তিনজন নিরস্ত্র সাধারণ আফগান নাগরিককে হত্যার অপরাধে একজন মার্কিন সেনার ২৪ বছরের কারাদণ্ড হয়েছে। গতকাল বুধবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে একটি সামরিক আদালত এ রায় দেন।কারাদণ্ড পাওয়া সেনা কর্মকর্তার নাম জেরেমি মরলক (২৩)। তিনি আলাস্কার ওয়াসিরার সেনাবিশেষজ্ঞ। গত বছর আফগানিস্তানে দায়িত্ব পালনকালে তিনি এ হত্যাকাণ্ড ঘটান।সামরিক আদালতের বিচারকের প্রশ্নে জবাবে মরলক তিন আফগান নাগরিককে হত্যার দায় স্বীকার করেন। তিনি বলেন, ‘আমি জানি আমি ভুল করেছি।’ এ সপ্তাহে জার্মানির একটি পত্রিকায় আফগানিস্তানে দায়িত্ব পালনকালে মরলকের বিভিন্ন অপরাধের বেশ কিছু ছবি প্রকাশিত হয়।গত ১০ বছরের আফগান যুদ্ধে মার্কিন বাহিনীর বিরুদ্ধে অসংখ্য নিরীহ মানুষ হত্যার অভিযোগ উঠেছে। এ ধরনের অভিযোগের পরিপ্রেক্ষিতে মরলকের কারাদণ্ডের ঘটনাটিই সবচেয়ে উল্লেখযোগ্য।