ঈদে আসছে রায়হান রাফীর নতুন সিনেমা প্রেশার কুকার। ঈদ উপলক্ষে পছন্দের রেসিপি তুলে ধরলেন ছবির অভিনেত্রী নাজিফা তুষি।
সিনেমার নাম প্রেশার কুকার হলেও গল্পটি কিন্তু রান্নাকে ঘিরে নয়। সিনেমাটিতে উঠে এসেছে শহরকেন্দ্রিক নারীদের সামাজিক দ্বন্দ্ব, ব্যক্তিগত সংগ্রাম ও মানসিক চাপের গল্প। এ চাপ যখন সীমা ছাড়িয়ে যায়, তখনই বেজে ওঠে প্রেশার কুকারের সিটি। ছবিতে না রাঁধলেও বাস্তবে তিন অভিনেত্রী মাঝেমধ্যে রান্না করেন। তবে সব রান্নার জন্য প্রেশার কুকার ব্যবহার করেন না।
ঈদে ‘নকশা’র পাঠকদের জন্য রেসিপি দিলেন নাজিফা তুষি।
সারা বছর সেমাই না খেলেও ঈদের দিন সেমাই খান নাজিফা তুষি। এবার ঈদ কাটবে বিভিন্ন সিনেমা হলে ঘুরে। বিভিন্ন ধরনের মিষ্টান্ন বানাতে পছন্দ করেন তিনি। ঈদে পোলাও–কোরমা তো হবেই। বাসায় থাকা উপকরণ দিয়ে ফ্রায়েড রাইসও বানিয়ে ফেলেন নাজিফা তুষি।
উপকরণ
তেল: ২ টেবিল চামচ
রসুনকুচি: ১ চা-চামচ
চিংড়ির ছোট টুকরা: সিকি কাপ
মুরগির ছোট টুকরা: আধা কাপ
ডিম: ২টি
গাজর: আধা কাপ
ক্যাপসিকাম: আধা কাপ পাতলা করে কাটা
কাঁচা মরিচকুচি: ২-৩টি
সেদ্ধ চাল: ৩ কাপ
সয়া সস: ১ টেবিল চামচ
চিলি সস: ১ টেবিল চামচ
গোলমরিচগুঁড়া: আধা চা-চামচ
লবণ: স্বাদমতো
পেঁয়াজের কলিকুচি: আধা কাপ।
প্রণালি
কড়াইয়ে তেল গরম করে প্রথমে রসুনকুচি হালকা ভেজে নিন। চিংড়ি ও মুরগির টুকরা দিয়ে মাঝারি আঁচে নেড়ে ভাজুন। ডিম ভেঙে দিয়ে দ্রুত নেড়ে ঝুরঝুরে করে নিন। গাজর, ক্যাপসিকাম ও কাঁচা মরিচ দিয়ে এক–দুই মিনিট নেড়ে ভাজুন। সেদ্ধ চাল দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিন। তাতে সয়া সস, চিলি সস, গোলমরিচ ও লবণ দিয়ে আবার নেড়ে নিন। সবশেষে পেঁয়াজের কলি ছড়িয়ে আরও এক মিনিট নেড়ে গরম-গরম পরিবেশন করুন।