‘হাঁটাহাঁটিতেই একটা মাস্টার্স’ করে ফেলেছি

উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার স্বপ্ন অনেকেরই থাকে। তবে ভিনদেশে গিয়ে অনেক সময় ভিন্ন এক বাস্তবতার মুখোমুখি হন তাঁরা। স্বপ্নের সঙ্গে সেই বাস্তবতার অনেক ফারাক।

হাঁটাহাঁটিতেই একটা মাস্টার্স করে ফেলেছি

সরদার আকিব লতিফ

রিতসুমেইকান এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি, জাপান

সরদার আকিব লতিফ

জাপান বলতে কল্পনায় ছিল নয়নাভিরাম মাউন্ট ফুজি আর সাকুরা ফুল। সেই ঘোর থেকে বের হতে সময় লাগেনি। জাপানিজ ভাষা, পার্টটাইম জব, আর্থিক সমস্যা, একগাদা পড়াশোনা—এসব আমার দিন-রাত এক করে ফেলছিল। তবে সবচেয়ে বড় মুশকিলে ফেলেছিল নতুন দেশের খাবার আর যাতায়াত।

জাপানে নেমেই প্রথম খেয়েছিলাম ‘ওনিগিরি’। এক মুঠ ভাতের ভেতর মেয়োনেজ মাখা সেদ্ধ টুনা মাছ। ভেবেছিলাম ভাতে–মাছে বাঙালি, খাওয়াদাওয়ায় কোনো টেনশনই নেই। এত রকম স্বাদ, এত রকম বৈচিত্র্য। কিন্তু কোনো ঝাল মসলা নেই।

গরম পানি ছাড়া আর কোনো কিছুই রান্না করতে না পারা আমি মাসখানেকের মধ্যেই শিখে ফেললাম মুরগি রাঁধা। স্বাদ কেমন হয়েছিল, লিখে বলা সম্ভব না, তবে ঝাল আর মসলার স্বাদে মন ভরে গিয়েছিল। দূরদেশে নিজে না রাঁধলে দেশি স্বাদটা পাওয়া খুব কঠিন।

পাহাড় আর সমুদ্রে ঘেরা দেশের রাস্তাগুলোও পাহাড়ের মতো। তাই হাঁটতে হয় প্রচুর। পাহাড়ি রুটে বাস পাওয়া কঠিন। নিজের গাড়ি না থাকলে পা দুটোই ভরসা। এই শহরের হাল বুঝে স্কুটার কিনে ফেলেছি, তার আগে অবশ্য হাঁটাহাঁটিতেই একটা মাস্টার্স করে ফেলেছিলাম।

বাসা পাওয়া একটা বড় সমস্যা

আলফি শাহারিয়া হাসান

ডেল্ট প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নেদারল্যান্ডস

আলফি শাহারিয়া হাসান

নতুন একটা দেশে পা দেওয়ার পর প্রথম কয়েক দিন খুবই ভালো লাগছিল। নতুন নতুন জায়গা দেখতাম, মানুষের সঙ্গে পরিচিত হতে ভালোই লাগত। কিন্তু সম্পূর্ণ অপরিচিত দেশ, যেখানে আমার নাম পর্যন্ত কেউ জানে না, সেখানে বাসাভাড়া, বাজার করা, সাইকেল ঠিক রাখা, সময়মতো ট্রেন ধরা—সবকিছুই নিজের করা লাগে।

পুরো ইউরোপেই বাসা পাওয়া একটা বড় সমস্যা। বাসাভাড়া যেমন বেশি, তেমনি টাকা দিয়ে প্রতারণার শিকারও হয়েছেন অনেকে। আসার তিন-চার মাস আগে থেকেই বাসা খুঁজছিলাম। ভাগ্যক্রমে ডর্মে রুম পাওয়ায় খুব একটা সমস্যা হয়নি।

নেদারল্যান্ডসে সবচেয়ে ভালো দিক হলো তারা ওয়ার্ক-লাইফ ব্যালান্স খুব ভালোভাবে মেইনটেইন করে। অনেক জায়গায় অফিসে গিয়ে কাজ করার পাশাপাশি বাসা থেকেও কাজ করা যায়। কাজের পাশাপাশি নিজের জন্য আলাদা করে সময় রাখার কথা সবাই ভাবে। আমাদের মতো শিক্ষার্থীদের জন্য যেটা শাপেবর।

মাথায় সব সময় চিন্তা ঘোরে, আয়-ব্যয় মিলিয়ে চলতে হবে। সেটার পাশাপাশি পড়াশোনার সুযোগও পাওয়া যায়। যে ভালো থাকার জন্য এত পরিশ্রম, সেই সেটাই কখনো কখনো অগ্রাধিকারের বাইরে চলে যায়। তবে এখানে ভালো থাকার সংজ্ঞাটা দেশের থেকে অনেক আলাদা। নিজের সঙ্গে সময় কাটাতে শিখে গেলে সময়টা আনন্দেই কেটে যায়।