রেসিপি

দেশি সবজির বিদেশি পদ

স্বাদের একঘেয়েমি দূর করতে চেনা দেশি সবজি দিয়ে বানাতে পারেন ভিন্ন স্বাদের বিদেশি ঘরানার কিছু রেসিপি। দিয়েছেন জোবায়দা আশরাফ।

শাপলা ফ্রিটার

উপকরণ: শাপলা ডাঁটা ২০০ গ্রাম, ময়দা আধা কাপ, কর্নফ্লাওয়ার ২ টেবিল চামচ, চালের গুঁড়া ২ টেবিল চামচ, আদা-রসুনের পেস্ট ১ চা-চামচ, পাপরিকা ১ চা-চামচ, গোলমরিচের গুঁড়া আধা চা-চামচ, সাদা তিল ১ চা-চামচ, লবণ ও পানি পরিমাণমতো, ভাজার জন্য তেল, কয়েকটি টুথপিক।

গার্লিক সসের উপকরণ ও প্রণালি: মেয়নেজ ১ কাপ, রসুনকুচি ২ টেবিল চামচ, শর্ষে পেস্ট ২ টেবিল চামচ, সাদা গোলমরিচের গুঁড়া ১ চা-চামচ। সব একসঙ্গে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলে তৈরি হয়ে যাবে গার্লিক সস।

শাপলা ফ্রিটার

প্রণালি: শাপলা ডাঁটা আঁশ ফেলে ভালো করে ধুয়ে কিচেন টিস্যু দিয়ে মুছে নিতে হবে। এরপর ৩ ইঞ্চি লম্বা করে কেটে নিন। টুথপিক ও তেল ছাড়া বাকি উপকরণ মেখে মিশ্রণ তৈরি করতে হবে। শাপলার টুকরা চারটা করে নিয়ে টুথপিক দিয়ে গেঁথে নিতে হবে, দেখতে যেন ভেলার মতো লাগে। শাপলার ভেলা মিশ্রণে ডুবিয়ে নিন। গরম তেলে ভেজে তুলতে হবে। সব ভাজা হলে কিচেন টিস্যুতে নিয়ে তেল ঝরিয়ে রসুন বা গার্লিক সস দিয়ে পরিবেশন করুন।

ভেজিটেবল পট পাই

উপকরণ: পাই পেস্ট্রি শিট দুটি ১০ ইঞ্চি।

সবজির ফিলিঙের উপকরণ: লাউ, মিষ্টিকুমড়া, পেঁপে, বরবটি, গাজর ৪ কাপ, মুরগির বুকের মাংস আধা কাপ, আদা-রসুনবাটা ১ চা-চামচ, মুরগির স্টক কিউব ১টি, সাদা সস ১ কাপ, বেসিল পাতা ১ চা-চামচ, অরিগানো আধা চা-চামচ, কাঁচা মরিচকুচি ২ চা-চামচ, সাদা গোলমরিচের গুঁড়া ১ চা-চামচ, সয়াবিন তেল ৩ টেবিল চামচ, রসুনকুচি ১ টেবিল চামচ, ধনেপাতা পরিমাণমতো, লবণ পরিমাণমতো।

ভেজিটেবল পট পাই

প্রণালি: সবজিগুলো খোসা ফেলে মাঝারি আকারের কিউব করে কেটে নিতে হবে। এরপর লবণ পানিতে আদা সেদ্ধ করে ব্লান্চ করুন। মুরগির মাংস আদা, রসুনবাটা, লবণ দিয়ে সামান্য পানি দিয়ে সেদ্ধ করে নিতে হবে। হাত দিয়ে ছিঁড়ে টুকরা করতে হবে। অন্যদিকে প্যানে তেল গরম করে নিন। রসুনকুচি দিয়ে ভেজে নিন। সেদ্ধ সবজি ঢেলে দিয়ে সাঁতলে নিন। মুরগির স্টক, মুরগির মাংস ও অন্য সব উপকরণ একে একে দিয়ে নাড়তে থাকুন। নামিয়ে ঠান্ডা করে নিতে হবে, এবার ওভেনপ্রুফ ডিশে পাই পেস্ট্রি শিট বসান। এর ওপর সবজি ঢেলে দিতে হবে। এর ওপর আরেকটা শিট বসিয়ে দিন। ছুরি দিয়ে ডিজাইন করে দাগ কাটতে হবে, এরপর ওভেনে ১৮০ ডিগ্রিতে ২৫-৩০ মিনিট বেক করতে হবে।

চিজি চিচিঙ্গা

উপকরণ: চিচিঙ্গা ১টি, বাটন মাশরুম ৬-৭টি, সেদ্ধ আলু ৩টি, ডিমের কুসুম ১টি, মাখন ২ টেবিল চামচ, সাদা গোলমরিচের গুঁড়া ১ চা-চামচ, ব্রেড ক্রাম্ব আধা কাপ, রোজমেরি ১ চা-চামচ, রসুনকুচি ১ টেবিল চামচ, পারমিজান চিজ আধা কাপ, কাঁচা মরিচকুচি ২ চা-চামচ, পুদিনাপাতা ২ টেবিল চামচ, টমেটো সস ২ টেবিল চামচ, লবণ পরিমাণমতো, সিরকা ১ চা-চামচ, মোজারেলা চিজ ১০০ গ্রাম।

চিজি চিচিঙ্গা

প্রণালি: চিচিঙ্গা খোসা ছাড়িয়ে নিন। মাঝখান দিয়ে কেটে দুই টুকরা করুন। এরপর ভেতরের বিচি ফেলে দিন। এবার সিরকা দিয়ে ধুয়ে কিচেন টিস্যু দিয়ে মুছে নিতে হবে। ১ চা-চামচ মাখন, একটু লবণ, গোলমরিচের গুঁড়া দিয়ে মেখে ওভেনে বেক করতে হবে ৭-৮ মিনিট। অন্যদিকে প্যানে মাখন দিন। রসুনকুচি সোনালি করে ভেজে নিতে হবে। স্লাইস করা মাশরুম দিয়ে ভাজুন। এরপর ব্রেড ক্রাম্ব দিয়ে ভাজতে হবে। পারমিজান চিজ ছাড়া বাকি উপকরণ দিয়ে রান্না করে ফেলুন। চিচিঙ্গার নিচে ফয়েল দিয়ে মুড়িয়ে নিতে হবে। এবার রান্না করা ফিলিঙের সঙ্গে পারমিজান চিজ মিশিয়ে নিতে পারেন। চিচিঙ্গার ভেতর রান্না করা মিশ্রণটি দিয়ে ওপরে মোজারেলা চিজ গ্রেট করে দিন। আবার ওভেনে বেক করতে হবে। ৭-৮ মিনিট পর নামিয়ে পছন্দমতো সস দিয়ে পরিবেশন করুন।