
২৩ জানুয়ারি রুয়েটের পাঠাগারের সামনে একদল শিক্ষার্থীর সঙ্গে দেখা। আমগাছের নিচে জড়ো হয়ে ‘লাইন ফলোয়িং রোবট’ নিয়ে কাজ করছিলেন তাঁরা। জানালেন, বৃহস্পতিবার তাঁদের সাপ্তাহিক বন্ধের দিন। সকাল থেকেই তাই রোবট নিয়ে পড়েছেন তাঁরা।
পাঠাগার চত্বরে চলছিল বিতর্ক। ‘এই সংসদ বিশ্বাস করে, উন্নয়নশীল দেশের জন্য ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন লাভের চেয়ে ক্ষতি বেশি’—এ বিষয়ের ওপর যুক্তিতর্ক উপস্থাপন চলছিল। ছুটির দিনেও প্রাণচাঞ্চল্যে মুখর এই ক্যাম্পাস।
পাঠাগারের পাশেই ‘টং চত্বর’। খাওয়াদাওয়া ও আড্ডার জায়গা। ছুটির দিনের সন্ধ্যায়ও দেখা গেল ‘টং চত্বর’ জমজমাট। রুয়েটের ‘রোলমেট’ বলে মজার একটা কথা চালু আছে, জানালেন পুরকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী নাবিল ফাহমিদ। ‘ধরুন, আমার বর্ষে যার রোল ৪, সে আগের বর্ষের রোল ৪-এর সঙ্গে যোগাযোগ করে। বই থেকে শুরু করে পরামর্শ, সিনিয়রের কাছ থেকে নানা সাহায্য পাওয়া যায়। এটা একটা ট্রেন্ড। আমি যেমন আমার সিনিয়রের কাছ থেকে জেনেছি, শিক্ষকেরা কোন বিষয়গুলো বেশি গুরুত্ব দেন। বড়দের কাছ থেকে এভাবে সব রকম নির্দেশনা পাওয়া যায়।’
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) গত দুই বছরে আত্মহননের পথ বেছে নিয়েছেন তিন শিক্ষার্থী। তাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখন আরও সজাগ। শিক্ষার্থীরা যেন বিষণ্নতা মোকাবিলা করতে পারেন, সে জন্য কাউন্সেলিংয়ের ব্যবস্থা আগেই ছিল। এখন শিক্ষক-শিক্ষার্থী, সিনিয়র-জুনিয়র ও বন্ধুত্বের সম্পর্ক উন্নয়নেও সচেতন হয়েছে রুয়েট পরিবার। সাংগঠনিক কার্যক্রমে আরও সরব হচ্ছে রুয়েটের প্রায় ৪০টি ক্লাব, নিজেকে যেন ‘একা’ মনে না করে আর কোনো শিক্ষার্থী।
শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য ভালো রাখতে বন্ধুত্বের বড় ভূমিকা আছে, মনে করেন তানজিনা মেহেরিন। পুরকৌশল বিভাগের তৃতীয় বর্ষের এই শিক্ষার্থী বলেন, ‘আমরা যারা পরিবার থেকে দূরে আছি, এখানে বন্ধুরাই তো আমাদের আপনজন। ভালো-খারাপ সময়ে বন্ধুরা যদি পাশে থাকে, তাহলে যেকোনো পরিস্থিতি সামাল দেওয়া সহজ হয়। যেমন আমার পরীক্ষাটা হয়তো খারাপ হলো। এক বন্ধু এসে যদি বলে, “একটা খারাপ হয়েছে তো কী হয়েছে, পরেরটা ভালো হবে। তোর কী সাহায্য লাগবে বল। আমি আছি।” তাহলে কিন্তু অনেকটা সাহস পাওয়া যায়।’
যে পরিস্থিতিই তৈরি হোক না কেন, সাহায্য চাইতে দ্বিধা করা উচিত নয়, মনে করেন কম্পিউটারবিজ্ঞান ও প্রকৌশলের শিক্ষার্থী দাইয়্যান নূরী। তাঁর মতে, ‘রুয়েট ক্যাম্পাসের পরিবেশ ভালো। ক্লাবগুলোয় কাজ করার সুযোগ পাওয়া যায়। ভালো লাগার বিষয়গুলো খুঁজে বের করা যায়। যার যে বিষয়ে আগ্রহ, সে সে–সংক্রান্ত কার্যক্রমে যুক্ত হতে পারে।’
