টেইলর সুইফটের জীবনসঙ্গী ট্রাভিস কেলসি সম্পর্কে কতটা জানেন
ট্রাভিস কেলসি মার্কিন ফুটবলের অন্যতম সেরা তারকা। তবে গত কয়েক বছরে সংগীতশিল্পী টেইলর সুইফটের সঙ্গে সম্পর্কের কারণেও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন। কে এই ট্রাভিস?
জীবনযাপন ডেস্ক
ট্রাভিস কেলসি যুক্তরাষ্ট্রের জনপ্রিয় পেশাদার আমেরিকান ফুটবল লিগের অন্যতম সফল খেলোয়াড়। ‘কানসাস সিটি চিফস’ দলের হয়ে খেলেন এবং তাঁর পজিশনের নাম ‘টাইট এন্ড’।২০১৩ সালে এনএফএলে অভিষেকের পর থেকেই কেলসি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন লিগের সেরা খেলোয়াড়দের একজন হিসেবে। একাধিকবার সুপার বোল জয়ের পাশাপাশি অনেক ব্যক্তিগত স্বীকৃতিও আছে তাঁর ঝুলিতে।
বিজ্ঞাপন
২০২৩ সালে টেইলর সুইফটের একটি কনসার্টে নিজের ফোন নম্বর লেখা বন্ধুত্বের ব্রেসলেট দিতে চেয়েছিলেন ট্রাভিস। সুযোগ না পেলেও পরে একটি পডকাস্টে বিষয়টি মজার ছলে বলেছিলেন।একনজরে ট্রাভিস কেলসিএর কিছুদিন পরই দুজনের পরিচয়, বন্ধুত্ব এবং পরে প্রেমের সম্পর্কের খবর প্রকাশ্যে আসে। স্টেডিয়ামে টেইলরের উপস্থিতি এবং কনসার্টে ট্রাভিসের উপস্থিতি দ্রুতই তাঁদের সম্পর্ককে বিশ্বের সবচেয়ে আলোচিত সেলিব্রিটি সম্পর্কগুলোর একটিতে পরিণত করে।২০২৫ সালে বাগ্দানের ঘোষণা দেন এই তারকা জুটি। এর পর থেকেই তাঁদের বিয়ে নিয়ে ভক্তদের আগ্রহ তুঙ্গে। সাম্প্রতিক সময়ে নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে তাঁদের বিয়ের আয়োজন নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। যদিও অনুষ্ঠান নিয়ে সব তথ্য এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।ট্রাভিস কেলসির ব্যক্তিগত জীবনের একটি বড় বৈশিষ্ট্য হলো পরিবারের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক। মা, বাবা, বড় ভাই এবং পরিবারের অন্য সদস্যদের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে যুক্তরাষ্ট্রে অনেক আলোচনা হয়।বিশেষ করে ট্রাভিসের বড় ভাই জেসন কেলসিও এনএফএলের একজন কিংবদন্তিতুল্য খেলোয়াড়। দুই ভাই মিলে পরিচালনা করেন জনপ্রিয় পডকাস্ট ‘নিউ হাইটস’, যেখানে খেলাধুলা থেকে শুরু করে ব্যক্তিগত জীবনের নানা বিষয় নিয়েও খোলামেলা কথা বলেন।
বিজ্ঞাপন
কেলসি পরিবারের সদস্যরা টেইলর সুইফটকে বরাবরই আন্তরিকভাবে গ্রহণ করেছেন। ট্রাভিসের ভাই জেসন কেলসি এক সাক্ষাৎকারে বলেন, টেইলরকে তিনি শুধু ভাইয়ের ভবিষ্যৎ স্ত্রী হিসেবেই দেখেন। তাঁদের সম্পর্ককে স্বাভাবিক পারিবারিক সম্পর্কের মধ্যেই রাখতে চান।ট্রাভিসও একাধিকবার বলেছেন, তাঁর মা এবং টেইলর সুইফটের মধ্যে অনেক মিল। তাঁদের আন্তরিকতা, সবার সঙ্গে সহজভাবে মিশে যাওয়ার ক্ষমতা এবং অন্যকে সমর্থন করার মানসিকতা তাঁর কাছে সবচেয়ে বেশি চোখে পড়ে।মাঠের বাইরেও ট্রাভিস কেলসি সমান জনপ্রিয়। বিজ্ঞাপন, টেলিভিশন অনুষ্ঠান, পডকাস্ট ও জনহিতকর কর্মকাণ্ড—সব মিলিয়ে তিনি যুক্তরাষ্ট্রের অন্যতম পরিচিত ক্রীড়া ব্যক্তিত্ব। তাঁর সহজ-সরল ব্যক্তিত্ব ও রসবোধও ভক্তদের কাছে তাঁকে আলাদা করে তুলেছে।টেইলর সুইফটের সঙ্গে সম্পর্কের পর তাঁর জনপ্রিয়তা আরও বেড়েছে। তবে ভক্তদের মতে, এই সম্পর্কের সবচেয়ে সুন্দর দিক হলো—দুজনই নিজ নিজ ক্যারিয়ারে সফল, আবার একে অপরের কাজের প্রতিও সমান শ্রদ্ধাশীল।