সময় এখন কমলার। সরাসরি খাওয়ার পাশাপাশি এই ফল দিয়ে তৈরি করতে পারেন নানা পদ। ভিন্নতা তো আসবেই, শীতের একটা আমেজও পেয়ে যাবেন। রেসিপি দিয়েছেন জেবুন্নেসা বেগম।
উপকরণ: পোলাওয়ের চাল ১ কেজি, চিংড়ি আধা কেজি, কমলার টুকরা দেড় কাপ, কমলার রস ১ কাপ, কমলার খোসারকুচি ১ টেবিল চামচ, আদাবাটা ১ টেবিল চামচ, রসুনবাটা ১ চা-চামচ, তেল ১ টেবিল চামচ, গরম মসলা কয়েকটি, নারকেলের দুধ আধা কাপ, লবণ স্বাদমতো, পানি ৩ কাপ।
প্রণালি: তেলে গরম মসলা ভেজে নিন। আদা ও রসুনবাটা দিয়ে দিন। মসলা কষানো হলে চাল ও লবণ দিয়ে কয়েক মিনিট নাড়ুন। ৩ কাপ পানি দিন। মাঝারি আঁচে ঢেকে দিন। ১০ মিনিট পর ঢাকনা তুলে কমলার রস, নারকেলের দুধ, কমলার খোসারকুচি ছড়িয়ে দিন। আবার ঢাকনা দিয়ে চুলার আঁচ কমিয়ে দিন। পানি শুকিয়ে এলে লবণ দিয়ে দিন। ভেজে রাখা চিংড়ি ও কমলার টুকরা দিয়ে পোলাও হালকাভাবে নেড়ে নিন। কয়েক মিনিট ঢাকনা দিয়ে কম আঁচে চুলা বন্ধ করে দিন।
উপকরণ: স্যামন মাছের টুকরা ৪টি, আদাগুঁড়া ১ চা-চামচ, রসুনগুঁড়া ১ চা-চামচ, পাপরিকা ১ চা-চামচ, গোলমরিচগুঁড়া আধা চা-চামচ, লবণ সামান্য, মাখন ১ টেবিল চামচ, তেল ১ টেবিল চামচ, কমলার রস আধা কাপ, রসুনকুচি আধা চা-চামচ, মধু ২ চা-চামচ, কমলার খোসা মিহি গুঁড়া করে নেওয়া (অরেঞ্জ জেস্ট) ১ চা-চামচ।
প্রণালি: কাটা ছড়ানো স্যামন মাছের টুকরা ধুয়ে পানি ঝরিয়ে নেবেন। এরপর এতে আদাগুঁড়া, রসুনগুঁড়া, পাপরিকা, গোলমরিচগুঁড়া ও সামান্য লবণ মেখে ১০ মিনিট রাখুন। প্যানে তেল ও মাখন গরম করে মাছের দুই পাশ ভেজে তুলে নিন। ওই তেলে রসুন ভেজে নিন। কমলার খোসা ও রস দিয়ে নিন। মধু দিয়ে কয়েক মিনিট পর ভাজা মাছ দিয়ে দিন, চাইলে মধু মাছের ওপর ঢেলেও পরিবেশন করতে পারেন।