রোবটের রাজ্য রুয়েট

এই প্রাঙ্গণ শিক্ষার্থীদের প্রাণ
ছবি: প্রথম আলো

চলছে প্রতিযোগিতা। একজন স্বেচ্ছাসেবক ঘড়ি দেখে বললেন, আপনাদের সময় আর এক মিনিট। সঙ্গে সঙ্গে ক্যাড ডিজাইন দলের প্রতিযোগী অর্চি দত্তের কাজের গতি বেড়ে গেল। ল্যাপটপের মনিটরের দিকে ঝুঁকে এলেন তাঁর সহযোগী রাফায়েত বিন আলীও।

এই দৃশ্য রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) সদ্য অনুষ্ঠিত রোবোটিকস ফেয়ারের। রুয়েট মানেই যেন রোবটের মেলা, আর সৃজনশীলতার খেলা। এ খেলা রুয়েটকে দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পরিচিতি দিচ্ছে।

মেকাট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগ সম্প্রতি রোবোটিকস ফেয়ার ‘রোবোট্রনিক ২.০’–এর আয়োজন করেছিল। দুই দিনব্যাপী এ প্রতিযোগিতায় ছিল রোবোট্রনিক ২.০-এর মাড রোভার, রোবো রেসলিং, স্পিড ব্যাটেল, প্রজেক্ট শোকেসিং, ক্যাড ডিজাইন ও পোস্টার প্রেজেন্টেশন। প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বরেণ্য পদার্থবিদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ইমেরিটাস অধ্যাপক অরুণ কুমার বসাক।

ফিরে দেখা

১৯৬৪ সালে প্রকৌশল মহাবিদ্যালয় হিসেবে যাত্রা শুরু করে ঐতিহ্যবাহী এ শিক্ষাপ্রতিষ্ঠান। অবস্থান—রাজশাহী নগরের তালাইমারী এলাকায় ঢাকা-রাজশাহী মহাসড়কের পাশে। এটি দেশের প্রকৌশল শিক্ষার দ্বিতীয় প্রাচীনতম প্রতিষ্ঠান। আয়তন প্রায় ১৫০ একর। ১৯৮৬ সালে প্রতিষ্ঠানটি স্বায়ত্তশাসন লাভ করে। ২০০৩ সালের ১ সেপ্টেম্বর এটি বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়। চারটি অনুষদের মাধ্যমে বর্তমানে রুয়েটে শিক্ষা কার্যক্রম চলছে। এ অনুষদগুলোর আওতায় আছে ১৮টি বিভাগ। ছাত্রছাত্রীর সংখ্যা ৫ হাজার ৬৫০। ক্যাম্পাসের ছাত্রদের জন্য ছয়টি ও ছাত্রীদের একটি আবাসিক হল আছে।

রুয়েট ক্যাম্পাস

রুয়েট ক্যাম্পাসে এক দিন

চারদিকে যুদ্ধের সাজ সাজ রব। শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছে যোদ্ধারা। যোদ্ধা না বলে যন্ত্রযোদ্ধা বলা ভালো। কারণ এই যুদ্ধ রোবটের। রুয়েটের মেকাট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগ আয়োজিত রোবোটিকস ফেয়ার ২০২২ (রোবোট্রনিক ২.০)–এর রোবো রেসলিংয়ে অংশ নিতে সেদিন হাজির হয়েছিলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সঙ্গে তাঁদের তৈরি রোবট। দেখা গেল সার বেঁধে দাঁড়িয়ে থাকা রোবটগুলো যুদ্ধের জন্য প্রস্তুত। শুরুতেই দুটি রোবটকে মঞ্চে তোলা হলো। শুরু হলো খেলা। কখনো রোবট আছড়ে পড়ছে, কখনো শরীরের অংশ কাটা পড়ছে। ধুন্ধুমার লড়াই।

পাশেই আরেকটি মঞ্চে সার বেঁধে প্রস্তুত আরও রোবট। এরা অংশ নেবে রেসিংয়ে। ইট, পাথর, কাদামাটি, বালু আর পানি, উঁচু সেতু পার করে আগে বাড়ার লড়াই। পুরো এলাকা ঘুরে মনে হতে পারে, কোনো বিজ্ঞান কল্পকাহিনীনির্ভর চলচ্চিত্রের সেটে ঢুকে পড়েছি।

একদিকে প্রতিযোগিতার দামামা। অন্যদিকে কিন্তু ঠিকই নিরিবিলি ক্লাস চলছে। ক্লাসের ফাঁকে ফাঁকেই শিক্ষার্থীরা ঘুরে যাচ্ছেন রোবট মেলা, উপভোগ করছেন প্রতিযোগিতা।

