দক্ষিণ আফগানিস্তানের কান্দাহারে পৃথক পাঁচটি বোমা বিস্ফোরণে শিশুসহ কমপক্ষে নয়জন নিহত এবং ২০ জনেরও বেশি আহত হয়েছে। গতকাল মঙ্গলবার গভীর রাতে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বিবিসি অনলাইন।প্রথম বোমা বিস্ফোরণের ঘটনাটি ঘটে কান্দাহারের পাঞ্জওয়াই জেলার একটি ব্যস্ত রাস্তায়। বিস্ফোরণের পর পুলিশ ও উত্সুক জনতা ঘটনাস্থলে ভিড় করলে সেখানে পরপর চারটি বিস্ফোরণের ঘটনা ঘটে। নিহতদের অধিকাংশই সাধারণ জনগণ।এ বিস্ফোরণের দায়দায়িত্ব এখনো কেউ স্বীকার না করলেও আফগান সরকারের পক্ষ থেকে এ ঘটনার জন্য তালেবানকে দায়ী করা হয়েছে। উল্লেখ্য, গত সোমবার কান্দাহারেই একটি পুলিশ ফাঁড়িতে পরপর তিনটি বোমা বিস্ফোরণে চার আফগান পুলিশ সদস্য নিহত হন।প্রসঙ্গত, আফগান-ন্যাটো বাহিনী সাম্প্রতিক সময়ে এ এলাকা থেকে তালেবান জঙ্গিদের উৎখাত করতে অভিযান অব্যাহত রেখেছে।