দেশের ১৫টি চিনিকলে আখচাষিদের জন্য আনুষ্ঠানিকভাবে ডিজিটাল পূর্জি পদ্ধতির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার সকালে প্রধানমন্ত্রী তাঁর কার্যালয় থেকে মুঠোফোনের মাধ্যমে বেশকিছু আখচাষিকে খুদেবার্তা পাঠিয়ে যুগান্তকারী এ পদ্ধতির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।পূর্জি হচ্ছে আখচাষিদের উত্পাদিত আখ চিনিকলে বিক্রির অনুমতিপত্র। এখন থেকে এ পদ্ধতির মাধ্যমে আখচাষিরা চিনিকলের সংগ্রহ কেন্দ্রগুলোর সরবরাহ আদেশ মুঠোফোনের খুদেবার্তার মাধ্যমে আখ সরবরাহ ও বিক্রি করতে পারবেন।পূর্জি পদ্ধতির উদ্বোধনকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘পূর্জি পদ্ধতি চালুর ফলে সব ধরনের অনিয়ম ও দুর্নীতি স্থায়ীভাবে বন্ধ হবে এবং মধ্যস্বত্বভোগীর দৌরাত্ম্য আর থাকবে না। এ ছাড়া গরিব চাষির ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলার সুযোগও বন্ধ হবে।’বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প সংস্থা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের এ টু আই (অ্যাকসেস টু ইনফরমেশন) কর্মসূচি যৌথভাবে এই ই-পূর্জি ব্যবস্থা চালুর উদ্যোগ নেয়। গত বছর ফরিদপুর ও মোবারকগঞ্জে এ বিষয়ে একটি পাইলট প্রকল্পও নেওয়া হয়।এ সময়ে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া এ টু আইয়ের জাতীয় প্রকল্প পরিচালক মো. নজরুল ইসলাম খান, বিএসএফআইসির চেয়ারম্যান রঞ্জিত কুমার বিশ্বাস, বাংলাদেশে ইউএনডিপির আঞ্চলিক প্রতিনিধি স্টিফান প্রিজনার ও আখচাষি মো. আকরাম হোসেন মিয়া উপস্থিত ছিলেন। বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন (বিএসএফআইসি) এবং ইউএনডিপি যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। —বাসস।