হ্যাঁ, বিয়ে তিনি করবেন বটে, তবে এখনই নয়। ২০০৮ সালের অস্কারজয়ী স্লামডগ মিলিয়নিয়ার ছবির তারকা দেব প্যাটেল এ কথা বলেছেন তাঁর বিয়ের গুঞ্জনের পরিপ্রেক্ষিতে। ড্যানি বয়েলের ওই ছবির সেটেই বলিউড ও হলিউড তারকা ফ্রিদা পিন্টোর সঙ্গে দেব প্যাটেলের পরিচয়। তখন থেকেই তাঁদের প্রেম ও বিয়ে নিয়ে একের পর এক গুঞ্জন চলছে। আর এসব ঝাপটা সামলাতে হচ্ছে দেব প্যাটেলকে। ২০১০ সালে একবার খবর রটেছিল, তাঁদের বাগদান হয়েছে। পরে খবরের সত্যতা অস্বীকার করেন দেব। হালে চাউর হয়েছে, তাঁরা বিয়ের পরিকল্পনা নিয়েছেন। এ ব্যাপারে দেব বলেন, ‘আমার বয়স তো মাত্র ২১ বছর! এখনই বিয়ে কিসের!’ ডেইলি এক্সপ্রেস-এ প্রকাশিত খবরে দেব প্যাটেলের যে উদ্ধৃতি দেওয়া হয়, এতে উল্লেখ রয়েছে, ‘আমাদের নিয়ে কত কথাই না রটছে! কিন্তু না, আমরা স্রেফ কঠোর পরিশ্রম করে যাচ্ছি।’ ওয়েবসাইট।