মঞ্চে লড়াইয়ের জন্য প্রস্তুত রোবট

প্রতিযোগিতায় পোস্টার প্রেজেন্টেশন অংশের চ্যাম্পিয়ন মধুরিমা দাস বলেন, ‘দেশের বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। বেশ একটা প্রতিযোগিতাপূর্ণ পরিবেশ তৈরি হয়েছিল। চ্যাম্পিয়ন হতে পেরে আমি এবং আমার দল ওয়াল-ই খুবই আনন্দিত। টেকসই উন্নয়নের ওপর একটি প্রতীকী পোস্টার তৈরি করেছিলাম আমরা, যাতে কতগুলো সমস্যা এবং তার সমাধান তুলে ধরা হয়েছিল। আমি চাই ভবিষ্যতেও রুয়েট এ ধরনের বুদ্ধিবৃত্তিক রোবোটিক কম্পিটিশনের আয়োজন করে আমাদের শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশের সুযোগ করে দিক।’

ঈশ্বরদীতে এনার্জি অব ফিউচার নামের একটি রুশ সংস্থা আয়োজিত ‘প্রিসাইস এনার্জি অলিম্পিয়াড ২০২২’–এ অংশগ্রহণ করে পদার্থবিজ্ঞানে প্রথম হয়েছেন রুয়েটের শিক্ষার্থী সাদিয়া তাসনীম। তিনি বলেন, ‘এই প্রতিযোগিতার মাধ্যমে আমি বিজ্ঞানচর্চার জন্য নতুন অনুপ্রেরণা পেয়েছি।

সরব স্বেচ্ছাসেবী সংগঠন

রুয়েট ক্যাম্পাসে ১৫টির বেশি স্বেচ্ছাসেবী সংগঠন সক্রিয় আছে। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য রুয়েট ক্যারিয়ার ফোরাম, আইইইই রুয়েট স্টুডেন্ট ব্রাঞ্চ, অ্যাস্ট্রোনমি অ্যান্ড সায়েন্স সোসাইটি অব রুয়েট, সমানুপাতিক, রোবোটিক সোসাইটি অব রুয়েট, অনুরণন কালচারাল ক্লাব অব রুয়েট, রুয়েট ইংলিশ ক্লাব, রুয়েট ডিবেটিং ক্লাব, সোসাইটি অব মোটিভেটিভ ইঞ্জিনিয়ার্স অব রুয়েট, সিভিল ইঞ্জিনিয়ারিং সোসাইটি অব রুয়েট, আর্থকোয়াক সোসাইটি অব রুয়েট, রুয়েট ফুটবল ক্লাব, রুয়েট ক্রিকেট ক্লাব, টিম ক্রাক প্লাটুনস, নিরাপদ রক্তের বন্ধন, রোবোটিকস সোসাইটি অব রুয়েট, রুয়েট আইপিই ক্লাব ও ফটোগ্রাফিক সোসাইটি অব রুয়েট।

রুয়েট ক্যারিয়ার ফোরামের (আরসিএফ) সদস্যদের একাংশ

রুয়েট ক্যারিয়ার ফোরাম (আরসিএফ) নামের ক্লাবটির যাত্রা শুরু ২০১৪ সালে। ‘এক্সিলেন্স ইন আওয়ার অবলিগেশন’—এই ছিল তাঁদের মটো। পেশাগত জীবনে শিক্ষার্থীদের সহায়তা করাই তাঁদের লক্ষ্য। বর্তমানে আরসিএফের সভাপতি ২০১৬ ব্যাচের শিক্ষার্থী নাফিস শাহরিয়ার। তিনি বলেন, ‘আরসিএফের প্রধান উদ্দেশ্য রুয়েটের শিক্ষার্থীদের শিক্ষাজীবনের সঙ্গে ক্যারিয়ারের সংযোগ স্থাপন এবং ব্যক্তিগত ও পেশাগত দক্ষতা উন্নয়ন। এই লক্ষ্য পূরণে আরসিএফ শিক্ষার্থীদের জন্য নিয়মিত দক্ষতা উন্নয়ন কর্মশালা, বিসিএস ও বিদেশে উচ্চশিক্ষাবিষয়ক সেমিনার এবং বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করে। এ ছাড়া প্রতিবছর আরসিএফ আয়োজন করে তাদের ফ্ল্যাগশিপ ইভেন্ট—‘আরসিএফ ক্যারিয়ার ফেয়ার’। বিভিন্ন প্রতিষ্ঠান এই চাকরি মেলার মাধ্যমে সদ্য স্নাতক শিক্ষার্থীদের চাকরির সুযোগ করে দেয়। এখন পর্যন্ত আরসিএফ পাঁচটি অফলাইন ও একটি অনলাইন ক্যারিয়ার ফেয়ারের আয়োজন করেছে।

