যে পাম্পে নারীরা তেল সরবরাহ করেন

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার এই ফিলিং স্টেশনে প্রতিদিন তিন শিফটে ছয়জন নারী কাজ করেন
ছবি: দিনার মাহমুদ

২০০১ সালে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কামতালে একটি ফিলিং স্টেশন চালু করেন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আনোয়ারুল ইসলাম। ব্যস্ততম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশের এই পাম্পের নাম প্লানা ফিলিং স্টেশন। শুরু থেকেই পাম্পে নারী কর্মী নিয়োগ দেন তিনি। গাড়িতে জ্বালানি তেল সরবরাহ করেন তাঁরা। প্রতিদিন তিন শিফটে ৬ জন নারী কাজ করেন। ২১ বছর ধরে এভাবেই চলছে। কাজে পুরুষের চেয়ে কোনো অংশে পিছিয়ে নেই তাঁরা।

১৭ বছর ধরে এই স্টেশনে কাজ করছেন রিক্তা আক্তার। তাঁর স্বামী সাগরপ্রধানও পাম্পের সুপারভাইজার হিসেবে কাজ করছেন। ছয় মাস হয় একই পাম্পে কাজ করছেন তাঁর বোন সুমি আক্তার। গাড়িগুলোতে চাহিদা অনুযায়ী তেল দেন রিক্তা। শুরুতে একটু অস্বস্তি লাগলেও এখন আর সমস্যা হয় না। সংসারে বাড়তি আয়ের জন্য এ কাজে যোগ দিয়েছিলেন তিনি। কোনো হয়রানির শিকার হন কি না, জানতে চাইলে বলেন, ‘সব ক্ষেত্রেই নারীরা এগিয়ে যাচ্ছেন, নানা কিছু করছেন, তাহলে আমরা কেন পারব না?’

রিক্তা আক্তার ছাড়াও পাম্পটিতে কাজ করেন সোনিয়া আক্তার, সুমি আক্তার, সম্পা আক্তার, রুনা আক্তার, সাথিয়া আক্তার। পরিবার নিয়ে কয়েকজন কোয়ার্টারে থাকেন। মেয়েদের থাকার জন্য আলাদা মেস করে দিয়েছেন মালিক।

দায়িত্ব নিয়েই পাম্পে কাজ করছেন তারা

আড়াই মাস আগে এখানে কাজে যোগ দেন সানিয়া আক্তার। বরিশাল জেলার বাকেরগঞ্জ এলাকায় তাঁদের বাড়ি। স্বামী সিমেন্ট কারখানায় ফিডারম্যান। স্বামীর বেতনে শ্বশুর-শাশুড়ি, দেবর, ননদসহ সাতজনের সংসার চালাতে অনেক কষ্ট। স্বামীকে সহযোগিতা করতেই এ কাজে এসেছেন সানিয়া।

সানিয়া আক্তার বলেন, কাজের পরিবেশ ও নিরাপত্তা ভালো। পাম্পের চারপাশে সিসি ক্যামেরা লাগানো আছে। নিরাপত্তা প্রহরী আছে। এ কারণে স্বাচ্ছন্দ্যে কাজ করেন মেয়েরা। তিনি বলেন, কেউ ঝামেলা করে না। তারপরও কোনো সমস্যা হলে সুপারভাইজার আছেন, ম্যানেজার ও ক্যাশিয়ার আছেন।

সানিয়া আক্তার বলেন, স্বামী-স্ত্রী এখানেই থাকেন তাঁরা। প্রতি মাসে শ্বশুর–শাশুড়ির জন্য গ্রামের বাড়িতে টাকা পাঠাতে হয়। তিনি বলেন, ‘শুরুর দিকে একটু লজ্জা হতো, অস্বস্তি বোধ করতাম। এখন সব ঠিক হয়ে গেছে। পাম্পে যারা আছে, তারাও বিষয়টি স্বাভাবিকভাবে নিয়েছে, আমাদের উৎসাহিত করে। মেয়ে বলে কেউ উত্ত্যক্ত করে না।’ কখনো কোনো ঝামেলা হয়েছে কি না জানতে চাইলে বলেন, ‘একবার একটি কাভার্ড ভ্যানচালক ৬০ লিটার ডিজেল চেয়েছিল। ভুল করে ৯০ লিটার দিয়ে ফেলেছিলাম। বেশি তেল পরে গাড়ি থেকে নামিয়ে রাখেন সুপারভাইজার। আর কোনো ভুল হয়নি।’ এই নারী কর্মী জানান, ‘রোদে দাঁড়িয়ে থাকতে হয়, এই যা কষ্ট। গাড়ি না থাকলে বসে থাকি। সকাল, দুপুর ও বিকেল—এই তিন সময় গাড়ির চাপ থাকে।’

