মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬-এর সেরা তিন প্রতিযোগী
মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬-এর সেরা তিন প্রতিযোগী

কে হলেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬?

মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬-এর গ্র্যান্ড ক্রাউনিং সেরেমনিতে বিজয়ী হয়েছেন সামানজার সাঈদ। আজ শনিবার রাজধানীর র‍্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনের মল্লিকা হলে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁর মাথায় বিজয়ীর মুকুট পরানো হয়। ৭৫তম মিস ওয়ার্ল্ড ফেস্টিভ্যালে ভিয়েতনামে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন তিনি।

‘বিউটি উইথ আ পারপাস’—মিস ওয়ার্ল্ডের এ মূলমন্ত্র সামনে রেখে এবারের আয়োজন সাজানো হয়। অনুষ্ঠানের শুরুতে বক্তব্য দেন আজরা মাহমুদ ট্যালেন্ট ক্যাম্পের প্রতিষ্ঠাতা ও মিস ওয়ার্ল্ড বাংলাদেশের ন্যাশনাল ডিরেক্টর আজরা মাহমুদ।

আজরা মাহমুদ বলেন, ‘আজরা মাহমুদ ট্যালেন্ট ক্যাম্পের যাত্রা শুরু হয়েছিল তরুণদের মডেলিং ও প্রেজেন্টিংয়ের মাধ্যমে ক্ষমতায়নের উদ্দেশ্যে। সময়ের সঙ্গে আমরা এগিয়েছি। ইতিমধ্যে মডেলিংয়ের ১০টি ব্যাচ বেরিয়েছে, যেখান থেকে অনেকেই এখন খুব ভালো কাজ করছেন।’

একই সঙ্গে আয়োজনের সহযোগীদের কৃতজ্ঞতা জানান আজরা।

মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬ হয়েছেন সামানজার সাঈদ

এবারের প্রতিযোগিতার বিচারক ছিলেন মিস ইউনিভার্স বাংলাদেশ ২০১৯ শিরিন আক্তার শিলা, মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৯ রাফা নানজীবা তোরসা, ‘হালফ্যাশন’–এর কনসালট্যান্ট ও হেরিটেজ টেক্সটাইল বিশেষজ্ঞ শেখ সাইফুর রহমান, ডেইলি স্টারের ‘স্টার লাইফস্টাইল’-এর সম্পাদক মেহরিন আফরোজ চৌধুরী এবং মিস ইন্টারন্যাশনাল বাংলাদেশ ২০২৪ এফা তাবাসসুম।

গ্র্যান্ড ফিনালেতে বিভিন্ন ধাপ পেরিয়ে আসা সেরা পাঁচ প্রতিযোগী—আয়শা রহমান, যুক্তা ভৌমিক, লাবিবা মনজুর, সামানজার সাঈদ ও স্বাগতা সাহা ঐশী মঞ্চে ওঠেন। এরপর প্রশ্নোত্তর পর্বে বিচারকদের প্রশ্নের উত্তর দেন তাঁরা।

৭৫তম মিস ওয়ার্ল্ড ফেস্টিভ্যালে ভিয়েতনামে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন সামানজার সাঈদ

শেষ পর্বে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। সব প্রতিযোগীকে পেছনে ফেলে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬-এর মুকুট জেতেন সামানজার সাঈদ। ৭৫তম মিস ওয়ার্ল্ড ফেস্টিভ্যালে ভিয়েতনামে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন তিনি। হো চি মিন শহরে আয়োজনটি বসবে আগামী ৯ আগস্ট, যার গ্র্যান্ড ফিনালে ৫ সেপ্টেম্বর। মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬–এ প্রথম রানারআপ হয়েছেন স্বাগতা সাহা ঐশী, দ্বিতীয় রানারআপ লাবিবা মনজুর।