
ফল তো আমরা এমনি এমনিই খাই। চাইলে কিছু ফলকে রান্নায় সবজি হিসেবেও ব্যবহার করা যায়। এখানে রইল কাঁচা কাঁঠালে গরুর মাংস রাঁধার রেসিপি দিয়েছেন সেলিনা আক্তার
মাংসের উপকরণ: গরুর মাংস দেড় কেজি, কাঁচা কাঁঠাল ৫০০ গ্রাম, পেঁয়াজবাটা সিকি কাপ, আদাবাটা দেড় টেবিল চামচ, রসুনবাটা ১ টেবিল চামচ, লাল মরিচগুঁড়া ২ চা–চামচ, হলুদগুঁড়া ১ চা–চামচ, জিরাগুঁড়া ১ চা–চামচ, ধনেগুঁড়া ১ চা–চামচ, গরমমসলার গুঁড়া ১ চা–চামচ, লবণ স্বাদমতো।
প্রণালি: একটি বোলে মাংসসহ মাংসের উপকরণের সব মসলা একসঙ্গে নিয়ে ভালো করে মাখিয়ে এক ঘণ্টা রেখে দিন।
কাঁচা কাঁঠাল প্রস্তুত প্রণালি: কাঁঠালের বাইরের অংশ কিছুটা মোটা করে কেটে ফেলে দিন। ভেতরের অংশটুকু থেকে কিছু বাদ দেওয়ার থাকলে সেটা সরিয়ে ডুমো করে কেটে নিন। ধুয়ে হলুদ–লবণ মেশানো পানিতে ফুটিয়ে নিন। একটি কড়াইতে এবার শর্ষের তেলে ফুটিয়ে রাখা কাঁঠালে একটু লবণ-মরিচ মেখে ভেজে তুলে রাখুন।
মূল উপকরণ: পেঁয়াজকুচি আধা কাপ, রসুনকুচি ১ টেবিল চামচ, আদাকুচি ১ টেবিল চামচ, দারুচিনি ১ স্টিক, এলাচি ২–৩টি, তেজপাতা ১টি, ভাজা জিরার গুঁড়া ১ চা–চামচ, কাঁচা মরিচ ৮–১০টি ও শর্ষের তেল আধা কাপ।
প্রণালি: চুলায় হাঁড়ি বসিয়ে তেল দিন। তেল গরম হলে আস্ত গরমমসলা একটু ভেজে নিন। ভাজা গন্ধ বের হলে সব কুচানো মসলা দিয়ে ভাজুন। মাখিয়ে রাখা মাংসটা এবার দিন। নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখুন। পানি দেওয়ার দরকার নেই, মাংস থেকেই পানি ছাড়বে। কিছু সময় পর ঢাকনা তুলে মাংসটা নেড়ে আবার ঢাকনা দিয়ে আস্তে আস্তে ভুনতে থাকুন। মাংস আধা সেদ্ধ হলে ভেজে রাখা কাঁঠাল দিয়ে কষান। এবার ২ কাপ গরম পানি দিয়ে কম আঁচে আবারও ঢেকে রাখুন। মাংস সেদ্ধ হয়ে গেলে ভাজা জিরার গুঁড়া ও কাঁচা মরিচ দিয়ে আরও ৫ মিনিট দমে রেখে নামিয়ে নিন।