দেশের মানুষ

মন ভালো করার কারিগর

ফেসবুক থেকে ইউটিউব, এ মুখ থেকে ও মুখ—মাঝখানে চারদিকে বেশ কিছুদিন ঘুরছে একটা বাক্য; ‘আসকে আমার মন ভালো নেই’। চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় এমন সংলাপ গেঁথে রীতিমতো ভাইরাল একটা ফোনালাপ। তিন মিনিট এক সেকেন্ডের সেই ফোনালাপে দুটি চরিত্র। একজনকে বলতে শোনা যায়, ‘আসকে আমার মন ভালো নেই।’ অপরজন বলেন, ‘মন ভালা ন থাইলে এন্ডে আই যা দোয়ানত, আড্ডা মাইরগুম’।

১৪ জুন সন্ধ্যায় এই ফোনালাপটি ‘চিটাইংগে টিভি’ নামের ইউটিউব চ্যানেলে ছাড়া হয়। এর পরই ছড়িয়ে পড়ে সামাজিক যোগযোগ মাধ্যমে। তবে অন্তর্জালেই থেমে থাকেনি। পৌঁছে গেছে চায়ের আড্ডা, পরীক্ষার খাতা থেকে রাজনীতিবিদদের মুখে মুখে।

কাজী হান্নান আহমেদকে সবাই উৎস নামে চেনেন

ফোনালাপে যিনি বলে গেছেন বারবার, ‘আসকে আামার মন ভালো নেই’, তিনি হলেন কাজী হান্নান আহমেদ ওরফে উৎস। থাকেন চট্টগ্রামের দেওয়ানবাজার এলাকায়। সাবেক সেনা সদস্য (করপোরাল) কাজী আবদুল মান্নান ও গৃহিনী সাজেদা বেগমের একমাত্র সন্তান তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইউটিউবে নিয়মিত কনটেন্ট বানানোর কাজ করেন এ যুবক। পাশাপাশি ‘চিটাইংগে টিভি’ পেজের পরিচালক। যাঁরা এ পরিচয়েও চিনতে পারলেন না, তাঁদের জন্য আরও একটা চমক রয়েছে। একই চ্যানেলে রং মিস্ত্রি শইপ্যা, তৈ আই কিত্তাম—এ দুটি মজার ফোনালাপও তাঁর বানানো। আর এসব কনটেন্ট তৈরিতে ছায়ার মতো লেগে ছিলেন তিনি হলেন ফাহাদ বিন ওয়াহিদ। ফাহাদ সম্পর্কে উৎসের চাচাতো ভাই।

মূলত এ দুজন মিলেই চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কনটেন্ট তৈরি করেন। অনেকেই এসব কনটেন্ট পছন্দ করেছেন। আবার অনেকেই এসব দেখে কটু মন্তব্য করেছেন। উৎসব জানালেন, অনেক মানুষই তাঁদের কনটেন্ট পছন্দ করেছেন। ফেসবুকে শেয়ার দিয়েছেন। ২৫ আগস্ট পর্যন্ত তাঁদের আলোচিত কনটেন্টটি ইউটিউবে প্রায় ৫৪ লাখ বার দেখা হয়েছে। এ ছাড়া নানা জন ভিন্ন ভিন্ন পেজে কনটেন্টটি অসংখ্যবার আপলোড করেছে। শুধু এটি নয়, তাঁদের সব কনটেন্টের বেলায় এমনটা হয়েছে। পছন্দ করেছেন এমন মানুষ বেশি।

ফাহাদ বিন ওয়াহিদ

শুরুর গল্প

ছোটবেলা থেকেই কোনো কাজে মন বসত না টগবগে তরুণ কাজী হান্নান আহমেদের। সদা চঞ্চল এ তরুণ উচ্চমাধ্যমিকের গণ্ডি পেরিয়ে ভর্তি হয়েছিলেন নগরের প্রিমিয়ার ইউনিভার্সিটিতে। সেখানে মাস খানেক পড়াশোনা চালিয়েছিলেন ঠিকই, তবে আর এগোতে পারেননি। পরে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়েও ভর্তি হন। কিন্তু তাতেও রণে ভঙ্গ দেন। পরে ইন্টারনেট দুনিয়ার জন্য কনটেন্ট বানানোর কাজে নেমে পড়েন।

উৎস প্রথম আলোকে বলেন, সালটা ২০১৮। কোনো কাজে থিতু হতে না পেরে চিটাইঙ্গা টিভি নামের একটা ইউটিউব চ্যানেল খুলি। প্রথম কনটেন্টেই মানুষের দারুণ সাড়া মেলে। অবশ্য অনেকে পছন্দও করেননি। তবে কারও কথা শুনিনি। নিজের মতো করেই কনটেন্ট তৈরি করেছি।

উৎস জানালেন, তাঁর কাজের শুরুটা হয় ‘প্রমাণ আছে’ প্র্যাংক কলের মাধ্যমে। নিছক দুষ্টামি থেকেই এটি তৈরি করেন তিনি। পরে কনটেন্টটি শেয়ার করেন তাঁর বন্ধুদের সঙ্গে। এরপর ছড়িয়ে পড়ে ইন্টারনেটে। ধাপে ধাপে খোলেন ফেসবুক পেজ। ইউটিউবে তৈরি করেন চিটাইঙ্গা টিভি চ্যানেল। তাঁর ফেসবুক পেজে বর্তমানে ৫ লাখের বেশি ফলোয়ার রয়েছে।

স্বপ্ন এখন ‘ডরাইল্লা ভূত’

শুধু প্র্যাংক কলের মাধ্যমে নেটিজেনদের মন ভালো করেন উৎস—এমনটা ভাবার আর সুযোগ নেই। এবার তিনি হাজির হচ্ছেন ‘ডরাইল্লা ভূত’ শিরোনামের নাটক নিয়ে। ভৌতিক ঘরানার নাটকটি দর্শকদের মন জয় করবে এমনটাই প্রত্যাশা উৎসের। আগামী মাসে তাঁরা নাটকটি দর্শকদের জন্য মুক্তি দেবেন বলে ঠিক করেছেন। উৎস বলেন, নাটকটির বাজেট ছিল চার লাখ টাকা। চট্টগ্রাম ও রাজশাহীতে নাটকের শুটিং হয়েছে। ২২ জনের দল নিয়ে তাঁরা এটি তৈরি করেছেন। এখন স্বপ্ন শুধু নাটকটি ঘিরে।