জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) আজ মঙ্গলবার প্রায় এক হাজার ৩১৫ কোটি টাকার সাতটি উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে। এর মধ্যে ১৬৬ কোটি টাকার প্রকল্প সাহায্য রয়েছে।প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় এ অনুমোদন দেওয়া হয়। খবর বাসসের।অনুমোদিত প্রকল্পগুলো হলো সড়ক ও রেলপথ বিভাগের রায়পুরা-নরসিংদী-মদনগঞ্জ সড়ক (রায়পুরা-নরসিংদী অংশ) নির্মাণ প্রকল্প; সড়ক ও রেলপথ বিভাগের পরিবহনযোগ্য ইস্পাত সেতু সংগ্রহ/স্থাপন (দ্বিতীয় পর্যায়, দ্বিতীয় সংশোধিত) প্রকল্প; সড়ক ও রেলপথ বিভাগের বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের ফৌজদারহাট-সিজিপিওয়াই-এসআরভি-চট্টগ্রাম সেকশনের পুনর্বাসন (প্রথম সংশোধিত) প্রকল্প; প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে বেপজার চট্টগ্রাম ইপিজেডে একতলা কারখানা ভবনের স্থলে চারতলা কারখানা ভবন নির্মাণ প্রকল্প; মত্স্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের টিকা উত্পাদন প্রযুক্তি আধুনিকায়ন ও গবেষণাগার সম্প্রসারণ প্রকল্প (প্রথম সংশোধিত); সড়ক ও রেলপথ বিভাগের পার্বত্য চট্টগ্রাম জেলাগুলোর ছয়টি সড়ক নির্মাণ/উন্নয়ন প্রকল্প (দ্বিতীয় সংশোধিত) এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের পাবনা জেলার সুজানগর উপজেলার গাজনার বিলের সংযোগ নদীখনন, সেচ সুবিধার উন্নয়ন এবং মত্স্য চাষ প্রকল্প।সভায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন, বাণিজ্যমন্ত্রী ফারুক খান, যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন, নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, মত্স্য ও প্রাণীসম্পদমন্ত্রী আবদুল লতিফ বিশ্বাস এবং উপদেষ্টা এইচ টি ইমাম, মোদাচ্ছের আলী ও আলাউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।সভায় মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্যসচিব, পরিকল্পনা সচিব, পরিকল্পনা কমিশনের সদস্য, সংশিষ্ট মন্ত্রণালয়গুলোর সচিব এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।