
ডিজিটাল প্রযুক্তির ওপর নির্ভরতা আমাদের যত বাড়ছে, ততই বাড়ছে ব্যক্তিগত তথ্যফাঁসের ঝুঁকি। প্রযুক্তিনির্ভর দৈনন্দিন জীবনে একান্ত নিজের বলে কিছু আর থাকছে না। নাম, ঠিকানা, বয়স, লিঙ্গ, জন্মতারিখ, ওজন, উচ্চতা, পেশা, বৈবাহিক অবস্থা, ধর্ম, বিশ্বাস—হেন তথ্য নেই যা আমরা ইন্টারনেটে শেয়ার করি না। নিজের বর্তমান অবস্থান, প্রিয় স্থান বা জিনিস, মনের খবর—সবকিছুই অবলীলায় ভাগ করে নিতে পারলেই যেন শান্তি। অথচ এসব ব্যক্তিগত তথ্যের এমন অবাধ উন্মোচন ডেকে আনতে পারে ভয়াবহ বিপদ। সামগ্রিকভাবেই এসব বিষয়ে আমাদের ভেতর রয়েছে বিপুল ঔদাসীন্য। ব্যাপারটা এমন, যেন কিছুতেই কিছু এসে যায় না।
নিজের তথ্যের সুরক্ষা নিজেকেই দিতে হবে। কাকে বিশ্বাস করবেন! চারপাশে ওত পেতে আছে তথ্যচোরের দল
হ্যাঁ, এসে যায়। দারুণভাবেই এসে যায়। এই হাওয়ার যুগে কিংবা যুগের হাওয়ায় সবচেয়ে মূল্যবান সম্পদ যে তথ্য, এ কথা কি অস্বীকার করার উপায় আছে! আপনার তথ্য বেচে অতিকায় দৈত্য হয়ে উঠছে প্রযুক্তিপ্রতিষ্ঠান আর বিজ্ঞাপনী সংস্থা। আর আপনি হয়ে উঠছেন আপনিবিহীন। একসময় খেয়াল করে দেখবেন, আপনি আর আপনি নেই। অন্য কারও হাতে আপনার নিয়ন্ত্রণ। নিজের তথ্যের ওপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা মানে তো নিজেকেই হারিয়ে ফেলা!
নিজের তথ্যের সুরক্ষা নিজেকেই দিতে হবে। কাকে বিশ্বাস করবেন! চারপাশে ওত পেতে আছে তথ্যচোরের দল। হ্যাকার, সরকারি-বেসরকারি সংস্থা কাউকে দায় দিয়েই আখেরে লাভ কিছু নেই। ইন্টারনেট দুনিয়াটাই অবাধ, উন্মুক্ত। যার-তার, যখন-তখন, যাচ্ছেতাই, যেমন খুশি তেমনের এক দুনিয়া।
আজ ২৮ জানুয়ারি, তথ্য সুরক্ষা দিবস। ১৯৮১ সালের এই দিনে ইউরোপিয়ান কাউন্সিলের উদ্যোগে প্রথম গোপনীয়তা এবং তথ্য সুরক্ষাসম্পর্কিত একটি আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয়। এর পর থেকে ২৮ জানুয়ারি দিনটি তথ্য সুরক্ষা দিবস হিসেবে পালিত হয়ে আসছে।
ন্যাশনাল টুডে ডটকম অবলম্বনে