করোনা মহামারিতেও আরসিএফ আয়োজন করেছে বেশ কিছু ওয়েবিনার। এ পাথওয়ে টু ইরাসমাস + স্কলারশিপ ফর ইউরোপিয়ান জয়েন্ট মাস্টার্স ডিগ্রি, পোস্টপ্যানডেমিক ক্যারিয়ার প্রসপেক্টস ফর ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েটস ইন এফএমসিজি ইন্ডাস্ট্রিজ, ক্যারিয়ার ব্যাটেল কার্ড ইত্যাদি তাদের আয়োজনগুলোর মধ্যে উল্লেখযোগ্য।

অনুরণন—রুয়েটের সাংস্কৃতিক সংগঠন। সদস্য পাঁচ শতাধিক। সংগঠনের সভাপতি ফাহিম মুনতাসির বলেন, ‘ক্যাম্পাসের যান্ত্রিক সূচির মধ্যে “অনুরণন” রুয়েটের শিল্পচর্চার প্রিয় মঞ্চ, একমাত্র সাংস্কৃতিক ক্লাব। বাঙালি সত্তার নানা বর্ণিল আয়োজনকে রুয়েটের আঙিনায় হরেক আঙ্গিকে সাজিয়ে উপস্থাপনই ক্লাবের মূল ব্রত। আমাদের রবীন্দ্রজয়ন্তী, গানে গানে ভালোবাসা, গানে গানে ভালোবাসা ২.০, বর্ষাবন্দনা, বসন্তবরণ, আবর্তনে অনুরণন ইত্যাদি আয়োজন শিক্ষার্থীদের স্মৃতিতে অম্লান হয়ে আছে।’

রুয়েট ডিবেটিং ক্লাব ও রেডিও রুয়েটের সঙ্গে যুক্ত আছেন সৈয়দ মোহাম্মদ সাদাব। তিনি বলেন, ‘রেডিও রুয়েট ক্লাবটি এ ক্যাম্পাসের একমাত্র মিডিয়া প্ল্যাটফর্ম। প্রাক্তন রুয়েটিয়ানদের সঙ্গে বর্তমান রুয়েটিয়ানদের মেলবন্ধনের লক্ষ্যে গড়ে ওঠা এই ক্লাব প্রতিনিয়ত ক্যাম্পাসের খবর সরবরাহের পাশাপাশি রুয়েটের শিক্ষার্থীদের সুস্থ বিনোদন নিশ্চিত করে। প্রাক্তন রুয়েটিয়ানদের সহযোগিতায় ক্যারিয়ারভিত্তিক কর্মশালা আয়োজন করে।’

উদ্ভাবনে অনন্য

২০১০-১১ শিক্ষাবর্ষের যন্ত্রকৌশল বিভাগের ছাত্র সাদলি সালাউদ্দিন বাংলায় কথা বলা রোবট তৈরি করেছেন। ২০০৯-১০ শিক্ষাবর্ষের যন্ত্রকৌশল বিভাগের ছাত্র সৌরভ ঘোষ স্বয়ংক্রিয় অগ্নিনির্বাপক রোবট তৈরি করেন। পুরকৌশল বিভাগের ২০০৭-০৮ শিক্ষাবর্ষের ছাত্র আল-হেলাল স্বল্প খরচে বানিয়েছেন দূরত্বমাপক যন্ত্র। অনেক শিক্ষার্থী নিজস্ব উদ্যোগে তৈরি করেছেন কোয়াড কপ্টার। এ ছাড়া রুয়েটের শিক্ষার্থীদের আরও নানা ধরনের আবিষ্কার আছে।

২০১৫ সালের ডিসেম্বর মাসে জাইকা আয়োজিত ইকো-রান কম্পিটিশনে পুরকৌশল বিভাগের দুটি দল তিন চাকা ও চার চাকা বিভাগে অংশ নিয়ে উভয় বিভাগে প্রথম স্থান অর্জন করে। ফুয়েল ইফিসিয়েন্ট বিভাগে পায় দ্বিতীয় স্থান। বিভিন্ন উদ্ভাবনী প্রতিযোগিতায় রুয়েট শিক্ষার্থীদের এ সাফল্যের ধারা এখনো অব্যাহত আছে।

দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আছে আমাদের সুনাম

অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন

অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন, উপাচার্য (অতিরিক্ত দায়িত্ব)

