অভিযোগ ছাড়া কাউকে আটক করা হয়নি: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক বলেছেন, সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া বিএনপির কাউকে আটক করা হয়নি। ভাঙচুর, পথচারীদের ওপর হামলাসহ অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি থেকে বিরত রাখতেই আইনশৃঙ্খলা বাহিনী এ ব্যবস্থা নিয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সেভাবেই নির্দেশনা দেওয়া হয়েছে। হরতাল প্রতিহতের কোনো ইচ্ছা থেকে এটা করা হয়নি। আজ রোববার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।প্রতিমন্ত্রী বলেন, বিএনপি গতকাল রাতে ৮ থেকে ১০টি গাড়িতে আগুন দিয়েছে। জাতি বিএনপির কাছ থেকে এটা আশা করেনি। তিনি বলেন, ‘এ সরকারের আমলে দুটি নিরপেক্ষ নির্বাচন হয়েছে। আইনশৃঙ্খলা ভালো। আর বিদ্যুত্-গ্যাসের সংকট তো আপনাদেরই সৃষ্টি।’ যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত করতে এ হরতাল ডাকা হয়েছে বলে তিনি মন্তব্য করেন।