মাংস ছাড়াও গরুর অনেক কিছু খাওয়ার আছে। জিব, মাথা, ভুড়ি, পায়া, তিল্লি—নানা উপায়ে রান্না করা যায় এসব উপকরণ। এখানে গরুর তিল্লিভাজার রেসিপি দিয়েছেন ফারাহ্ সুবর্ণা
উপকরণ
গরুর তিল্লি আধা কেজি
পেঁয়াজকুচি আধা কাপ
রসুনকুচি ১ চা–চামচ
আদাকুচি আধা চা–চামচ
আদাবাটা আধা চা–চামচ
রসুনবাটা আধা চা–চামচ
হলুদগুঁড়া ১ চা–চামচ
মরিচগুঁড়া ১ চা–চামচ
ধনেগুঁড়া আধা চা–চামচ
জিরাগুঁড়া ১ চা–চামচ
গরমমসলাগুঁড়া ১/৩ চা–চামচ
কাঁচা মরিচকুচি ১ চা–চামচ
লেবুর রস ১ চা–চামচ
লবণ স্বাদমতো
তেল ৩ টেবিল চামচ
প্রণালি: গরুর তিল্লি পর্দা ফেলে পরিষ্কার করে নিতে হবে। তারপর হলুদ–লবণ দিয়ে ১০ মিনিট সেদ্ধ করে পানি ঝরিয়ে ঠান্ডা করে নিয়ে স্ট্রিপ আকারে কেটে নিতে হবে। তারপর আদাবাটা, রসুনবাটা, হলুদগুঁড়া, মরিচগুঁড়া, ধনেগুঁড়া, জিরাগুঁড়া দিয়ে ম্যারিনেট করে রাখতে হবে আধা ঘণ্টার মতো। তারপর এক কাপ পানি আর প্রয়োজনমতো লবণ দিয়ে মসলাসহ সেদ্ধ করে পানি শুকিয়ে ফেলতে হবে। প্যানে তেল গরম করে তাতে রসুন-আদাকুচি দিয়ে একটু ভাজুন। তারপর পেঁয়াজকুচি, কাঁচা মরিচকুচি দিয়ে হালকা ভাজুন। এতে সেদ্ধ তিল্লি দিয়ে ভাজা ভাজা করে ওপরে গরমমসলাগুঁড়া আর লেবুর রস ছড়িয়ে দিন। রুটি বা পরোটার সঙ্গে দারুণ খেতে এই তিল্লিভাজা।