আফগানিস্তানে বোমা হামলায় নিহত ১৬

আফগানিস্তানের উত্তরাঞ্চলের পারওয়ান প্রদেশের গভর্নর ভবনে আজ রোববার বন্দুকধারী এবং আত্মঘাতী বোমা হামলাকারীদের হামলায় কমপক্ষে ১৬ ব্যক্তি নিহত ও ২৯ জন আহত হয়েছে। পারওয়ান প্রাদেশিক হাসপাতালের প্রধান চিকিৎসকের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।পারওয়ান প্রাদেশিক হাসপাতালের প্রধান চিকিৎসক মোহাম্মদ আসিফ জানান, ‘এখন পর্যন্ত আমরা ১৬ জনের মৃতদেহ ও ২৯ জন আহত ব্যক্তিকে পেয়েছি। নিহতদের অধিকাংশই সরকারি কর্মচারী।’পারওয়ান প্রদেশের গভর্নর আবদুল বশির সালাঙ্গি জানিয়েছেন, প্রায় ছয়জন আত্মঘাতী বোমা হামলাকারী ও বন্দুকধারী আজ রোববার দুপুরের দিকে প্রাদেশিক ভবনে হামলা চালায়। এ সময় তাঁরা ভবনের ভেতর সভা করছিলেন। এক প্রত্যক্ষদর্শী জানিয়েছে, গভর্নরের ভবনে হামলার পরপরই ব্যাপক গোলাগুলি ও বিস্ফোরণের শব্দ শোনা গেছে।