুর সগৌরব উপস্থিতি
ছবি: সংগৃহীত

আলুকে কি গণতান্ত্রিক সবজি বলা যায়? অবশ্যই যায়। এমন কোনো বাঙালির রান্নাঘর বোধ হয় খুঁজে পাওয়া যাবে না, যেখানে আলুর সগৌরব উপস্থিতি নেই। রান্নাবান্নায় তো এর একক আধিপত্য। মাছ থেকে মাংস—তরকারি যা-ই হোক, তাতে যেন দু–এক টুকরা আলু থাকা চাই। আলু যে কতভাবে খাওয়া হয়! কোথায় নেই আলু, কার সঙ্গে নেই? সর্বত্র, সবার সঙ্গে আলু মিশে যায় আলগোছে। শিঙাড়া, পুরি, পরোটা, ভর্তা, ভাজি, তরকারি—এসব তো আছেই, কেবল আলুকেই কেন্দ্র করে আছে হরেক পদের খাবার। আলুর চিপস, আলুর পাকোড়া, আলুর কাটলেট, আলুর লুচি, আলুর চপ, আলুর চটপটি, আলুর দম—কত বলব? ফ্রেঞ্চ ফ্রাইয়ের কথা তো আলাদা করে বলতে হয়। আলাভোলা আলুর এক অভিজাত খাদ্যরূপ। দিনে দিনে আলুর কদর বাড়ছেই শুধু। তৈরি হচ্ছে নতুন নতুন রেসিপি। আলুর চাটনি, আলুর পোস্ত, আলুর দোলমা, কাঠিকাবাব, আলুর পায়েস, আলুর হালুয়া, রসমালাই—টক-ঝাল-মিষ্টি সব স্বাদেই আলোকিত আলু। কাচ্চি বা তিহারিতে আস্ত আলু অনেকের কাছে অমৃতসমান। অবশ্য ‘আলুর দোষ’ বলে বাংলা ভাষায় একটা কথা চালু আছে। অভিধান বলছে, এর অর্থ ‘লাম্পট্য’ বা ‘চরিত্রদোষ’। কিন্তু মানুষের লাম্পট্যের দায় আলুর ওপর কেন? সবকিছুর সঙ্গে নিঃসংকোচে আলু মিশে যায় বলে? কে জানে! মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য বোঝাতে আলু নিয়ে আরেকটি প্রবাদ আছে, ‘ঘর পোড়ার মাঝে আইছে আলু পোড়া দিতে।’ হ্যাঁ, চারপাশে তাকালে অবশ্য এমন মানুষ দেখা যায়। অন্যের বিপদগ্রস্ত অবস্থা ব্যবহার করে কেউ কেউ সর্বোচ্চ সুবিধা আদায় করে নেয়। আর ‘বেশি করে আলু খান, ভাতের ওপর চাপ কমান’—বিশেষ সময়ে চালু হওয়া এই পঙ্‌ক্তি তো সবার জানা।

মাত্রাতিরিক্ত আলু খেলে ওজন বেড়ে যাওয়ার ঝুঁকি আছে

আলুর প্রতি মানুষের এই নিঃশর্ত পক্ষপাতিত্বের কিন্তু যৌক্তিক কারণ আছে। প্রথমত, এর সহজলভ্যতা। দ্বিতীয়ত, এর পুষ্টিগুণ। পানি, শর্করা, আমিষ, ক্যালসিয়াম, লৌহ, আঁশ, ভিটামিন সি, ভিটামিন বি১, ভিটামিন বি৬ প্রভৃতি খাদ্য উপাদানের এক অনন্য উৎস এই আলু। আলু রক্তচাপ নিয়ন্ত্রণ করে, ত্বক ভালো রাখে, মস্তিষ্ককে কর্মক্ষম রাখে, হজমে সহায়তা করে, রোগ প্রতিরোধক্ষমতা বাড়ায়। তবে নিশ্চয়ই মাত্রাতিরিক্ত আলু খাওয়া যাবে না। এতে ওজন বেড়ে যাওয়ার ঝুঁকি আছে। তখন আবার আলুর দোষ দেবেন না।

আজ ১৯ আগস্ট, আলু দিবস। যুক্তরাষ্ট্রে এটি জাতীয়ভাবে পালিত হয়। অবশ্য ওয়ার্ল্ড পটেটো কংগ্রেস বলছে, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সঙ্গে তারা ২০২৪ সাল থেকে ৩০ মে আন্তর্জাতিক আলু দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে। সে যাক, এ বছর কিন্তু আজকের দিনেই দিবসটি পালন করতে পারেন।

সূত্র: ডেজ অব দ্য ইয়ার