রুয়েট উত্তর জনপদের প্রকৌশল শিক্ষার বাতিঘর। শুধু উত্তরাঞ্চলেই নয়, দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আছে আমাদের সুনাম। এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা গবেষণার পাশাপাশি নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন করে বিশ্ববিদ্যালয়ের গৌরব দিন দিন আরও বৃদ্ধি করছেন। শিক্ষার্থীরা কৃতিত্বের সঙ্গে অধ্যয়ন শেষ করে দেশের প্রায় সব বড় প্রতিষ্ঠানে কাজ করছেন। দেশে এমন কোনো সেক্টর নেই, যেখানে রুয়েটের প্রাক্তন শিক্ষার্থী নেই। এ ছাড়া গুগল, নাসা, জেনারেল মোটরস, মাইক্রোসফট, অ্যামাজন, রাকুতেন, বোয়িংসহ স্বনামধন্য প্রতিষ্ঠানে রুয়েটের শিক্ষার্থীরা দক্ষতার সঙ্গে কাজ করে যাচ্ছেন।

রুয়েটের উন্নয়নে ৫৯৯ কোটি ৩০ লাখ টাকার একটি প্রকল্প একনেকে অনুমোদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রকল্পের আওতায় রুয়েটে তিনটি একাডেমিক ভবন, একটি প্রশাসনিক ভবন, একটি ইনস্টিটিউট ভবন, দুটি ছাত্র হল ও দুটি ছাত্রী হল, বঙ্গবন্ধু হলের পাঁচতলা পর্যন্ত সম্প্রসারণ, একটি শিক্ষক ডরমিটরি ও একটি স্টাফ কোয়ার্টার নির্মাণাধীন রয়েছে। এই প্রকল্পের আওতায় আধুনিক মেডিকেল সেন্টার এবং ভাইস চ্যান্সেলরের বাংলো কাম অফিসের কাজ সম্পন্ন হয়েছে।

আমরা ইতিমধ্যে কুয়েট-চুয়েটের সঙ্গে সমন্বিত ভর্তি পরীক্ষা সফলভাবে আয়োজন করেছি। আধুনিক ও ডায়নামিক ওয়েবসাইট তৈরি করেছি, যেখানে প্রতিটি বিভাগ তাদের দপ্তরের তথ্যগুলো আপলোড করে। রুয়েটের শিক্ষকদের গবেষণার সব তথ্য এই ওয়েবসাইটে দেওয়া আছে। ফলে দেশে ও বিদেশে রুয়েটের বিভিন্ন কর্মকাণ্ড ইতিবাচকভাবে উপস্থাপিত হচ্ছে। তা ছাড়া কিউএস র‌্যাঙ্কিংয়ে ডেটা যুক্ত হওয়ায় রুয়েট ভবিষ্যতে দৃশ্যমান ভালো র‍্যাঙ্কিংয়ে অবস্থান করবে।

উচ্চতর শিক্ষা ও গবেষণার লক্ষ্যে জাপান, কানাডা, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এমওইউ স্বাক্ষরিত হয়েছে। সাম্প্রতিক সময়ে প্রকাশিত বুক চ্যাপটার, জার্নাল ও কনফারেন্স পেপারের সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে, তার মধ্যে ২০২১ সালে প্রকাশিত হয়েছে ৬০৯টি। ২০২০-২১ অর্থবছরে ৩৮টি গবেষণা প্রকল্প সম্পাদিত হয়েছে। সম্প্রতি ১০টির বেশি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ ছাড়া রুয়েটে স্থাপিত হয়েছে বেশ কিছু বিশেষায়িত অত্যাধুনিক ল্যাবরেটরি, যেমন আইওটি ল্যাব, রাডার অ্যান্ড স্যাটেলাইট ইঞ্জিনিয়ারিং ল্যাব, মোবাইল গেমস অ্যান্ড অ্যাপ ডেভেলপমেন্ট ল্যাব, ফটোভলটিক অ্যান্ড ন্যানোটেকনোলজি ল্যাব, হাই পারফরম্যান্স কম্পিউটিং ল্যাব ইত্যাদি। নির্মাণাধীন রয়েছে হাই ভোল্টেজ ল্যাব।

জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের প্রতিযোগিতায় রুয়েটের শিক্ষার্থীদের সাফল্যের মধ্যে রয়েছে ভেন্টিলেটর নির্মাণ (ইউজিসি আয়োজিত ফোরআইআর কনফারেন্সে বিজয়ী), ফর্মুলা কার প্রতিযোগিতার জন্য জ্বালানি সাশ্রয়ী রেসিং কার উদ্ভাবন, প্রোগ্রামিং কনটেস্টে ওয়ার্ল্ড ফাইনালিস্ট হওয়ার গৌরব অর্জন ইত্যাদি।