মনীশের নকশায় পোশাক পরে বিয়ের পিঁড়িতে বসেছিলেন যে বলিউড তারকারা

‘শেরশাহ’ সিনেমার শুটিং থেকে পরিচয়। সেখান থেকে প্রণয়, অতঃপর পরিণয়। বলিউডের আলোচিত জুটি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি গাঁটছড়া বাঁধলেন অবশেষে। সবার কাছে তাঁদের পরিচয় এখন ‘সিয়ারা’। আর এই জুটির পোশাক ডিজাইন করে বৃহস্পতির তুঙ্গে আছেন ভারতীয় ডিজাইনার মনীশ মালহোত্রা। বিয়ের পোশাক নিয়ে নিত্যনতুন নিরীক্ষা চালানো মনীশের কাছে নতুন কিছু নয়। ক্যারিয়ারের শুরু থেকেই বিয়ের পোশাক নিয়ে পরীক্ষা-নিরীক্ষা তাঁর স্বভাব। ফলে বলিউড তারকাদের পছন্দের তালিকায় ওপরের দিকেই থাকে তাঁর নাম। মনীশের পোশাক পরে বিয়ের পিঁড়িতে বসা ভারতীয় অভিনেত্রীদের নিয়েই এ লেখা।

ভাবনা পান্ডে

ছবি: ইনস্টাগ্রাম থেকে

ভাবনা পান্ডে ছিলেন মনীশ মালহোত্রার নকশা করা প্রথম তারকা বধূ। প্রথম নকশাতেই ছক্কা হাঁকিয়েছিলেন তিনি। প্রচলিত লাল রং থেকে সরে এসে ভাবনাকে সাজিয়েছিলেন পাউডার ব্লু রঙের পোশাকে। ভারতীয় ও পশ্চিমা সংস্কৃতির মিশ্রণে তৈরি করা এই পোশাক বেশ শোরগোল ফেলেছিল বলিউড পাড়ায়।

কারিশমা কাপুর

ভাবনার পর কারিশমা কাপুরের বিয়েতেও নিজের পরীক্ষা–নিরীক্ষা চালিয়েছিলেন মনীশ। কারিশমা বিয়ের পিঁড়িতে বসেছিলেন গোলাপি লেহেঙ্গায়। তার ওপর রুপালি চুমকির কাজ নজর কেড়েছিল সবার। বিয়েতে লাল-সোনালি নকশা ছেড়ে বলিউডকে নতুন কিছু উপহার দিয়েছিলেন মনীশ।

কারিনা কাপুর

কারিশমার বিয়েতে কাপুর পরিবারের ছোট মেয়েকেও সাজিয়েছিলেন মনীশ। বিবাহোত্তর সংবর্ধনায় কারিনা কাপুর হাজির হয়েছিলেন বেবি পিংক কুর্তা ও হট পিংক সাহারায়।

প্রীতি জিনতা

মনীশ মালহোত্রার হাতে সাধারণ একটা লাল লেহেঙ্গাও হয়ে ওঠে অসাধারণ কিছু। প্রীতি জিনতার বিয়ের পোশাকই তার উদাহরণ। লেহেঙ্গা তৈরি করেছিলেন সিল্ক ও বেনারসির মিশ্রণে। পোশাকজুড়ে ছিল সোনালি নকশা। ওড়নায় আলাদা করে কোনো কাজ না করলেও সব মিলিয়ে প্রীতি জিনতাকে রাজকীয় বধূই মনে হচ্ছিল।

ঊর্মিলা মাতন্ডকর

প্রীতি জিনতার এক মাস পরেই বিয়ের পিঁড়িতে বসেছিলেন ঊর্মিলা। তাই বলে মনীশ কিন্তু পরীক্ষা-নিরীক্ষা করতে ভুল করেননি। প্রীতিকে আপাদমস্তক লালে সাজালেও ঊর্মিলার জন্য বেছে নিয়েছিলেন লাল-গোলাপির মিশ্রণ। সিল্ক আর বেনারসির মিশ্রণে তৈরি পোশাকটিতে ছিল সোনালি নকশা।

আনুশকা রঞ্জন

বিয়ের পোশাক যে লাল, গোলাপি, সোনালি ছাড়াও হতে পারে, মনীশ মালহোত্রা সেটাই নতুন করে প্রমাণ করতে নেমেছিলেন। ভারতীয় টেলিভিশন অভিনেত্রী আনুশকা রঞ্জনকে সাজিয়েছিলেন বেগুনি রঙে। বিয়ের পোশাকে নতুন ট্রেন্ড সৃষ্টি করেছিল বেগুনি পোশাক।

অঙ্কিতা লখান্দে

বেগুনির পর মনীশ পরবর্তী বধূকে সাজিয়েছিলেন সোনালিতে। লেহেঙ্গা থেকে ওড়না, পুরো পোশাকে ছিল সুতার কাজের নকশা। ভারতীয় টেলিভিশন অভিনেত্রী অঙ্কিতা পুরো বিয়ের আসরে ছিলেন সোনালিতে ঝলমলে।

কিয়ারা আদভানি

মনীশ মালহোত্রার সর্বশেষ নকশা বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানির জন্য। গোলাপি লেহেঙ্গা, পোশাকে সোনালি সুতার কাজ—সব মিলিয়ে মনীশের পরীক্ষা-নিরীক্ষা বিফলে যায়নি। বরাবরের মতো বিয়ের পোশাকে নিজের রাজত্ব ধরে রেখেছেন মনীশ।