দেখতে দেখতে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ হিসেবে খ্যাত ফিফা বিশ্বকাপ শেষ হয়ে গেল। তবে মাঠের বাইরেও খেলোয়াড়দের জীবনের গল্প আমাদের অনুপ্রাণিত করে সব সময়। শিক্ষাজীবনে কোন খেলোয়াড়ের কী অর্জন, সেদিকে একবার নজর দেওয়া যাক।

মাত্র ১৩ বছর বয়সে আর্জেন্টিনা থেকে স্পেনের বার্সেলোনায় চলে আসেন মেসি। ১১ বছর পর্যন্ত তিনি আর্জেন্টিনার কোলেজিও জেনারেল লাস হেরাস স্কুলে পড়েছেন। স্কুল কর্তৃপক্ষ ২০১৫ সালে মেসিকে সম্মাননা জানায়। স্কুলে মেসি আর দশজন সাধারণ শিক্ষার্থীর মতোই পড়ালেখা করেছেন। স্পেনে থিতু হওয়ার পর বার্সেলোনা ফুটবল ক্লাবের ইয়ুথ একাডেমি লা মাসিয়াতে তাঁর প্রশিক্ষণ শুরু হয়। এই একাডেমির শিক্ষার্থী হিসেবে একটি এলিমেন্টারি স্কুলে মেসি পড়াশোনা করেছেন বলে জানা যায়।
ক্রিস্টিয়ানো রোনালদোর বাবা হোসে দিনিস আভেইরো ছিলেন উদ্যানতত্ত্ববিদ। আর মা রাঁধুনি। পর্তুগালের একটি নিম্নবিত্ত পরিবারে জন্ম। শৈশবে সাধারণ একটি স্কুলে ভর্তি হয়েছিলেন রোনালদো। ১৪ বছর বয়সে পড়ালেখায় ক্ষান্ত দিয়ে ফুটবলে জড়িয়ে পড়েন। ১৬ বছর বয়সে ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাবে সুযোগ পান তিনি। এরপর আর পড়ালেখায় ফেরা হয়নি।
কিলিয়ান এমবাপ্পের জন্ম প্যারিসে। তাঁর বাবা ক্যামেরুনের মানুষ, পেশায় ফুটবল কোচ। আর মা আলজেরিয়ান বংশোদ্ভূত সাবেক হ্যান্ডবল খেলোয়াড়। শৈশবে বঁদি নামের এলাকায় বেড়ে ওঠেন এমবাপ্পে। সেখানে একটি বেসরকারি ক্যাথলিক স্কুলে পড়তেন তিনি। বিভিন্ন সাক্ষাৎকার থেকে জানা যায়, এমবাপ্পে মেধাবী শিক্ষার্থী ছিলেন, কিন্তু নিয়ম মানতে চাইতেন না। স্কুলে পড়ার সময় জিনেদিন জিদান, রোনালদো নাজারিও আর ক্রিস্টিয়ানো রোনালদোকে আইডল মানতেন এমবাপ্পে। রিয়াল মাদ্রিদে ফুটবল খেলার স্বপ্ন দেখতেন তিনি। ১১ বছর বয়সে রিয়াল মাদ্রিদের অনুর্ধ্ব ১২ দলে প্রশিক্ষণের সুযোগ পান।
ব্রাজিলের সাও পাওলোতে জন্ম নেইমারের। তাঁর বাবাও ফুটবল খেলতেন। শৈশবে রাস্তায় প্রচুর ফুটসাল খেলতেন এই তারকা ফুটবলার। ফুটবল খেলার মাঠের অনেক কৌশল, গতি আর নিজের সাফল্যের জন্য ফুটসালের অভিজ্ঞতার কথা স্মরণ করেন তিনি। শৈশবে লুপ পিকাসো নামের একটি স্কুলে ভর্তি হয়েছিলেন বলে জানা যায়। তবে পড়ার চেয়ে রাস্তায় ফুটসাল খেলার প্রতিই আগ্রহ ছিল বেশি। ২০০৩ সালে মাত্র ৯ বছর বয়সে সাও ভিসেন্তিতে পরিবারসহ চলে আসেন। এখানে পর্তুগিজা স্যানটিস্তায় খেলা শুরু করেন। পরে সান্তোস ক্লাবে জায়গা পান নেইমার। সান্তোসের ইয়ুথ একাডেমিতে প্রশিক্ষণের সুযোগ পান। ১৪ বছর বয়সে প্রথমবারের মতো তাঁর স্পেনে যাওয়ার সুযোগ হয়।
ইংল্যান্ডের তারকা ফুটবলার হ্যারি কেইন। লন্ডনের ওয়ালথাম ফরেস্টে বড় হয়েছেন। টটেনহ্যাম হটস্পারে খেলার মাধ্যমে তাঁর ক্যারিয়ার শুরু। হ্যারি চিংফোর্ডের লার্কসউড প্রাইমারি একাডেমিতে ভর্তি হন শৈশবে। পরে ডেভিড বেকহাম যে স্কুলে পড়েছেন, সেই চিংফোর্ড ফাউন্ডশনে ভর্তি হন তিনি। মায়ের কাছ থেকে ফুটবল খেলার উৎসাহ পেয়েছেন এই তারকা।
