উত্তরাঞ্চলে মৃদু ভূকম্পন

পঞ্চগড়, দিনাজপুরসহ উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় আজ বুধবার সকাল পাঁচটা ৪০ মিনিট ১৩ সেকেন্ডে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। চার দশমিক আট তীব্রতার এ ভূকম্পনটি ২০-২৫ সেকেন্ড স্থায়ী হয়। তবে এতে কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ঢাকা ভূ-পর্যবেক্ষণাগারের আবহাওয়াবিদ সানাউল হক প্রথম আলো অনলাইনকে বলেন, ‘এ ভূমিকম্পের উত্পত্তিস্থল ছিল ঢাকা থেকে ৩৫৫ কিলোমিটার দূরে নেপাল-ভারত সীমান্তে। এ কারণে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে বেশি ভূকম্পন অনুভূত হয়েছে।’ স্থানীয় লোকজন জানায়, আজ ফজরের নামাজের সময় হঠাত্ করেই মাটি কেঁপে ওঠে। এ সময় পুকুরের পানি ওপরে উঠে আসে। পঞ্চগড়ের জেলা প্রশাসক মো. তোফাজ্জল হোসেন মিয়া জানান, ভূমিকম্পে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে কি না, সে ব্যাপারে তিনি খোঁজখবর নিচ্ছেন।