আফগানিস্তানের উত্তরাঞ্চলের সামাগান প্রদেশে আজ শনিবার এক আত্মঘাতী বোমা হামলায় দেশটির পার্লামেন্টের একজন সদস্যসহ অন্তত ২২ ব্যক্তি নিহত ও ৪০ জন আহত হয়েছে। প্রাদেশিক গভর্নর ও পুলিশের এক কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্সে প্রকাশিত খবরে এ কথা জানানো হয়। দেশটির প্রভাবশালী রাজনীতিবিদ ও পার্লামেন্ট সদস্য আহমেদ খান সামানগানির মেয়ের বিয়েতে এ হামলার ঘটনা ঘটে। বিস্ফোরণে হামলাকারীর দেহ ছিন্নভিন্ন হয়ে যায়।এ ঘটনায় প্রদেশটির গোয়েন্দা প্রধান মোহাম্মদ খান নিহত হয়েছেন। আহতদের মধ্যে সিনেট সদস্য ও পার্লামেন্টের সদস্যরা রয়েছেন। আফগানিস্তানের পূর্বাঞ্চলে নারীবিষয়ক আঞ্চলিক প্রধান হানিফা সাফি গাড়ি বোমা হামলায় নিহত হওয়ার এক দিন পরই এ ঘটনা ঘটল।