গল্পে-আড্ডায় রেসিপি, পর্ব: ১১

শাপলার ডাঁটায় চিংড়ি

‘শাপলা দিয়ে চিংড়ি রান্না করেছি মামা। খুব মজা হয়েছে। রান্না করে দেখবা নাকি?’ হবিগঞ্জ থেকে ফোন করে জানতে চায় ভাগনি তাহমিনা রাহী। উত্তরে বলি, ‘নিউইয়র্কে এক পাউন্ড শাপলার দাম ১২ ডলার, বাংলাদেশি টাকায় ১২-১৩ হাজার টাকা। এত দামি জিনিস তোমার রেসিপি দিয়ে ঝুঁকিতে ফেলতে চাচ্ছি না।’


ভাগনির গলায় অভিমানের সুর, ‘মামা এটা কিন্তু খুব অপমানজনক কথা। কিছুদিন আগে ছোট মাছ দিয়ে আমড়া রান্না করে খেয়েছ না আমার রেসিপিতে? খারাপ হয়েছে? আমি রান্না করে খেয়ে তারপর তোমাকে বলছি, আফজাল সুজন মামাও খুব প্রশংসা করেছে।’

শাপলা

‘আচ্ছা বলো কী কী উপাদান লাগবে?’

‘শাপলা ডাঁটা ৫০০ গ্রাম। চিংড়ি ২০০ গ্রাম। তেজপাতা দুটি, মাঝারি আকারের দুটি পেঁয়াজকুচি, মরিচ ও ধনেগুঁড়া এক টেবিল চামচ। জিরা ও হলুদগুঁড়া এক চা-চামচ। আর লবণ ও তেল।’

‘রাহী এত কম উপাদানের তরকারি যদি মজা না হয়, আমার টাকা ফেরত দিতে হবে কিন্তু!’

খুব একটা মশলা লাগবে না এই রান্নায়

‘রান্না শুরু করো তো! টাকা ফেরত দিব, আর মজা হলে আমাকে গিফট দিতে হবে। এখন শোনো, কীভাবে রান্না করবা। প্রথমে শাপলার ডাঁটাগুলো ছোট ছোট টুকরা করে কেটে ১৫ মিনিট সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ হওয়ার পর পানি ঝরিয়ে নিতে হবে। এরপর ২০০ গ্রাম চিংড়ি মাছ সামান্য তেল, এক চিমটি হলুদগুঁড়া, এক চিমটি লবণ দিয়ে ভেজে নিতে হবে দুই–চার মিনিট। ভাজা চিংড়ি এবং সেদ্ধ করা শাপলা ডাঁটা চুলা থেকে নামিয়ে একটি পাত্রে রেখে দাও।’

২০০ গ্রামের মতো চিংড়ি নিলেই চলবে

‘তারপর?’

‘একটি কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজকুচি ভাজা শুরু করো। পেঁয়াজ বাদামি রং ধারণ করলে অন্যান্য মসলা দিয়ে অন্তত ৮-১০ মিনিট কষাও। লেগে যেতে শুরু করলে একটু পানি দাও। তেল ওপরে ভেসে উঠলে বুঝবা কষানো শেষ। এবার সেদ্ধ করা শাপলার ডাঁটা ও ভেজে রাখা চিংড়ি মাছ পাত্রে দিয়ে দিতে হবে।’

শাপলার ডাটাগুলো এভাবে কাটুন। একটু লম্বা লম্বাও রাখতে পারেন

‘আর পানি দিব, নাকি এ রকম শুকনা থাকবে?’

রাহী উত্তর দেয়, ‘আধা লিটার পানি দিয়ে আবার সেদ্ধ করতে হবে। মাঝারি আঁচে ২০ মিনিট জ্বাল দাও। রান্না শেষ। অনেকে এই রান্নায় পানির বদলে নারকেলের দুধ দেয়। তোমাকে আর নারকেলের দুধের ঝামেলায় ফেললাম না।’

রান্না শুরু করার আগেই শেষ হয়ে গেল। অল্প সময়ের এই রান্নাটি খেয়ে রাহীকে আমার পুরস্কার দিতে হয়েছে। অদ্ভুত মজা। দেশে তো শাপলার দাম খুবই কম। সম্ভবত একমাত্র শাপলারই দাম কম। ট্রাই করে দেখুন।

হয়ে গেছে রান্না