দুই মাস আগে যেমন ছিল, রুয়েট এখন তার চেয়ে ভালো আছে। হলে শিক্ষার্থীরা নিয়মতান্ত্রিকভাবে উঠতে পারত না। প্রশাসনিক নিয়মকানুন ছিল না। এখন আমরা হলগুলোর নিয়ন্ত্রণ নিয়েছি। সুষ্ঠুভাবে মেধা ও নীতিমালা অনুযায়ী আসন বরাদ্দ দেওয়া হয়েছে। হলগুলোর পরিবেশ আরও উন্নত করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। কাউন্সেলিংয়ের ক্ষেত্রে মনোবিদেরা খণ্ডকালীন সেবা দিচ্ছেন। পূর্ণকালীন পদ নেই বলে খণ্ডকালীন মনোবিদের সংখ্যাই বাড়ানোর চেষ্টা করছি। প্রকৌশলের পড়াশোনায় চাপ তো থাকেই। আমরা যখন ছাত্র ছিলাম, তখনো অনেক চাপ ছিল। বিভিন্ন সংগঠন ও সংস্থার সঙ্গে যদি যুক্ত থাকে, তাহলে মনের চাপ প্রশমনের একটা ব্যবস্থা হয়। এ ধরনের সুযোগ তো আগে খুব একটা ছিল না। যে কারণেই হোক, একজন তরুণকে হারানোও আমাদের সবার জন্য বড় ক্ষতি। আমরা কারণগুলো উদ্ঘাটনের চেষ্টা করছি। চেষ্টা করছি, ছাত্র-শিক্ষক সম্পর্কের উন্নয়নের জন্য। যেকোনোভাবেই হোক, আমাদের এই সম্পর্ক ঠিক যেমন হওয়ার কথা, তা থেকে আমরা অনেক দূরে সরে আসছি। পারস্পরিক আস্থা, সম্মান বা শ্রদ্ধার বিষয়গুলো থেকে বেরিয়ে আসছি, এটা তো কাম্য নয়। সব দিক থেকে সব রকম চেষ্টা করছি, যেন এই সম্পর্কের উন্নয়ন হয়, পারস্পরিক আস্থার জায়গাটুকু যেন থাকে।এস এম আব্দুর রাজ্জাক, উপাচার্য, রুয়েট
রুয়েট মেডিকেল সেন্টারে শিক্ষার্থীদের কাউন্সেলিং দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মনোবিদ তানজির আহম্মদ। তিনি বলেন, ‘নানা ধরনের মানসিক চাপ নিয়েই শিক্ষার্থীরা এখানে আসে। কেউ হয়তো আর্থিক কারণে মানসিক চাপে আছে। একাধিক টিউশনি করে, তাই হয়তো সময়ের ব্যবস্থাপনা করতে পারছে না। প্রেমের সম্পর্কে সমস্যা বা ব্রেকআপ, এমন কিছু বিষয় থাকে, যা বন্ধুদের সঙ্গেও শেয়ার করা যায় না। আবার শেয়ার করলেও তাদের পরামর্শটা অনেক সময় নিরপেক্ষ বা গ্রহণযোগ্য হয় না।’ তাই মানসিক জটিলতায় অভিজ্ঞ ও পেশাদার কারও পরামর্শ নিতেই উদ্বুদ্ধ করলেন তিনি।
প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পড়ালেখাটা সহজ নয়, মেনে নিয়েই তানজির বলেন, ‘মনোযোগের ঘাটতির সমস্যা নিয়ে অনেক শিক্ষার্থী এখানে আসে। এমনিতেই রুয়েটের শিক্ষার্থীদের প্রচুর পড়াশোনা করতে হয়। একবার পিছিয়ে পড়লে তার পক্ষে কাটিয়ে ওঠা খুব কঠিন। কারও কারও স্মরণশক্তির সমস্যা। আবার অনেকেই মনে করে সে আর পারবে না। অথচ তার সব সক্ষমতা আছে। মন থেকে এই নেতিবাচক চিন্তা দূর করার জন্যই বৈজ্ঞানিক পদ্ধতি প্রয়োগ করতে হয়। শুধু মুখে বললে কাজ হয় না। অনেকের জীবনযাত্রার ধরনের মধ্যে ত্রুটি থাকে। মুঠোফোন আসক্তি, ঘুমের সমস্যা, এগুলোও এখনকার ছেলেমেয়েদের ভোগায়। বলতে না পারার কারণে অনেক শিক্ষার্থীর ব্যক্তিগত জীবনে নানা সমস্যা হয়, বিশেষ করে প্রথম বর্ষে যারা পড়ে। কাউন্সেলিংয়ের বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে এগুলো থেকে উত্তরণ ঘটাতে সাহায্য করা হয়। যেমন মানসিক চাপ কমানোর জন্য রিলাক্সেশনের চর্চা, “না” বলতে শেখার জন্য সামাজিক দক্ষতার প্রশিক্ষণ, মনোযোগ বাড়াতে ও মনের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য মাইন্ডফুলনেস শেখানো ইত্যাদি।’
তানজির মনে করেন, ‘জীবনে জটিলতা আসবে, চাপ আসবে, সিদ্ধান্তহীনতায় পড়তে হবে, আত্মবিশ্বাসের অভাব হবে। কিন্তু এগুলো আমাদের কাটিয়ে ওঠা শিখতে হবে।’