এখান থেকেই তাঁর সব গাড়ির তেল নেন পরিবহন ব্যবসায়ী ইসরাফিল হোসেন। তিনি বলেন, দায়িত্ব নিয়েই কাজ করছেন মেয়েরা। এই পাম্পমালিকের টাঙ্গাইলে মাছরাঙা নামের আরও একটি পাম্প রয়েছে, সেখানেও নারী কর্মীরাই কাজ করেন।

বেসরকারি একটি প্রতিষ্ঠানে মাকেটিং নির্বাহী হিসেবে কাজ করছেন আনোয়ার হোসেন। সাত বছর ধরে তাঁর মোটরসাইকেলের তেল অধিকাংশ সময় এই পাম্প থেকেই নেন তিনি। বলেন, নারীদের কর্মসংস্থান সৃষ্টি করে পাম্পমালিক দৃষ্টান্ত স্থাপন করেছেন। অন্য পাম্পমালিকেরাও এগিয়ে আসতে পারেন।

সোয়েটার কারখানায় মেশিন অপারেটর হিসেবে কাজ করেন সজীব মিয়া। সোনারগাঁ এলাকায় তাঁর বাড়ি। তিনি বলেন, ‘নারী হলেও তাঁরা ভালোভাবে সার্ভিস দিচ্ছেন। অন্য কোথাও পাম্পে আমি নারীদের কাজ করতে দেখি নাই। মেয়েদের তো সব জায়গায় কাজে নিতেও চায় না লোকজন।’

কাভার্ড ভ্যানচালক সোহাগ জানান, ‘সবাই এই পাম্পকে লেডিস পাম্প হিসেবে চেনেন। এখান থেকে তেল নিই অনেক দিন। প্রয়োজনে গাড়ি পার্ক করে রাখি। মেয়েরা তেল দেওয়ার পর ক্যাশিয়ারের কাছে টাকা পরিশোধ করি। মেয়েদের কাজের পরিবেশ ভালো।’

এই পাম্পে দুই বছর ধরে ক্যাশিয়ার হিসেবে কাজ করছেন ডালিম মীর। তিনি বলেন, আশপাশের অন্য পাম্পের তুলনায় তাঁদের এখানে বেচাকেনা ভালো। অন্য পাম্পগুলো দুই শিফটে চলে (১২ ঘণ্টা করে ডিউটি, সকাল থেকে সন্ধ্যা এবং সন্ধ্যা থেকে সকাল), আমাদের এই পাম্পে তিন শিফট। সকাল ৬টা থেকে বেলা ২টা আর বেলা ২টা থেকে রাত ১০টা—এ দুই শিফটে নারীরা কাজ করেন। রাত ১০টা থেকে সকাল ৬টার শিফটে ছেলেরা কাজ করেন।

পাম্পগুলো এখন আনোয়ারুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম দেখভাল করেন। তিনি বলেন, ‘মেয়েরা সাহসী হয়, তারা সৎ ও পরিশ্রমী—এ ধারণা থেকেই মেয়েদের নিয়োগ দেওয়া হয়েছে। শুরুতে অনেকে বাধা দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু আমরা শুনিনি।’ তিনি বলেন, মেয়েরা পুরুষের সমান বেতনই নেন। তাঁদের থাকা ও ফ্রি মেডিকেলের ব্যবস্থা আছে। চাইলে মাসের বেতন অগ্রিমও নিতে পারেন তাঁরা।