
তোফাজ্জল হোসেন স্যারকে শিক্ষক হিসেবে পেয়েছিলাম বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে। বাংলা পড়াতেন। কিন্তু দুনিয়ার নানা বিষয়ে তাঁর পাণ্ডিত্য অসাধারণ। আমরা তখন সদ্য স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজে। স্যারের বাচনভঙ্গি, জীবনদর্শন, চিন্তা, সংস্কৃতিবোধ—সবকিছুই প্রবলভাবে আকর্ষণ করত। সেই ২০০২ সালে স্যার একবার ক্লাসে বলেছিলেন, নতুন কোনো শহরে গিয়ে মানুষের দুটি জায়গায় যাওয়া প্রয়োজন। একটি হলো জাদুঘর, অন্যটি লাইব্রেরি বা গ্রন্থাগার। জাদুঘর হলো ইতিহাস, সভ্যতা ও সংস্কৃতির কেন্দ্র। আর লাইব্রেরি মানুষের চিন্তাচেতনা, মননশীলতা ও জ্ঞানের ভান্ডার। এই দুই জায়গাতে গেলেই সেই দেশ সম্পর্কে ভালো ধারণা পাওয়া যায়।
আমার স্ত্রীর উচ্চশিক্ষার সুবাদে গত বছরের জুলাই মাসে সপরিবার আমাদের অস্ট্রেলিয়ার ব্রিসবেনে যাওয়ার সুযোগ হয়েছিল। সেখানকার সবকিছুই ভালো লাগার মতো। মানুষ খুব কম। চারদিক ছিমছাম। আবহাওয়া চমৎকার। নতুন দেশে কিছুদিন কাটানোর পরপরই দেশটি ঘুরেফিরে দেখার চেষ্টা শুরু করি। তখন তোফাজ্জল স্যারের কথা মনে হয়। মনে মনে সিদ্ধান্ত নিই, ব্রিসবেনের জাদুঘর ও লাইব্রেরি দেখতে যাব। সুযোগটা হয় ১১ আগস্ট।
বেলা তিনটার দিকে প্রবেশ করি লাইব্রেরিতে। নদীর তীরে ছিমছাম, আধুনিক ভবন। মূল লাইব্রেরির দোতলায় পড়ার জায়গা। সারি সারি বই। পড়ার টেবিল, টেবিল ল্যাম্প। সাহায্যকারী বসে আছেন কম্পিউটারের সামনে।
১০ মিনিটে লাইব্রেরি কার্ড
অস্ট্রেলিয়ার বেশির ভাগ মানুষই খুব বন্ধুবৎসল, সাহায্যকারী। বিভিন্ন অফিসে কাউকে সেবা দেওয়ার জন্য তাঁরা মুখিয়ে থাকেন। লাইব্রেরির দায়িত্বে থাকা ভদ্রমহিলাকে আমার পরিচয় দিলাম। জানালাম, আমি এখানে পড়তে এসেছি, অস্ট্রেলিয়া সম্পর্কে জানতে এসেছি। তিনি আমাকে সাদরে গ্রহণ করলেন। বললেন, লাইব্রেরি কার্ড করার জন্য। মনে হলো, কাজটা না জানি কত ঝামেলার! কিন্তু আমাকে অবাক করে দিয়ে তিনি মাত্র ১০ মিনিটে কুইন্সল্যান্ড স্টেট লাইব্রেরির মেম্বারশিপ কার্ড করে দিলেন। দরকার হলো বাড়ির ঠিকানা, ফোন নম্বর আর ই-মেইল আইডি। তিনি আরও জানালেন, আমি চাইলে এখান থেকে আজই বই ধার করে বাসায় নিয়ে যেতে পারব। রাখতে পারব তিন মাস। কী অবাক কাণ্ড! আমি এক ভিনদেশি, আমার কার্ড হলো ১০ মিনিটে, বই নিতে পারব তিন মাসের জন্য! ভাবাই যায় না।
শোয়া, ঘুমানোর অদ্ভুত ও আরামদায়ক পরিবেশ
কার্ড করে লাইব্রেরিটি ঘুরে দেখতে শুরু করলাম। পিনপতন নীরবতা। সবাই জ্ঞানচর্চায় মগ্ন। দ্বিতীয় তলায় ঝুলন্ত বারান্দার মতো একটা জায়গা আছে, যা চলে গেছে ব্রিসবেন নদীর ওপর। বড়সড় ড্রয়িংরুমের মতো জায়গা। সেখানে সোফা আছে। বসার জায়গা আছে। দেখলাম, এক তরুণ শিক্ষার্থী সোফায় আরাম করে ঘুমাচ্ছেন। পাশে অন্য সোফায় একজন শরীর এলিয়ে ব্রিসবেন নদী আর নদীর অন্য প্রান্তের শহরের শোভা দেখছেন। একেবারেই ছবির মতো। আমার কাছে ছবিই মনে হলো। ব্রিসবেন শহরে আমি যতগুলো সুন্দর জায়গা দেখেছি, তার মধ্যে লাইব্রেরি ভবন থেকে নদী আর শহরের দৃশ্য আমার কাছে সবচেয়ে সুন্দর মনে হয়েছে।
