‘সুযোগ পেলে লেখাপড়ার যে নিয়ম বদলে দিতাম’ — এই বিষয়ে শিক্ষার্থীদের কাছ থেকে লেখা আহ্বান করেছিলাম আমরা। পড়ুন নির্বাচিত লেখাগুলোর মধ্য থেকে একটি।

বিশ্ববিদ্যালয়ে একেক বিভাগে একেক বিষয় পড়ানো হলেও জীবনের কিছু মৌলিক দিক থেকে আমরা সবাই এক। তবে মানুষ হিসেবে আমরা ভিন্ন। কেউ অন্তর্মুখী, কেউ বহির্মুখী। তাই সবাই সবার প্রয়োজন, আগ্রহ, ইচ্ছা সমানভাবে প্রকাশ করতে পারি না। প্রত্যাশা আর প্রাপ্তির ফারাকের কারণেই আমাদের মধ্যে হতাশা, অবসাদ ভর করে। অনেকটা সময় পার করে গিয়ে মনে হয়, এটা ওভাবে করা যেত, অমনটা হলেও হতো, এভাবে কেন চিন্তা করিনি! এ আফসোস নেই, এমন শিক্ষার্থী খুঁজে পাওয়া দুষ্কর!
জীবনের সরু নদীপথগুলো অতিক্রম করে আমরা বিশ্ববিদ্যালয়ের মতো গভীর সমুদ্র এসে পড়ি। যেখানে প্রবল উদ্যমে নিজেকে মেলে ধরার সুযোগ যেমন আছে, তেমনি তলিয়ে যাওয়ার ভয়ও আছে। কারও কাছে এ জীবন হয় সুবর্ণ সুযোগ আবার কারও কাছে এটাই ‘কালো অধ্যায়’। আমার অনেক সহপাঠীই যেমন আফসোস করে, কেন প্রথম বর্ষ থেকেই একাডেমিক পড়াশোনায় মনোযোগী হইনি, শুরুতেই যদি সুপরামর্শক হিসেবে কাউকে পেতাম। এ আক্ষেপ, এ দীর্ঘশ্বাস যেন না হয় বা কম হয়, সে জন্য যদি শিক্ষাজীবনের শুরুতেই কিছু নির্দেশনা পাওয়া যেত, তাহলে খুব ভালো হতো। সময়ের সঠিক ব্যবহার, ক্যারিয়ারের সুপরিকল্পনা, অর্থের সুব্যবস্থাপনা, বন্ধু নির্বাচন, আত্মবিশ্বাসী কীভাবে হতে হয়, ভুল থেকে কীভাবে শিক্ষা নিতে হয়, প্রয়োজনীয় দক্ষতা কোনগুলো, যেকোনো প্রতিকূল পরিস্থিতি থেকে বের হওয়ার উপায়—এসব নির্দেশনা পেলে হয়তো জীবনটাই পাল্টে যেত। তাই সুযোগ পেলে আমি পড়াশোনার মৌলিক বিষয়গুলোর পাশাপাশি ‘লাইফ হ্যাকস’ নামে একটি বিষয় অন্তর্ভুক্ত করতাম।