আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশে গতকাল রোববার রাতে সন্দেহভাজন তালেবান জঙ্গিদের এক হামলায় কমপক্ষে ১০ আফগান সেনা নিহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি অনলাইন এ খবর জানিয়েছে। হেলমান্দ প্রদেশের ওয়াসির জেলার একটি নিরাপত্তা তল্লাশিকেন্দ্রে তালেবান জঙ্গিরা হামলা চালালে এ প্রাণহানি ঘটে। এ হামলায় আরও চার সেনা আহত হয়েছেন এবং পাঁচজন নিখোঁজ। নিখোঁজ সেনাদের অপহরণ করা হয়েছে, নাকি তাঁরা স্বেচ্ছায় হামলাকারীদের সঙ্গে চলে গেছেন, তা পরিষ্কার নয়।