একই ধরনের আরামদায়ক, মনোরম বিশ্রাম করার জায়গা আমি দেখেছি ব্রিসবেন সিটি কাউন্সিল লাইব্রেরিতে। এই লাইব্রেরি শহরের পূর্বে টুয়ং নামের একটি জায়গায় বড় শপিং মলে অবস্থিত। স্কুল-কলেজফেরত ছেলেমেয়েরা এখানে অধশোয়া হয়ে বই পড়ে। কেউবা ঘুমায়। কেউবা হেডফোন কানে গুঁজে গান শোনে।
ডন ব্র্যাডম্যানকে হাতে পেলাম মাত্র ১৫ মিনিটে
অস্ট্রেলিয়ার জাতীয় খেলা ক্রিকেট। দেশটির ক্রিকেট সংস্কৃতি খুবই সমৃদ্ধ। ইচ্ছা হলো, দেশটির ক্রিকেট ইতিহাস ও সর্বকালের সেরা ক্রীড়াবিদ স্যার ডন ব্র্যাডম্যান সম্পর্কে একটু পড়াশোনা করি। ব্র্যাডম্যানের আত্মজীবনীর নাম ফেয়ারওয়েল টু ক্রিকেট, যা ১৯৫০ সালের মে মাসে লন্ডন থেকে প্রকাশিত হয়েছিল। বইটির খোঁজ করলাম। অনলাইনে একটি ফরম পূরণ করে মেইল করলাম। মাত্র ১৫ মিনিটের মধ্যে ৭২ বছর আগে প্রকাশিত বই এসে হাজির। নির্দিষ্ট তাক থেকে নিয়ে এসে পড়া শুরু করলাম স্যার ডন ব্র্যাডম্যানের রোমাঞ্চকর জীবনকাহিনি। সে আরেক ইতিহাস। আরেক মহাকাব্য।
কারা বেশি পড়তে যান
ব্রিজবেন স্টেট লাইব্রেরির দুটি তলা আমি খুব মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করেছি। আমি দেখেছি, এখানে স্কুল ও কলেজপড়ুয়া শিক্ষার্থীর সংখ্যা বেশি। নারী-পুরুষের অনুপাত করলে, নারী শিক্ষার্থীর সংখ্যা বেশি। আর ভিনদেশি বা অভিবাসীদের কথা যদি বলি, তাহলে বলতে হবে চীনাদের কথা; অর্থাৎ লাইব্রেরিতে আমি প্রচুর চীনা শিক্ষার্থীকে দেখেছি পড়াশোনা করতে। এখানে বলে রাখা ভালো, অস্ট্রেলিয়ায় চীনা অভিবাসীদের আধিপত্য খুবই প্রবল। রাস্তাঘাটে আপনি প্রচুর চীনা নাগরিক দেখতে পাবেন। আমার সাড়ে ছয় বছরের ছেলে আয়মান হক তার মায়ের প্রতিষ্ঠান ইউনিভার্সিটি অব কুইন্সল্যান্ড ঘুরতে গিয়ে বলেই বসে, ‘পাপা, এটা কি চীন দেশ!’
হোর্হে লুইস বোর্হেস নামের একজন আর্জেন্টাইন সাহিত্যিক, দার্শনিক ছিলেন। যিনি স্প্যানিশ ভাষায় ছোটগল্প লিখে খ্যাতি অর্জন করেছিলেন। জ্ঞানের প্রাণকেন্দ্র লাইব্রেরি সম্পর্কে বোর্হেস বলেছিলেন, ‘আমি সব সময়ই কল্পনা করেছি, স্বর্গ হবে একধরনের গ্রন্থাগার।’ ব্রিসবেন নদীর পাড়ে বসে বারবারহোর্হে লুইস বোর্হেসের কথাই মনে হচ্ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে ক্যাঁচ ক্যাঁচ করা চেয়ারে বসে ছারপোকার কামড় সহ্য করে পড়াশোনা করা আমার কাছে এই লাইব্রেরিকে স্বর্গই মনে হচ্ছিল। আর মনে হচ্ছিল, এমন সুযোগ-সুবিধার লাইব্রেরি যেন স্বর্গেও থাকে!
লেখক: সহকারী অধ্যাপক, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়