দেশের উত্তরাঞ্চলের ১১৭টি উপজেলার উন্নয়নে দুই হাজার ৭০৫ কোটি টাকার প্রকল্প অনুমোদন করা হয়েছে। স্থানীয় সরকার সচিব আবুল আলম মোহাম্মদ শহিদ খান এ কথা জানিয়েছেন।আজ মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলোচনার সময় তিনি এ তথ্য জানান।স্থানীয় সরকার সচিব আরও জানান, নর্দান বাংলাদেশ ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট প্রজেক্ট নামে ওই উন্নয়ন প্রকল্পে ১৮টি পৌরসভাকে দরিদ্র এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব এলাকায় উন্নয়নকাজ করা হবে। এ ছাড়া প্রকল্পের আওতাভুক্ত এলাকাগুলোর মধ্যে রয়েছে ঢাকা বিভাগের ৫৯টি উপজেলা ও রংপুর বিভাগের ৫৮টি উপজেলা। দেশের উত্তরাঞ্চলের ১৪ জেলায় অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানোই এই প্রকল্পের উদ্দেশ্য। সচিব জানান, এ প্রকল্পের ব্যাপারে ১০ মার্চ জাইকার সঙ্গে চুক্তি হবে। ওই মাস থেকেই প্রকল্পের কাজ শুরু হবে।