দেশের শেয়ারবাজারে সপ্তাহের তৃতীয় দিন আজ মঙ্গলবারও দরপতন ঘটেছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ মূল্যসূচক কমেছে ৪৯ পয়েন্ট। ঢাকার বাজারে লেনদেন হওয়া বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বাড়ার পরও মূল্যসূচক ছিল ঋণাত্মক। ডিএসইর কর্মকর্তারা জানিয়েছেন, গ্রামীণফোনের দর কমার প্রভাবেই মূলত মূল্যসূচকে নেতিবাচক প্রভাব পড়েছে। জানা গেছে, এই দিন গ্রামীণফোনের দর প্রায় ১০ টাকা কমে যাওয়ার ফলে সাধারণ সূচক কমেছে প্রায় ৩৪ পয়েন্ট। একই সঙ্গে ডিএসইর লেনদেনের পরিমাণও আগের দিনের চেয়ে কমে ৬০০ কোটি টাকার নিচে নেমে এসেছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক কমেছে ১৩০ পয়েন্ট। ঢাকার বাজারের মতো সিএসইতেও লেনদেন কমেছে।আগের দিনের মতো গতকালও ডিএসইর সাধারণ মূল্যসূচকে কিছুটা ওঠানামা ঘটেছে। এই দিন সাধারণ সূচকের সর্বোচ্চ ও সর্বনিম্ন অবস্থানের মধ্যকার ব্যবধান ছিল ৮৬ পয়েন্টের। ঢাকার বাজারে এই দিন ২৬৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১২৭টিরই দাম বেড়েছে, কমেছে ১১৯টির আর অপরিবর্তিত ছিল ২৩টি কোম্পানির শেয়ারের দাম। দিন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক কমে দাঁড়িয়েছে প্রায় চার হাজার ২৯২ পয়েন্টে। লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৫৮১ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ৪৯ কোটি টাকা কম। লেনদেনের শীর্ষ পাঁচ কোম্পানির তালিকায় ছিল যথাক্রমে ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস, আরএন স্পিনিং, মেঘনা পেট্রোলিয়াম, বাংলাদেশ সাবমেরিন কেবলস ও বেক্সিমকো লিমিটেড। চট্টগ্রামের বাজারে এই দিন ১৯৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে দাম বেড়েছে ৮৭টির, কমেছে ৯৭টির আর অপরিবর্তিত ছিল ১২টির দাম। দিন শেষে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৬৫ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে প্রায় সাত কোটি টাকা কম। সিএসইর সার্বিক মূল্যসূচক কমে দাঁড়িয়েছে ১২ হাজার ৯৬৭ পয়েন্টে।