নির্যাতিত নারীর সেবা প্রদানে বাংলাদেশের কোনো উপজেলায় সরকারি পর্যায়ে কোনো ব্যবস্থা নেই। নির্যাতিত নারীরা যাতে চিকিৎসাসেবা নেওয়ার পাশাপাশি আইনি সহায়তা পেতে পারেন, সে জন্য টঙ্গিবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকা মেডিকেল কলেজে স্থাপিত ওসিসির মধ্যে একটি সমন্বিত নেটওয়ার্ক প্রতিষ্ঠা ও কার্যকর করা, নির্যাতনের শিকার নারীদের মানসম্মত সেবা প্রদান নিশ্চিত করার লক্ষ্য সামনে রেখে এই প্রকল্পের কাজ এগিয়ে যাচ্ছে বলে জানান স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুব হোসেন। বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি) কর্তৃক আয়োজিত ম্যাট-২ ওয়ার্কশপের ২৯তম ব্যাচের সদস্যরা মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে ডাচ্-বাংলা ব্যাংকের সহায়তায় ‘মেকিং উপজেলা হেলথ কমপ্লেক্স মোর রেসপনসিভ টু ভিকটিমস অব ভায়োলেনস অ্যাগেইনস্ট ওমেন: এ মডেল পাইলট ইন টঙ্গিবাড়ী, মুন্সিগঞ্জ’ শীর্ষক একটি প্রকল্প বাস্তবায়ন করেছে। এর আওতায় টঙ্গিবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নির্যাতিত নারীকে প্রয়োজনীয় স্বাস্থ্য, পুনর্বাসন ও অন্যান্য সেবা প্রদান নিশ্চিত করার লক্ষ্যে গত ২৮ এপ্রিল থেকে সেবা প্রদান কার্যক্রম শুরু হয়েছে। ১০ জুন এই প্রকল্পের আওতায় মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওয়ার্কশপ ও প্রচারণা শোভাযাত্রার আয়োজন করা হয়। নির্যাতিত নারীকে সেবা দেওয়ার পাশাপাশি গোপনীয়তা রক্ষা করে আইনি সহায়তা দেওয়ার লক্ষ্যে সেদিন এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আলাদা সেবাদান কক্ষ উদ্বোধন করেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব তারিক-উল-ইসলাম।