ইরাকের বাকুবা শহরের প্রাদেশিক পরিষদ ভবনে আজ মঙ্গলবার বন্দুকধারীদের গুলিতে কমপক্ষে আট ব্যক্তি নিহত এবং ২৭ জন আহত হয়েছেন। কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।কর্মকর্তারা জানিয়েছেন, ভবনটির বাইরে এক আত্মঘাতী বোমা হামলাকারী নিজেকে উড়িয়ে দেয়। এ সময় একটি গাড়ি বোমাও বিস্ফোরিত হয়। এর পরপরই বন্দুকধারীরা প্রাদেশিক পরিষদ ভবনে হামলা চালায়। এ সময় সেখানে প্রাদেশিক পরিষদের সাপ্তাহিক সভা চলছিল।পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, বন্দুকধারীরা এখনো ভবনটির মধ্যে অবস্থান করছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।