ভাষা এবং সাহিত্যের সঙ্গে ফেব্রুয়ারির সখ্যটা বেশ পুরোনো। তবে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ চাইছিল, এর সঙ্গে চলচ্চিত্রেরও একটা যোগসূত্র তৈরি হোক। সে উদ্দেশ্যেই শুরু হয় ‘আমার ভাষার চলচ্চিত্র’ নামের আয়োজনটি। ‘চলচ্চিত্র সংসদের জ্যেষ্ঠ সদস্য রাশেদুল হাফিজ প্রস্তাবটা দিয়েছিলেন। তাঁর দাবি ছিল, ভাষার মাসে আমাদের মাতৃভাষার সিনেমাগুলো যেন প্রদর্শনের ব্যবস্থা করা হয়,’ বলছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের বর্তমান সহ তথ্য ও যোগাযোগ সম্পাদক ফারহান সাকিব।
ব্যস, সেই থেকে শুরু। এরই ধারাবাহিকতায় এ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণকে ঢেলে সাজানো হয়েছিল ‘আমার ভাষার চলচ্চিত্র’-এর ২১তম আসরকে বরণ করে নিতে। টিএসসির মূল ফটকের পাশেই বসেছিল টিকিট বুথ। পায়রা চত্বরের পাশে বসানো হয়েছিল বিরাট পর্দা, যাতে ক্ষণে ক্ষণে উৎসবের প্রোমো ভিডিওটি প্রচার করা হয়েছে। ৫ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ৫ দিনব্যাপী এ উৎসবে ১৯টি পূর্ণদৈর্ঘ্য ও ৩টি স্বল্পদৈর্ঘ্য বাংলা সিনেমা প্রদর্শন করা হয়। বাংলা সিনেমা বলতে শুধু বাংলাদেশের সিনেমা নয়। বরং দুই বাংলার সমকালীন ও ধ্রুপদি সিনেমার সমন্বয় রাখা হয়েছিল। ফলে বাংলাদেশি দর্শকেরা নামমাত্র মূল্যে ‘চিত্রাঙ্গদা’ ও ‘ইন্টারভিউ’-এর মতো ক্ল্যাসিক, ‘মানিকবাবুর মেঘ’-এর মতো ভিন্নধর্মী এবং ‘বল্লভপুরের রূপকথা’র মতো আধুনিক রূপকথার স্বাদ নিতে পেরেছেন। সীমানা পেরিয়ে, গোলাপী এখন ট্রেনে, আনন্দ অশ্রু, আবার তোরা মানুষ হ-এর মতো কালজয়ী সিনেমার পাশাপাশি কুড়া পক্ষীর শূন্যে উড়া, বিউটি সার্কাস, সাঁতাও, হাওয়া, দামাল ও শিমুর মতো নতুন জমানার ছবিও জায়গা পেয়েছে।
এবারের আসরে চোখে পড়ার মতো বেশ কিছু ব্যাপার ছিল। তার মধ্যে ‘আমার ভাষার চলচ্চিত্র-১৪২৯’ নিয়ে করা পোস্টারটি আলাদাভাবে নজর কাড়ে। বিকল্পধর্মী ও ব্যবসাসফল ছবিকে পাশাপাশি রেখে দর্শকদের ওপর একটি ছোটখাটো নিরীক্ষাও করা হয়েছে বলা যায়। যদিও সব ছবিতেই দর্শকের উপস্থিতি লক্ষ করার মতো ছিল। উৎসব চলাকালে প্রতিদিন চারটি আলাদা আলাদা সময়ে সিনেমা দেখানোর পাশাপাশি চলচ্চিত্র কর্মী, নির্মাতা, সমালোচকদের নিয়ে ‘যুক্তি, তর্ক, গপ্পো’ নামে আলোচনা পর্বের আয়োজন করা হয়েছিল। কিছু কিছু আয়োজনে তিল ধারণের জায়গা ছিল না। কখনোবা দর্শকদের করতালিতে কানে তালা লাগার জোগাড় হয়েছে।
প্রতিবছরের মতো এবারও সমাপনী অনুষ্ঠান এবং হীরালাল সেন পদক বিতরণের মধ্য দিয়ে ‘আমার ভাষার চলচ্চিত্র’ আয়োজনের সমাপ্তি হয়েছে। মুহাম্মদ কাইয়ুম পরিচালিত কুড়া পক্ষীর শূন্যে উড়া চলচ্চিত্রটি এবারের হীরালাল সেন পদক-১৪২৯ পেয়েছে। এ ছাড়া এ বছর শ্রেষ্ঠ চিত্রনাট্যের জন্য শিমু, শ্রেষ্ঠ সম্পাদনার জন্য দামাল, শ্রেষ্ঠ চিত্রগ্রহণের জন্য কুড়া পক্ষীর শূন্যে উড়া ও শ্রেষ্ঠ শব্দশৈলীর জন্য সাঁতাও পুরস্কার পায়।