ঈদে আসছে রায়হান রাফীর নতুন সিনেমা প্রেশার কুকার। ঈদ উপলক্ষে পছন্দের রেসিপি তুলে ধরলেন ছবির ২ অভিনেত্রী মারিয়া শান্ত ও স্নিগ্ধা চৌধুরী।
সিনেমার নাম প্রেশার কুকার হলেও গল্পটি কিন্তু রান্নাকে ঘিরে নয়। সিনেমাটিতে উঠে এসেছে শহরকেন্দ্রিক নারীদের সামাজিক দ্বন্দ্ব, ব্যক্তিগত সংগ্রাম ও মানসিক চাপের গল্প। এ চাপ যখন সীমা ছাড়িয়ে যায়, তখনই বেজে ওঠে প্রেশার কুকারের সিটি। ছবিতে না রাঁধলেও বাস্তবে তিন অভিনেত্রী মাঝেমধ্যে রান্না করেন। তবে সব রান্নার জন্য প্রেশার কুকার ব্যবহার করেন না।
ঈদে ‘নকশা’র পাঠকদের জন্য রেসিপি দিলেন মারিয়া শান্ত ও স্নিগ্ধা চৌধুরী।
ঈদে সেমাই ও পুডিং বানান মারিয়া। তবে নাশতায় চাওমিন বানাতে ও খেতে ভালোবাসেন তিনি। মারিয়ার বানানো চাওমিন তাঁর পরিবারের সদস্যদেরও খুব পছন্দ।
উপকরণ
তেল ২ টেবিল চামচ, রসুনকুচি ১ চা-চামচ, পেঁয়াজকুচি আধা কাপ, চিংড়ি ২০০ গ্রাম, গাজর আধা কাপ, ক্যাপসিকাম আধা কাপ, সয়া সস ২ টেবিল চামচ, চিলি সস ১ টেবিল চামচ, গোলমরিচগুঁড়া আধা চা-চামচ, লবণ স্বাদমতো, নুডলস সেদ্ধ ২০০ গ্রাম, ধনেপাতা কয়েকটি।
প্রণালি
কড়াইয়ে তেল গরম করে তাতে রসুন ও পেঁয়াজ দিয়ে হালকা ভেজে নিন। এরপর চিংড়ি দিয়ে দিন। রং বদলে না যাওয়া পর্যন্ত মাঝারি আঁচে ভাজুন। এবার গাজর ও ক্যাপসিকাম দিয়ে অল্প সময় নেড়ে নিন। সবজি হালকা সেদ্ধ করুন। এরপর আগে থেকে সেদ্ধ করে রাখা নুডলসের পানি ঝরিয়ে কড়াইয়ে দিন। এবার সয়া সস, চিলি সস, গোলমরিচগুঁড়া ও লবণ দিয়ে সবকিছু ভালোভাবে নাড়ুন। দু–তিন মিনিট নেড়ে সব উপকরণ মিশিয়ে নিন। ধনেপাতা ছিটিয়ে গরম-গরম পরিবেশন করুন।
ঈদের সকালে ঘুম থেকে উঠেই মায়ের হাতের চটপটি খোঁজেন স্নিগ্ধা চৌধুরী। ছোটবেলা থেকে মিষ্টিজাতীয় খাবার অপছন্দ। তবে ঈদের আগের রাতে পরিবার ও বন্ধুবান্ধবের জন্য কিছু ডেজার্ট বানান তিনি। এ ছাড়া বাবার জন্য বানান চিকেন রোস্ট আর অন্যদের জন্য বিফ ভেজিটেবল।
উপকরণ
তেল ২ টেবিল চামচ, পেঁয়াজকুচি ১ কাপ, রসুনকুচি ১ চা-চামচ, আদাকুচি ১ চা-চামচ, গরুর মাংস ৫০০ গ্রাম (পাতলা স্লাইস করা), গাজর আধা কাপ লম্বা কাটা, ক্যাপসিকাম আধা কাপ কাটা, পেঁপে আধা কাপ, সয়া সস ২ টেবিল চামচ, অয়েস্টার সস ১ টেবিল চামচ, গোলমরিচগুঁড়া আধা চা-চামচ, কর্নফ্লাওয়ার ১ চা-চামচ, লবণ স্বাদমতো, সাদা তিল ১ টেবিল চামচ।
প্রণালি
কড়াইয়ে তেল গরম করে নিন। প্রথমে পেঁয়াজ, রসুন ও আদা হালকা ভেজে নিন। এরপর গরুর মাংস দিয়ে মাঝারি আঁচে নেড়ে ভাজতে থাকুন। মাংস প্রায় সেদ্ধ হয়ে এলে গাজর, ক্যাপসিকাম ও পেঁপে দিয়ে দিন। সবজি হালকা মচমচে হলে তাতে সয়া সস, অয়েস্টার সস, গোলমরিচ ও লবণ মিশিয়ে নেড়ে নিন। সামান্য পানিতে কর্নফ্লাওয়ার গুলিয়ে দিয়ে দিন, ঝোলটা একটু ঘন হবে। আরও দু-তিন মিনিট নেড়ে নামিয়ে নিন। সাদা তিল ছড়িয়ে পরিবেশন করুন।