ক্রোয়েশিয়ার তারকা ফুটবলার লুকা মদরিচ। ১৯৮৫ সালে জাদার নামের এলাকায় জন্ম। ক্রোয়েশিয়ার স্বাধীনতা যুদ্ধের জন্য তাঁর পরিবারকে উদ্বাস্তু হিসেবে নানা জায়গায় থাকতে হয়েছে। মা–বাবা তৈরি পোশাক কারখানার কর্মী ছিলেন। বাবা পরে ক্রোয়েশিয়ার সেনাবাহিনীতে যোগ দেন। পাঁচ বছর বয়সে মাঠে ছাগল চরানোর স্মৃতি এখনো মনে আছে তাঁর। যুদ্ধবিধ্বস্ত শৈশবের মধ্যেই ফুটবল খেলতেন মদরিচ। হোটেলের পার্কিং লটেই বেশির ভাগ সময় ফুটবল খেলতেন। ১৯৯২ সালে একটি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হন তিনি। একই সঙ্গে একটি স্পোর্টস একাডেমিতে ভর্তি হন। মদরিচের এক চাচা তাঁর খেলার খরচ জোগাতেন।
সেনেগালের তারকা ফুটবলার সাদিও মানে। জন্ম সেনেগালের বামবালি শহরে। বাবা ছিলেন মসজিদের ইমাম। সাত বছর বয়সে বাবা হারান মানে। শৈশবে ফুটবল খেলার আগ্রহ থাকলেও বাবা ফুটবল খেলতে বাধা দিতেন। ১৫ বছর বয়সে বাড়ি ছেড়ে পালান এই ফুটবলার। সেনেগালের রাজধানী ডাকারে হাজির হন ফুটবল খেলতে। এক সাক্ষাৎকারে মানে বলেন, ‘আমি ছোটবেলায় ক্ষুধার্ত ছিলাম। মাঠে কাজ করতে হতো। কঠিন সময়ের মধ্যে বেঁচে ছিলাম। খালি পায়ে ফুটবল খেলতাম। শিক্ষার কোনো সুযোগই পাইনি।’ আরেক সাক্ষাৎকারে বলেন, ‘স্কুলে পাঠানোর সামর্থ্য আমার মা–বাবার ছিল না। প্রতিদিন সকাল ও সন্ধ্যায় রাস্তায় আমার বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতাম।’ অতীত স্মরণ করে এখন সাদিও মানে নিজ এলাকায় শিশুদের জন্য স্কুল ও হাসপাতাল তৈরি করে দিয়েছেন।
বেলজিয়ামের তারকা ফুটবলার কেভিন ডি ব্রুইনা। চার বছর বয়সে প্রথম ফুটবল খেলা শুরু করেন তিনি। ১৪ বছর বয়সে গ্রাম ছেড়ে, পরিবার ছেড়ে শহরে আসেন। জেঙ্ক একাডেমিতে প্রশিক্ষণ শুরু করেন তিনি। একটি বোর্ডিং স্কুলে পড়াশোনা করেন ব্রুইনা। এক সাক্ষাৎকারে বলেন, ‘মা–বাবাকে ছেড়ে ১৪ বছর বয়সে আমি প্রশিক্ষণ নিতে আসি। প্রথম বছরে আমি একটি বড় বোর্ডিং স্কুলে ভর্তি হই। সবকিছু নিজে নিজে করা শিখি তখন থেকেই। দ্বিতীয় বছরে আমি একটি পরিবারের সঙ্গে থাকতে শুরু করি। সবকিছু দারুণ ছিল আমার। আমার অভিভাবকদের কখনোই স্কুলে কোনো সমস্যা বা অভিযোগের জন্য যেতে হয়নি।’ ১১ বছর বয়সে মায়ের কাছে লাতিন ভাষা শেখার আবদার করেছিলেন কেভিন।
ব্যর্থতা নিয়ে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে বেলজিয়াম। দলের তারকা খেলোয়াড় রোমেলু লুকাকুও জ্বলে উঠতে পারেননি। তবে জানিয়ে রাখি, ইংরেজি, স্প্যানিশ, ডাচ, ফ্রেঞ্চ ও পর্তুগিজ—মোট পাঁচটি ভাষায় কথা বলতে পারেন লুকাকু। শুধু তা–ই নয়, পাবলিক রিলেশন বিষয়ে তাঁর স্নাতক ডিগ্রিও আছে।
জাপানের ফুটবলার ইউতো নাগাতোমো। ৩৬ বছর বয়সী এই খেলোয়াড় এখন এফসি টোকিওতে খেলেন। ইতালির ক্লাব ইন্টার মিলানে দীর্ঘ ৮ বছর সময় কাটানো এ ফুটবলার ২০১০ সাল থেকে মোট ৪টি বিশ্বকাপেই অংশ নিয়েছেন। খেলার পাশাপাশি পড়াশোনাতেও বেশ ভালো ছিলেন নাগাতোমো। রয়েছে প্রাতিষ্ঠানিক ডিগ্রিও। টোকিওর মেইজি বিশ্ববিদ্যালয় থেকে ২০০৭ সালে স্নাতক সম্পন্ন করেন নাগাতোমো। বিষয় ছিল রাষ্ট্রীয় অর্থনীতি।