সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (এসইসি) আরও দুজন সদস্য নিয়োগ দেওয়া হয়েছে। তাঁদের একজন হলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো. আমজাদ হোসেন ও অন্যজন হলেন আইডিএলসি ফিন্যান্সের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক ( ডিএমডি) আরিফ খান।আজ রোববার অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে দুজনকে নিয়োগ দিয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। অন্যান্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম সম্পর্ক পরিত্যাগ করার শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছরের জন্য তাঁদের এসইসির সদস্য পদে নিয়োগ দেওয়া হয়। প্রসঙ্গত, নতুন নিয়োগপ্রাপ্ত এ দুজনসহ এসইসির সদস্য এখন তিনজন। এর আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হেলাল উদ্দিন নিজামিকে এসইসির সদস্যপদে নিয়োগ দেওয়া হয়।